শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের পৌরোহিত্যে ভারতে তথ্য কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থাপনায় মানোন্নয়নের জন্য সহজে ব্যবসা বাণিজ্য করার বিষয়ে বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: 02 SEP 2026 4:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর ২০২৬

 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ডেটা সেন্টার বা তথ্য কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে আদর্শ স্থান। তিনি আজ নতুন দিল্লির বাণিজ্য ভবনে বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে পৌরোহিত্য করছিলেন। মন্ত্রী বলেন, ডেটা সেন্টার বা তথ্য কেন্দ্রের শিল্পের সঙ্গে যুক্ত স্টেকহোল্ডারদের এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতে সহজে ব্যবসা-বাণিজ্য করার বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পেয়েছে। 

 

বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থির পরিবেশের মধ্যেও বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের বিকাশ হার ৭.৮ শতাংশ। মন্ত্রী বলেছেন, দেশের জনসাধারণ এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্বের কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। অমৃতকালে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে প্রত্যেক দেশবাসী সংকল্পবদ্ধ হয়েছেন। তিনি তথ্য কেন্দ্র এবং সেমিকন্ডাক্টার শিল্পের সম্ভাবনার দিকগুলি উল্লেখ করেন। কৃত্রিম মেধায় ভারতের দক্ষতার ফলে আগামীদিনে দেশ সারা বিশ্বের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে। ২০৪৭ সালের মধ্যে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। বৈঠকে ক্লাউড এবং কৃত্রিম মেধার ক্রমবর্ধমান প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে আরও সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

 

 

 

SC/CB/AS


(রিলিজ আইডি: 2306078) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil