অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহারাষ্ট্রে আরও একটি গোপন মাদক তৈরির কারখানার হদিস পেল ডিআরআই

প্রকাশিত: 10 AUG 2026 5:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অগাস্ট, ২০২৬ 

 

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ উৎপাদন এবং আন্তঃসীমান্ত পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, রাজস্ব গোয়েন্দা বিভাগ - ডিআরআই একটি সংগঠিত চক্রের সন্ধান পেয়েছে। এই চক্রটি 'ট্রামাডল হাইড্রোক্লোরাইড' গোপনে উৎপাদন, গোপনভাবে সংরক্ষণ এবং আফ্রিকার দেশগুলিতে অবৈধভাবে রপ্তানির কাজে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সপ্তাহব্যাপী এই অভিযানে ১ লক্ষ ট্রামাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ও ১ লক্ষ ট্যাপেন্টাডল ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। এছাড়া সাইকোট্রপিক পদার্থ তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও কাঁচামালও উদ্ধার করা হয় এবং চক্রের তিন মূল সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গত ২ আগস্ট, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিআরআই মুম্বাই এয়ার কার্গো কমপ্লেক্সে নাইজেরিয়াগামী একটি রপ্তানি চালান আটক করে। নথিপত্রে এই চালানে 'প্রিগাবালিন ক্যাপসুল (৩০০ মি.গ্রা.)' থাকার কথা লেখা থাকলেও তল্লাশিতে চালানের ভেতর লুকিয়ে রাখা ১ লক্ষ ট্রামাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট (২৫০ মি.গ্রা., ওজন প্রায় ২৫ কেজি) এবং ১ লক্ষ ট্যাপেন্টাডল ট্যাবলেট (২০০ মি.গ্রা., ওজন প্রায় ২০ কেজি) উদ্ধার করা হয়।
ডিআরআই-এর তদন্তে জানা গেছে, মহারাষ্ট্রের অম্বারনাথে একটি কারখানায় ট্রামাডল ট্যাবলেটগুলি গোপনে তৈরি করা হতো এবং আসল পরিচয় গোপন রাখতে এগুলি সাধারণ কার্টনে ভরে প্যাকেট করা হতো। এরপর চালানগুলো মুম্বাই এয়ার কার্গো কমপ্লেক্সের কাছে একটি গুদামে নিয়ে যাওয়া হ’ত; সেখানে সেগুলোকে সাদা বস্তায় পুনরায় প্যাকেট করে নাইজেরিয়ায় অবৈধভাবে রপ্তানির জন্য প্রস্তুত করা হতো।
সপ্তাহজুড়ে পরিচালিত ধারাবাহিক ও সুসমন্বিত অভিযানের অঙ্গ হিসেবে, ডিআরআই আধিকারিকরা রপ্তানিকারক, প্রস্তুতকারক, সরবরাহকারী, পরিবহণকারী এবং গুদামের সাথে সংশ্লিষ্ট একাধিক স্থানে তল্লাশি চালান। উৎপাদন কেন্দ্রে তল্লাশি চালিয়ে ট্যাবলেট তৈরির মেশিন এবং সাইকোট্রপিক পদার্থ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। অভিযানের চূড়ান্ত পর্যায়ে তিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে রয়েছেন রপ্তানিকারক, সরবরাহকারী ও সমন্বয়কারী এবং ট্রামাডল ট্যাবলেট প্রস্তুতকারী।
কৃত্রিম ওপিঅয়েড ব্যথানাশক ট্রামাডল এবং ট্যাপেন্টাডল চিকিৎসকের তত্ত্বাবধানে মাঝারি থেকে তীব্র ব্যথা কমানোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এগুলির অপব্যবহারের সম্ভাবনা এবং নির্ভরশীলতার ঝুঁকির কারণে, উভয় ওষুধই কঠোর নিয়ন্ত্রণের অধীন। 

 

 

SC/SD/SB


(রিলিজ আইডি: 2297503) ভিজিটরের কাউন্টার : 20
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu