গ্রামোন্নয়নমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান মুম্বাইতে ব্যাঙ্ক ও রাজ্য গ্রামীণ জীবিকা মিশনগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন
প্রকাশিত:
02 SEP 2026 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬
গ্রামীণ এলাকায় সম্প্রদায়-ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সেগুলিকে সুস্থিত জীবিকার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে গ্রামোন্নয়ন মন্ত্রক ভারত সরকারের অগ্রণী কর্মসূচি 'দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন'-এর বাস্তবায়ন করছে। গত দেড় দশকে, এই মিশন ১০ কোটিরও বেশি গ্রামীণ মহিলাকে ৯৩ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশনের আওতায় একত্রিত করেছে। এই যাত্রায় ব্যাঙ্কিং ক্ষেত্র এক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেছে; স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট ১৩.৬৭ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ প্রদান করা হয়েছে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে ধারাবাহিক শৃঙ্খলা বজায় রাখা হয়েছে।
প্রাতিষ্ঠানিক ঋণের এই জোরালো প্রবাহের ফলে বিপুল সংখ্যক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য জীবিকা-ভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে ও সেগুলির সম্প্রসারণ ঘটাতে সক্ষম হয়েছেন; এর ফলে ৩.৪৬ কোটি মহিলা 'লাখপতি দিদি'-তে পরিণত হয়েছেন। এর মধ্যে বহু উদ্যোগ এখন বিকাশের বিভিন্ন পর্যায়ে প্রবেশ করেছে, আবার পাশাপাশি আরো নতুন নতুন উদ্যোগ গড়ে উঠছে। তাই মিশনের পরবর্তী কৌশলগত অগ্রাধিকার হলো, মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগগুলির পরিচর্যা করা, তারা যাতে অর্থের যোগান পায় তা দেখা এবং সেগুলিকে সুস্থিত গ্রামীণ ব্যবসায় রূপান্তরিত হতে সাহায্য করা।
স্বনির্ভর গোষ্ঠী ও ব্যাঙ্কের মধ্যে সংযোগ এবং ব্যক্তিগত উদ্যোগে অর্থের যোগানের বিষয়ে ব্যাঙ্ক ও রাজ্য গ্রামীণ জীবিকা মিশনগুলির সঙ্গে ৩রা সেপ্টেম্বর মুম্বাইতে এক উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এই বৈঠকে পৌরোহিত্য করবেন। উপস্থিত থাকবেন গ্রামোন্নয়ন ও যোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. চন্দ্রশেখর পেম্মাসানি, গ্রামোন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কমলেশ পাসওয়ান এবং মহারাষ্ট্র সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী।
এই বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর্থিক পরিষেবা বিভাগ, সরকারি ও বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, নাবার্ড, পিএফআরডিএ, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেবেন।
পর্যালোচনা বৈঠকের আগে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন; এঁদের মধ্যে অনেকেই 'লাখপতি দিদি' এবং তাঁরা সফলভাবে গ্রামীণ উদ্যোগ পরিচালনা করছেন। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক ও শীর্ষ সমবায় ব্যাঙ্কগুলির কর্তারা এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রধান নির্বাহী আধিকারিকরা অর্জিত অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরবেন। ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে ঋণ প্রদানের পরিমাণ দ্বিগুণ করা, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদত্ত ঋণের গড় পরিমাণ বৃদ্ধি, ঋণ অনুমোদন ও বিতরণের সময়সীমা কমিয়ে আনা, দুর্গম এলাকাসহ অবশিষ্ট স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ সুবিধার আওতায় আনার কৌশল এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও প্রাথমিক কৃষি ঋণদানকারী সমিতি পর্যায়ে সমবায় ঋণ কাঠামোর ভূমিকা জোরদার করার মতো নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। ।
এই আলোচনা আর্থিক অন্তর্ভুক্তিকরণ ২.০ ভিশন বাস্তবায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। এর লক্ষ্য হলো, গ্রামীণ ভারতে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য সময়মতো ও পর্যাপ্ত ঋণ নিশ্চিত করা, মহিলা–নেতৃত্বাধীন উদ্যোগের জন্য অর্থের যোগানের বিশেষ ব্যবস্থা করা এবং উন্নতমানের আর্থিক পরিষেবাগুলি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা।
SC/SD/SB
(রিলিজ আইডি: 2305999)
ভিজিটরের কাউন্টার : 4