PIB Backgrounder
ভারতের চিনি শিল্প
ক্ষেত্র, মূল্যশৃঙ্খল এবং সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সম্পর্কে তথ্য
প্রকাশিত:
26 AUG 2026 2:09PM by PIB Kolkata
২৬ আগস্ট, ২০২৬
ভারতের চিনি শিল্প এক নজরে
ভারতের চিনি শিল্প কৃষি, শিল্প এবং গ্রামীণ জীবিকার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আখ উৎপাদক দেশ। আখ খাত প্রায় ৫ কোটি কৃষক এবং চিনি কারখানা ও সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫ লক্ষ শ্রমিকের জীবিকাকে সহায়তা করে।
- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকাশিত উৎপাদনের তৃতীয় অগ্রিম হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ সালে ভারতের আখ উৎপাদন ৫০০ মিলিয়ন মেট্রিক টনে (MMT) পৌঁছেছে। ২০১৫-১৬ সালে ৩৪৮.৪৪ MMT উৎপাদনের তুলনায় গত ১০ বছরে এটি প্রায় ৪৩.৫ শতাংশ বৃদ্ধি।
- আখ চাষের আওতাধীন এলাকাও ২০১৫-১৬ সালে ৪৯.২৭ লক্ষ হেক্টর থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৫৮.৮৭ লক্ষ হেক্টর হয়েছে।
- উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র ভারতের শীর্ষ আখ উৎপাদনকারী রাজ্য।
- ২০২৫-২৬ সালে ভারত ৮ লক্ষ মেট্রিক টন চিনি রফতানি করেছে। ২০১৬-১৭ সালে এই পরিমাণ ছিল ০.৪৭ লক্ষ মেট্রিক টন।
- সরকার ২০২৬-২৭ সালের চিনি মরশুমের (অক্টোবর-সেপ্টেম্বর) জন্য আখের ন্যায্য ও লাভজনক মূল্য (FRP) প্রতি কুইন্টাল ₹৩৬৫ নির্ধারণ করেছে। এর ক্ষেত্রে মূল পুনরুদ্ধারের হার ১০.২৫ শতাংশ। ২০১৬-১৭ সালের চিনি মরশুমে নির্ধারিত প্রতি কুইন্টাল ₹২৩০-এর তুলনায় এই মূল্য ₹১৩৫ বেশি। ওই সময় মূল পুনরুদ্ধারের হার ছিল ৯.৫ শতাংশ।
- ভারতের চিনির প্রধান রফতানি গন্তব্যগুলির মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, পশ্চিম এশিয়া এবং পূর্ব আফ্রিকা।
- পর্যাপ্ত চিনি বাফার মজুত রয়েছে এবং ২০২৫-২৬ সালে চিনির উৎপাদনও পর্যাপ্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
ইথানল মিশ্রণে ভারতীয় চিনি শিল্পের ভূমিকা
পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর লক্ষ্য হল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং শক্তি নিরাপত্তা বৃদ্ধি করা। এই উদ্যোগ সরকারের সুস্থায়ী জ্বালানির বিকল্প ব্যবহারের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগ কৃষকদেরও সহায়তা করে, কারণ, এর মাধ্যমে তাঁদের স্থিতিশীল আয় নিশ্চিত হয় এবং গ্রীনহাউস গ্যাস নির্গমন কমে। তবে, এর অর্থ এই নয় যে ইথানল মেশানোর ফলে দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চিনির ঘাটতি তৈরি হবে।
- ইথানল উৎপাদনের জন্য সরিয়ে নেওয়া চিনির পরিমাণ ২০২২-২৩ সালে প্রায় ১২ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে প্রায় ৯ শতাংশ হয়েছে।
- এছাড়াও, বর্তমানে দেশে উৎপাদিত ইথানলের প্রায় তিন-চতুর্থাংশ আসে শস্য থেকে, বিশেষ করে ভুট্টা থেকে।
প্রকৃতপক্ষে, ইথানল কর্মসূচি আখ চাষিদের সহায়তা করেছে এবং চিনি কারখানাগুলিকে আরও শক্তিশালী করেছে:
- ভারতে বছরে গড়ে প্রায় ৩০০-৩৪০ লক্ষ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।
- ভারতে বছরে অভ্যন্তরীণ চিনির ব্যবহার প্রায় ২৮০-২৯০ লক্ষ মেট্রিক টন।
- অতিরিক্ত উৎপাদনের বছরগুলিতে উদ্বৃত্ত চিনির মজুত চিনি কারখানাগুলির অর্থ আটকে দেয় এবং আখ চাষিদের পাওনা পরিশোধে দেরি হয়। অতিরিক্ত চিনি ইথানল উৎপাদনের জন্য ব্যবহার করায় এই কাঠামোগত সমস্যা মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং চিনি কারখানাগুলির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।
- ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত, ২০২৫-২৬ সালের চিনি মরশুমের আখ চাষিদের পাওনার ৯৭ শতাংশ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
- চিনি কারখানাগুলির আর্থিক অবস্থার উন্নতির ফলে সরকারের সহায়তার ওপর তাদের নির্ভরতা কমেছে।
- একইসঙ্গে, ভোক্তাদের জন্য খুচরো চিনির দামও মোটের ওপর স্থিতিশীল রয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে চিনির খুচরো দাম বছরে মাত্র প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে চিনির দাম বৃদ্ধির বিশ্লেষণ
সাম্প্রতিক সপ্তাহগুলিতে চিনির দাম বেড়েছে। এ বছর ২০ জুলাই-এ প্রতি কেজি ₹৪৮.১৮ থেকে ২০ আগস্ট-এ তা বেড়ে ₹৫৫.৭০ হয়েছে। অর্থাৎ, এক মাসের মধ্যে দাম প্রায় ১৫.৬ শতাংশ বেড়েছে। তবে, এই সাম্প্রতিক মূল্যবৃদ্ধিকে দীর্ঘমেয়াদি প্রবণতা থেকে আলাদা করে দেখা প্রয়োজন। আগেই উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে চিনির দাম বছরে মাত্র প্রায় ৩ শতাংশ বেড়েছে। এর থেকে বোঝা যায়, বর্তমান মূল্যবৃদ্ধির মূল কারণ দীর্ঘমেয়াদী মূল্যপ্রবণতার পরিবর্তন নয়, বরং স্বল্পমেয়াদি সরবরাহ ও বাজার-সংক্রান্ত কারণ।
চিনির বর্তমান মূল্যবৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে:
- প্রত্যাশার তুলনায় কম অভ্যন্তরীণ উৎপাদন,
- উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি,
- আবহাওয়াজনিত কারণে আখের ফসলের ক্ষতি,
- বিশ্বব্যাপী চিনির সরবরাহ কমে যাওয়া এবং দাম বৃদ্ধি,
- শিল্পের কিছু অংশের জল্পনা এবং মজুতদারি।
চলতি মরশুমে চিনির উৎপাদন প্রাথমিকভাবে অনুমান করা প্রায় ৩৪৩ লক্ষ মেট্রিক টন (LMT)-এর পরিবর্তে প্রায় ৩০৬ লক্ষ মেট্রিক টন হবে বলে আশা করা হচ্ছে। উৎপাদন দুটি কারণে প্রভাবিত হয়েছে- রেড রট এবং টপ বোরার রোগ এবং অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমে যাওয়া। তবে, প্রত্যাশার তুলনায় উৎপাদন কম হলেও, দেশে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত চিনির মজুত রয়েছে। নতুন আখ মাড়াইয়ের মরশুম অক্টোবর মাসে শুরু হবে।
চিনির সরবরাহ কমে যাওয়া একটি বৈশ্বিক প্রবণতা এবং এটি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২৬-২৭ সালে বিশ্বব্যাপী চিনির ঘাটতি প্রায় ৩৩ লক্ষ মেট্রিক টন হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে, আন্তর্জাতিক বাজারে চিনির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বছর ৩০ জুন-এ প্রতি টন ৪৭৪ মার্কিন ডলার থেকে ২০ আগস্ট-এ তা বেড়ে ৫৫২ মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ, দুই মাসেরও কম সময়ে দাম ১৬ শতাংশের বেশি বেড়েছে।
সারণি ১: চিনির দাম বৃদ্ধি নিয়ে মিথ বনাম তথ্য
|
মিথ
|
তথ্য
|
|
ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার কারণে চিনির দাম বেড়েছে।
|
২০২২-২৩ সালে ইথানল উৎপাদনের জন্য সরিয়ে নেওয়া চিনির পরিমাণ ১২ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে প্রায় ৯ শতাংশ হয়েছে।
|
|
ইথানল উৎপাদনের জন্য চিনি ব্যবহারের ফলে ভোক্তাদের জন্য চিনির পরিমাণ কমে যাচ্ছে।
|
বর্তমানে ভারতে উৎপাদিত ইথানলের প্রায় তিন-চতুর্থাংশ আসে শস্য থেকে, বিশেষ করে ভুট্টা থেকে।
|
|
ভারতে চিনির ঘাটতি দেখা দিয়েছে।
|
নতুন আখ মাড়াইয়ের মরশুম শুরু হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত চিনির মজুত রয়েছে।
|
|
বিশ্ববাজারে চিনির দাম স্থিতিশীল রয়েছে।
|
আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৪৭৪ মার্কিন ডলার থেকে বেড়ে ৫৫২ মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ, দুই মাসেরও কম সময়ে দাম ১৬ শতাংশের বেশি বেড়েছে।
|
|
ভারতে চিনির উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।
|
চলতি মরশুমে চিনির উৎপাদন প্রাথমিকভাবে অনুমান করা ৩৪৩ লক্ষ মেট্রিক টনের তুলনায় কমে প্রায় ৩০৬ লক্ষ মেট্রিক টন হবে বলে অনুমান করা হচ্ছে।
|
|
চিনির দাম ক্রমাগত দ্রুত বাড়ছে।
|
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে দীর্ঘমেয়াদে চিনির দাম বছরে মাত্র প্রায় ৩ শতাংশ বেড়েছে। বর্তমান মূল্যবৃদ্ধি মূলত স্বল্পমেয়াদী।
|
সরকার লক্ষ্য করেছে যে, কিছু চিনি কল ও ব্যবসায়ীর জল্পনা এবং মজুতদারিও সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে অবদান রেখেছে।
চিনি মজুতদারি রোধ এবং সরবরাহ বাড়াতে সরকারের উদ্যোগ
- এ বছর ১ আগস্ট থেকে এ বছর ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে চিনি ব্যবসায়ীদের জন্য ৪০০ মেট্রিক টন মজুতের সীমা নির্ধারণ করা হয়েছে।
- এ বছর ১ সেপ্টেম্বর থেকে পাইকারি ভোক্তাদের ১৫ দিনের ব্যবহারের পরিমাণের বেশি চিনি মজুত রাখার অনুমতি দেওয়া হবে না।
- মজুদদারী এবং কৃত্রিম সংকট রোধ করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তাদের যৌথ দল চিনিকলগুলিতে চিনির মজুদের ভৌত যাচাইকরণ চালাচ্ছে।
- সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, দেশের অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে সরকার ১০ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- রাজ্য সরকার এবং চিনি কলগুলিকে এ বছর ১৫ অক্টোবর থেকে আখ মাড়াই শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে অক্টোবর মাসে চিনির উৎপাদন সাধারণত ৩-৪ লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে ১০ লক্ষ মেট্রিক টনের বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে উৎসবের মরশুমে চিনির সরবরাহ আরও বাড়বে।
বর্তমান মূল্যবৃদ্ধির বাইরে বৃহত্তর চিত্র
ভারতের চিনি ক্ষেত্র একটি বহুমুখী শিল্পে পরিণত হয়েছে, যা কৃষক, চিনি কল, জ্বালানি উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্যকে সহায়তা করে। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কম উৎপাদন, মরশুমি চাহিদা, বিশ্বব্যাপী সরবরাহ পরিস্থিতি এবং বাজারের বিভিন্ন প্রবণতা দায়ী। তবে খাতটির সামগ্রিক বৃদ্ধি ও বহুমুখীকরণের তুলনায় এই চাপ সাময়িক। ভোক্তাদের স্বার্থ রক্ষা, কৃষকদের সময়মতো পাওনা পরিশোধ এবং শিল্পের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের অগ্রাধিকার।
তথ্যবিবরণী
Ministry of Agriculture & Farmers Welfare
https://dfpd.gov.in/sugar-policy/en
https://www.nfsm.gov.in/BriefNote/BN_Sugarcane.pdf
https://sansad.in/getFile/annex/241/Au1986.pdf?source=pqars
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258113®=3&lang=1
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1555573®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302874®=48&lang=1
Ministry of Commerce & Industry
https://agriwelfare.gov.in/Documents/Time_Series_3rdAE_2025_26_En.pdf
https://agriexchange.apeda.gov.in/India/GenerateAPEDAProductReport/Index
https://www.ibef.org/blogs/from-fields-to-fuel-the-indian-sugar-industry-s-role-in-advancing-ethanol-blending
Ministry of Petroleum & Natural Gas
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2249431®=3&lang=2
Ministry of Consumer Affairs, Food & Public Distribution
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302018&lang=1®=3
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245639®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248987®=3&lang=1
Click to see pdf
SSS/RP........
(রিলিজ আইডি: 2303698)
ভিজিটরের কাউন্টার : 2