অর্থমন্ত্রক
ভারতের সার্বভৌম ঋণমান আরও উন্নত করল জাপান ক্রেডিট রেটিং এজেন্সি
প্রকাশিত:
02 SEP 2026 6:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা ও স্থানীয় মুদ্রার 'ইস্যুয়ার রেটিং'কে 'BBB+' থেকে উন্নীত করে 'A-' করার ক্ষেত্রে 'জাপান ক্রেডিট রেটিং এজেন্সি' (জেসিআর)-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। এছাড়া, জেসিআর ভারতের 'কান্ট্রি সিলিং'-ও এক ধাপ বাড়িয়ে 'A' করেছে। এই রেটিং বৃদ্ধি ভারতের বলিষ্ঠ অর্থনৈতিক অগ্রগতি, অগ্রগতির ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে আর্থিক নীতিসমূহের কার্যকারিতা এবং আর্থিক ব্যবস্থার উন্নত ও সুদৃঢ় অবস্থাকে প্রতিফলিত করছে। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সর্বশেষ জিডিপি বৃদ্ধির হার অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশের মত শক্তিশালী অবস্থানে ছিল। বর্তমানে বিশ্বজুড়ে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অগ্রগতির এই ধারা অব্যাহত ছিল এবং প্রকৃত জিডিপি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের অনুকূল নীতিসমূহের ধারাবাহিক বাস্তবায়নের বিষয়টিকেও গুরুত্বের সাথে তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল গণ পরিকাঠামোর উন্নয়ন এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থা কার্যকর করা, যা ভারতের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
সংস্থাটি সরকারি ব্যয়ের গুণগত মানের উন্নতির বিষয়টিও স্বীকার করেছে, যেখানে মূলধনী ব্যয়ের ওপর, বিশেষ করে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জেসিআর উল্লেখ করেছে যে, মূলধনী ব্যয় উচ্চ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের রাজকোষ ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে ৪.৭ শতাংশ থেকে কমে ৪.৪ শতাংশে নেমে এসেছে।
এছাড়া, জেসিআর ভারতের সামগ্রিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও সক্ষমতা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির বিষয়টিও তুলে ধরেছে। দেউলিয়া ও ঋণখেলাপি বিষয়ক আইন প্রণয়ন, সরকারের পক্ষ থেকে মূলধন জোগান এবং আরবিআই-এর কঠোর তদারকির ফলে ব্যাঙ্কিং ক্ষেত্রের সম্পদের গুণমান শক্তিশালী হয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে পর্যাপ্ত মূলধন এবং মুনাফা অর্জনের সক্ষমতাও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ব্যাঙ্কিং-বহির্ভূত আর্থিক ক্ষেত্রে সম্পদের গুণমান এবং মূলধনের পর্যাপ্ততারও উন্নতি ঘটেছে, যা সামগ্রিক আর্থিক ব্যবস্থাকে আরও মজবুত করেছে।
স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের তুলনায় অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রার মজুত থাকায় বাহ্যিক কোনও আঘাত বা সঙ্কটের বিরুদ্ধে ভারত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। বিশ্বব্যাপী এক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ভারতের এই রেটিং উন্নীত করা হয়েছে;
এই সাফল্যের পিছনে রয়েছে – ধারাবাহিক অগ্রগতি, ফলপ্রসূ আর্থিক নীতি, উন্নত রাজস্ব ব্যবস্থা এবং একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থা।
এর আগেও গত এক বছরে
প্রধান আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলি ভারতের সার্বভৌম রেটিং উন্নীত করেছিল। ‘মর্নিংস্টার ডিবিআরএস’ ২০২৫ সালের মে মাসে ভারতের সার্বভৌম রেটিং উন্নীত করে; এরপর অগাস্ট মাসে ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং’ এবং সেপ্টেম্বর মাসে জাপানের ‘রেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনফরমেশন, ইনকর্পোরেটেড’ একই পদক্ষেপ নিয়েছিল।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2306274)
ভিজিটরের কাউন্টার : 2