উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক জয়ের পর ভারোত্তোলন চ্যাম্পিয়ন মীরাবাই চানুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে আমাদের উত্তর-পূর্বাঞ্চল থেকে আরও অনেক মীরাবাই চানু’র উঠে আসা প্রয়োজন: সিন্ধিয়া

प्रविष्टि तिथि: 03 AUG 2026 3:18PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ আগষ্ট ২০২৬: গ্লাসগোতে টানা তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ ও ইতিহাস গড়ার ঠিক পরপরই, আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু।

কমনওয়েলথ গেমসে অসাধারণ সাফল্যের জন্য মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়ে শ্রী সিন্ধিয়া তাঁর অটল সংকল্প, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই সাফল্যকে সারা দেশের- বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের লক্ষ লক্ষ তরুণ ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন।

আলোচনাকালে মীরাবাই চানু তাঁর ঘুরে দাঁড়ানোর ও অদম্য মানসিকতার অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা এবং ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ হয়ে ওঠার পথে যেসব প্রতিকূলতা তিনি জয় করেছেন, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে তাঁর সঙ্গে বিশদ আলোচনা করেন মন্ত্রী। এর মধ্যে ছিল প্রশিক্ষণের রুটিন, পুষ্টি, শরীর পুনরুদ্ধারের প্রক্রিয়া (রিকভারি সাইকেল) এবং সর্বোচ্চ ক্রীড়ানৈপুণ্য অর্জনের ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের গুরুত্ব।

মীরাবাই চানুর কোচ, প্রশিক্ষক এবং ফিজিওথেরাপিস্টের অমূল্য অবদানেরও প্রশংসা করেন শ্রী সিন্ধিয়া। তিনি স্বীকার করেন যে, বিশ্বমানের ক্রীড়া সাফল্য অর্জনের মূলে থাকে বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ নির্দেশনার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক শক্তিশালী সহায়তা ব্যবস্থা।

ক্রীড়া প্রতিভাদের বিকাশে ‘মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন’ (ডোনার)-এর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে মন্ত্রী সিন্ধিয়া এদিন ‘হাই লেভেল টাস্ক ফোর্স’ গঠনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে একটি সামগ্রিক ক্রীড়া পরিকাঠামো বা ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেন। এই টাস্ক ফোর্সের মাধ্যমে ডোনার মন্ত্রক ‘ওয়ান স্টেট, ওয়ান স্পোর্ট’ (একটি রাজ্য, একটি খেলা) উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগের আওতায় উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যকে এমন সব খেলায় উৎকর্ষ অর্জনে সহায়তা করা হচ্ছে- যেমন ভারোত্তোলন, তিরন্দাজি ও ফুটবল, যেসব ক্ষেত্রে তাদের স্বাভাবিক প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি কেবল ভৌত পরিকাঠামো গড়ে তোলার বিষয় নয়; বরং এটি মানসম্মত কোচিং, বৈজ্ঞানিক প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান, পুষ্টি, শারীরিক পুনরুদ্ধার (রিকভারি) এবং ক্রীড়াবিদদের সহায়তার ওপর ভিত্তি করে একটি বিশ্বমানের ক্রীড়া-পরিবেশ গড়ে তোলার প্রয়াস। তিনি উল্লেখ করেন যে, নিজ অঞ্চলেই উচ্চমানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকলে তা আরও অনেক তরুণ ক্রীড়াবিদকে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে মীরাবাই চানুর মতো আরও অনেক চ্যাম্পিয়ন উঠে আসতে সহায়তা করবে। চানুর প্রশিক্ষক বিজয় শর্মা উত্তর-পূর্বাঞ্চলের ক্রীড়াবিদদের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং স্বীকার করেন যে, এই উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের বিকাশেও সহায়ক হবে।

উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাধারার সাথে সঙ্গতি রেখে, এই বৈঠকে ক্রীড়া-পরিবেশকে শক্তিশালী করার বিষয়ে সরকারের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা হয়। প্রতিভা অন্বেষণ, কোচিংয়ের উৎকর্ষ সাধন এবং ক্রীড়াবিদদের উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের বিপুল ক্রীড়া সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর আলোচনায় জোর দেওয়া হয়েছে।

*****

PS/DM/KMD


(रिलीज़ आईडी: 2293805) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Tamil , Telugu