প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী টেরিটোরিয়াল আর্মি বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে পৌরোহিত্য করলেন
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ অগাস্ট ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ৬ অগাস্ট, ২০২৬-এ টেরিটোরিয়াল আর্মি বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে পৌরোহিত্য করলেন। আলোচনায় শীর্ষস্থানীয় আধিকারিকরা টেরিটোরিয়াল আর্মির নীতি, ভূমিকা এবং প্রধান প্রধান সাফল্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করলেন কমিটির সদস্যদের। তাঁরা বাহিনীর শক্তি আরও বাড়াতে এবং সার্বিক কার্যকারিতার উন্নতিতে মূল্যবান পরামর্শ দেন।
ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের বিকশিত ভারতের লক্ষ্যে টেরিটোরিয়াল আর্মির অবদানকে উল্লেখযোগ্য বলে বর্ণনা করেন। তিনি বিশেষ জোর দিয়ে বলেন, যখন প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রাথমিকভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত থাকে সেখানে টেরিটোরিয়াল আর্মি পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক কাজেও জড়িত থাকে। তিনি বলেন, “টেরিটোরিয়াল আর্মি ‘নাগরিক-সেনা’ ধারণার জীবন্ত প্রতিমূর্তি। তাঁরা সাধারণ নাগরিকের কাজে যুক্ত থাকার পাশাপাশি সীমান্ত রক্ষায় এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ইউনিফর্ম পরেন।”
শ্রী রাজনাথ সিং জানান, টেরিটোরিয়াল আর্মি প্রশিক্ষিত সেনাদের সংরক্ষিত বাহিনী তৈরির মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। প্রয়োজনে ওই সংরক্ষিত বাহিনীকে তৎক্ষণাৎ বহাল করা যায়। তিনি আরও জানান, যখন কোনও আধিকারিক তাঁর মেয়াদ শেষ করে নাগরিক জীবনে ফিরে যান, তিনি সমাজের সঙ্গে সামরিক বাহিনীর প্রাণবন্ত সেতু হিসেবে কাজ করেন, মানুষকে প্রেরণা জোগান, বিশেষ করে যুবাদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে।
টেরিটোরিয়াল আর্মি প্রশিক্ষিত অনুপ্রাণিত এক সক্ষম বল। এতে আছে ৫৯টি বিভিন্ন ইউনিট এবং ৪৪০০০ জওয়ান। প্রতিরক্ষা মন্ত্রী এই বাহিনীকে প্রথম কার্যবাহক হিসেবে বর্ণনা করেন যাঁরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় অবিলম্বে ত্রাণ এবং সহায়তা দিয়ে থাকে। কেরলে বন্যা, ওড়িশায় ঘূর্ণিঝড় এবং অসমের সাম্প্রতিক বন্যায় ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বাহিনীর ভূমিকাকে স্বীকার করেন তিনি।
পরিবেশ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তাঁদের ভূমিকার প্রশংসা করে শ্রী রাজনাথ সিং জানান, টেরিটোরিয়াল আর্মির ইকোলজিক্যাল টাস্কফোর্স এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি চারাগাছ রোপণ করেছে, যাদের মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশই বেঁচে গেছে। এই সবুজ উদ্যোগ প্রধানমন্ত্রীর ‘মিশন লাইফ’ এবং ‘পঞ্চামৃত’-এর লক্ষ্যকে বাস্তবায়িত করেছে। জম্মু-কাশ্মীরে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে আরও বেশি উচ্চতায় পৌঁছে দিতে সেখানে মোতায়েন টেরিটোরিয়াল আর্মির প্রয়াসের প্রশংসা করেছেন তিনি।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ, প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং, সচিব (প্রতিরক্ষা উৎপাদন) শ্রী সঞ্জীব কুমার, সচিব (প্রতিরক্ষা অর্থ) শ্রী বিশ্বজিৎ সহায় এবং অন্য শীর্ষস্থানীয় আধিকারিকরা বৈঠকে যোগ দেন।
SC/AP/NS…
(रिलीज़ आईडी: 2295513)
आगंतुक पटल : 5