প্রতিরক্ষামন্ত্রক
ভবিষ্যৎ প্রযুক্তি-নির্ভর যুদ্ধে সীমান্ত পরিকাঠামো অপরিহার্য : প্রতিরক্ষা মন্ত্রী
प्रविष्टि तिथि:
16 JUL 2026 1:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, অত্যাধুনিক অস্ত্রসামগ্রী প্রতিরক্ষা ক্ষেত্রে যতই অন্তর্ভুক্ত করা হোক না কেন, আধুনিক যুদ্ধ কৌশলের চ্যালেঞ্জ মোকাবিলায় বন্দর, এয়ারফিল্ড, সড়ক এবং টানেল ভবিষ্যতে অপরিহার্য হয়ে দেখা দেবে। নতুন দিল্লিতে সীমান্ত সড়ক সংগঠন (বিআরও) কৌশল পরিকাঠামো কনক্লেভে আজ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুদ্ধের ফল যদিও সামরিক শক্তি ও আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল, কিন্তু বুনিয়াদি পরিকাঠামো সামরিক কার্যকলাপে প্রধান হয়ে দেখা দেয়। তিনি বলেন, যুদ্ধে প্রথম ফ্রন্ট হিসেবে সীমান্ত নয়, বরং যে রাস্তা দিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে সৈনিকরা অগ্রসর হবেন, সেটা প্রধান। ফলে, যাঁরা সেই রাস্তা নির্মাণ করছেন, জাতীয় সুরক্ষায় তাদের গুরুত্ব অপরিসীম।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিগত সাড়ে ছয় দশক ধরে সড়ক নির্মাণ সংগঠন থেকে বিআরও নিজেদের বিশ্বের সবথেকে সম্মানীয় সড়ক পরিকাঠামো সংগঠনে রূপান্তরিত করেছে। অটল টানেল, পুংলিং লা পাস এবং সিলা টানেল বিআরও-র দক্ষতা ও কঠোর পরিশ্রমের এক জীবন্ত সাক্ষ্য। বিআরও-কে সম্মুখসারির সংগঠন হিসেবে বর্ণনা করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই সংগঠন অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি টানেলিং প্রযুক্তির উল্লেখ করেন। তিনি বলেন, যে গতিতে বিআরও সড়ক ও মহাসড়ক নির্মাণ করে, বিশেষত চ্যালেঞ্জিং গিরিখাতে, তা এক কথায় অভূতপূর্ব। সঙ্কল্প এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই পরিবর্তন সম্ভব।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সভ্যতার উন্নয়নে সংযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে তিনি সড়ক, রেল, বিমান, ডিজিটাল পরিকাঠামো – সমস্ত ধরনের সংযোগ গড়ে তুলতে সরকারের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। তিনি বলেন যে একেবারে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী কোনো নাগরিকও যাতে মূল জীবনস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, তা নিশ্চিত করা আমাদের কাজ। আমরা সীমান্ত গ্রাম গড়ে তুলছি, যা এক সময় শেষ গ্রাম বলে চিহ্নিত করা হত, বর্তমানে ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম’-এ তা প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে রাষ্ট্রের শক্তিশালী পরিকাঠামো রয়েছে, তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যে পরিকাঠামো আজ আমরা নির্মাণ করছি, পরবর্তী দু’শতাব্দীতে আমাদের সভ্যতাকে তা সংজ্ঞায়িত করবে।
পরিকাঠামো উন্নয়ন কেবলমাত্র সরকারের দায়িত্ব নয়, বরং এটা একটি সংঘবদ্ধ প্রয়াসের অঙ্গ বলে তিনি উল্লেখ করেন। শ্রী সিং শিল্প সংস্থাকে উদ্ভাবন, শিক্ষাক্ষেত্রকে এ বিষয়ে গবেষণার প্রসারে, ইঞ্জিনিয়ারদের সমাধানসূত্র বের করতে এবং প্রশাসকদের বাস্তব ক্ষেত্রে তা রূপায়ণে এগিয়ে আসতে বলেন।
এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বিভিন্ন বিআরও প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কার প্রদান করেন। প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও নিয়োগের ক্ষেত্রে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মেরও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। সেইসঙ্গে, বিআরও-র তরফ থেকে প্রকাশিত তিনটি গ্রন্থের প্রকাশ করেন যাতে এই সংস্থার সাফল্য, কারিগরি উদ্ভাবন, ভবিষ্যৎ লক্ষ্যে গৃহীত নানা পদক্ষেপের এক বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে।
এই কনক্লেভে শিল্পক্ষেত্রের সঙ্গে একটি আলোচনাচক্রেরও আয়োজন করা হয় যাতে প্রথমসারির পরিকাঠামো সংস্থা, নির্মাণ সংস্থা, শিক্ষাক্ষেত্র এবং প্রযুক্তি অংশীদাররা যোগ দেন। বিআরও-কে আরও কিভাবে শক্তিশালী করে তোলা যায়, তার ওপরই আলোকপাত করা হয়।
SC/AB/DM
(रिलीज़ आईडी: 2285402)
आगंतुक पटल : 5