বাণিজ্য ও শিল্প মন্ত্রক
বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ২০০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল যাবে জাপানে
পোস্ট করার দিনক্ষণ:
23 AUG 2026 12:46PM by PIB Agartala
নতুন দিল্লি, ২৩ অগাস্ট, ২০২৬
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২৪ থেকে ২৭ অগাস্ট ২০২৬-এ জাপান সফর করবেন। যাবেন টোকিও, নাগোয়া এবং ওসাকায়। নেতৃত্ব দেবেন এযাবৎ জাপানে যাওয়া বৃহত্তম প্রতিনিধিদলের। এতে থাকবে উৎপাদন শিল্প, সেমিকন্ডাক্টর, স্বচ্ছ শক্তি, ইস্পাত থেকে শুরু করে মোটরগাড়ি শিল্প, আর্থিক পরিষেবা, স্বাস্থ্যপরিষেবা এবং স্টার্ট-আপদের ২০০ জনের বেশি প্রতিনিধি। দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে কতটা গুরুত্ব তারা দিতে চায় এটি তারই প্রতিফলন। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার দিকে আগ্রহভরে অপেক্ষা করছে।
টোকিওতে, মন্ত্রী একাধিক বৈঠক করবেন জাপানের প্রধান প্রধান বাণিজ্য ও শিল্পসংগঠনের উচ্চ পদাধিকারীদের সঙ্গে। এই সংগঠনগুলি বহুদিন ধরেই ভারতের উন্নয়নে অংশীদার। পাশাপাশি মন্ত্রী গোলটেবিল বৈঠক করবেন কেইদানরেন (জাপান বিজনেস ফেডারেশন)-এর সঙ্গে। এটি ১৫০০টি শীর্ষ স্থানীয় জাপানি কোম্পানির প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। নির্দিষ্ট অধিবেশনের পরিকল্পনা করা হয়েছে বিষয় ভিত্তিক। এছাড়া বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা হবে। ভারত বিনিয়োগ এবং উদ্ভাবনের গন্তব্যস্থল হিসেবে যে উঠে আসছে এটা তারই প্রতিফলন। মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেদেশের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী শ্রী আকাজাওয়া রিয়োসেই-এর সঙ্গে। এছাড়া দেখা করবেন জাপান সরকার এবং সংসদের বর্ষীয়ান সদস্যদের সঙ্গে। পাশাপাশি মিলিত হবেন জাপানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে।
মধ্য জাপানের শিল্পের হৃদয়ভূমি নাগোয়াতে, মন্ত্রী একটি রোডশো করবেন সেন্ট্রাল জাপান ইকোনমিক ফেডারেশন এবং নাগোয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে। বৈঠক করবেন আইচি প্রিফেকচার নেতৃত্ব এবং মোটরগাড়ি শিল্প এবং ইস্পাত শিল্পের বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে।
ওসাকায় এই সফরের সমাপ্তি ঘটবে একটি ইনভেস্টর ও বিজনেস রোডশো দিয়ে। পাশাপাশি ইলেকট্রনিক্স, শিল্প এবং উপভোক্তা ক্ষেত্রের শীর্ষস্থানীয় জাপানি কোম্পানিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তুলে ধরবেন ভারতের উৎপাদন শিল্প, স্বচ্ছ শক্তি এবং উপভোক্তা বাজারের সুযোগ-সুবিধাগুলি।
বিনিয়োগ, প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে অংশীদারিত্বে বহু দিন ধরেই জাপান ভারতের অন্যতম বিশ্বস্ত অংশীদার। ভারতের মোটরগাড়ি, ইস্পাত, ইলেকট্রনিক্স, আর্থিক পরিষেবা, শিল্প এবং পরিকাঠামো ক্ষেত্রে জাপানের সংস্থাগুলি উল্লেখযোগ্য কাজ করছে। এই সফর যার সঙ্গে জুড়ে আছে বিভিন্ন ক্ষেত্রের ২০০ জনেরও বেশি প্রতিনিধির বিশাল দল, আশা করা হচ্ছে এতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি আসবে। সহযোগিতার নতুন রাস্তা খুলবে, বিশেষ করে উচ্চ-প্রযুক্তির উৎপাদন শিল্প এবং পরবর্তী প্রজন্মের শিল্প ক্ষেত্রে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2302748)
ভিজিটরদের কাউন্টার : 5