PIB Backgrounder
ভারত–অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা
ভারতের পরিচ্ছন্ন জ্বালানি কর্মসূচির প্রেক্ষিতে অস্ট্রেলিয়া থেকে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ
ভারত দীর্ঘমেয়াদি পারমাণবিক জ্বালানি কর্মসূচিকে শক্তিশালী করার পথে
प्रविष्टि तिथि:
14 JUL 2026 4:01PM by PIB Kolkata
১৪ জুলাই, ২০২৬
২০২৬ সালের ৯ জুলাই মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় ভারত–অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। উভয় দেশ তাদের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব (Comprehensive Strategic Partnership)-এর প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে। এই সম্মেলনে সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সাইবার সহযোগিতা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ গঠনের মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সম্মেলনের অন্যতম প্রধান সাফল্য ছিল ভারত–অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি-র আওতায় প্রশাসনিক ব্যবস্থা চূড়ান্ত করা। এর ফলে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সুরক্ষা ব্যবস্থার অধীনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে ভারতে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম রপ্তানির পথ সুগম হবে। বিশ্বের মোট ইউরেনিয়াম সম্পদের এক-তৃতীয়াংশেরও বেশি অস্ট্রেলিয়ায় রয়েছে, যা বিশ্বে সর্বাধিক। অস্ট্রেলিয়ার ইউরেনিয়ামের নিশ্চিত সরবরাহ ভারতের ক্রমবর্ধমান পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য একটি শক্তিশালী জ্বালানি ভিত্তি গড়ে তুলবে।
এই প্রশাসনিক ব্যবস্থাটি ভারতের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক শক্তি সম্প্রসারণের লক্ষ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিউক্লিয়ার এনার্জি মিশন-কে পরিপূরক করবে, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন। পাশাপাশি, এটি ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রণীত সাসটেইনেবল হারনেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (SHANTI) আইন-কেও আরও শক্তিশালী করবে। এই আইনের মাধ্যমে ভারতীয় বেসরকারি সংস্থা এবং যৌথ উদ্যোগগুলিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, মালিকানা ও পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সরবরাহ নিশ্চিত হওয়ায় প্রকল্প বাস্তবায়নে উন্নয়নকারী সংস্থা, বিনিয়োগকারী এবং শিল্পমহলের আস্থা আরও বৃদ্ধি পাবে। SHANTI আইন এবং এই প্রশাসনিক ব্যবস্থা একত্রে এমন একটি নীতিগত কাঠামো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে, যা ভারতের পারমাণবিক শক্তির সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও মজবুত করবে।
ভারতের পারমাণবিক শক্তির বর্তমান চিত্র
জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং পরিচ্ছন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার লক্ষ্যে ভারত ধীরে ধীরে তার পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি সম্প্রসারণ করছে। দেশীয় প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে পারমাণবিক শক্তি ভারতের নিম্ন-কার্বনভিত্তিক জ্বালানি রূপান্তরে ক্রমশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বর্তমানে ভারতের সাতটি কেন্দ্রে ২৪টি পারমাণবিক বিদ্যুৎ রিঅ্যাক্টর চালু রয়েছে, যার মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা ৮.৭৮ গিগাওয়াট (GW)। মোট ৮,০০০ মেগাওয়াট (MW) ক্ষমতাসম্পন্ন আরও ১০টি রিঅ্যাক্টর ইউনিট নির্মাণাধীন রয়েছে। এছাড়াও, আরও ১০টি রিঅ্যাক্টর স্থাপনের প্রাথমিক প্রকল্প-সংক্রান্ত কাজ চলছে।
এই রিঅ্যাক্টরগুলির মধ্যে রয়েছে প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর (PHWR), বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর (BWR) এবং লাইট ওয়াটার রিঅ্যাক্টর (LWR)।
ভারত মূলত PHWR-এ প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি হিসাবে ব্যবহার করে পারমাণবিক শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়ায় প্লুটোনিয়াম একটি উপ-উৎপাদ (by-product) হিসাবে উৎপন্ন হয়।
অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়ামের সরবরাহ নিশ্চিত হলে এই রিঅ্যাক্টরগুলির জন্য প্রয়োজনীয় মূল জ্বালানির ধারাবাহিক প্রাপ্যতা বজায় থাকবে।
ভারতের দীর্ঘমেয়াদী কৌশল ভবিষ্যতের পারমাণবিক জ্বালানি হিসাবে দেশের বিপুল থোরিয়াম ভাণ্ডার ব্যবহারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই থোরিয়াম মূলত কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় বালিতে পাওয়া যায়। তবে, প্রাকৃতিক থোরিয়ামকে প্রথমে পারমাণবিক চুল্লির ভিতরে নিউট্রন শোষণের মাধ্যমে বিভাজ্য (fissile) পদার্থে রূপান্তরিত করতে হয়।
প্লুটোনিয়ামের ব্যবহার বাড়ানো এবং থোরিয়ামভিত্তিক রিঅ্যাক্টরে রূপান্তরের লক্ষ্যে ভারত ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর (FBR) প্রযুক্তির উন্নয়নে অগ্রসর হচ্ছে।
দেশীয় স্মল মডিউলার রিঅ্যাক্টর (SMR)-এর গবেষণা, নকশা, উন্নয়ন এবং স্থাপনের জন্য কেন্দ্রীয় বাজেট ২০২৫–২৬-এ সরকার ₹২০,০০০ কোটি বরাদ্দ করেছে। SMR সাধারণত সর্বোচ্চ ৩০০ MWe বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এর ছোট ও মডিউলার নকশা কারখানাভিত্তিক উৎপাদন, দ্রুত নির্মাণ, উন্নত মান নিয়ন্ত্রণ এবং ধাপে ধাপে স্থাপনের সুবিধা প্রদান করে।
২০৩৩ সালের মধ্যে অন্তত পাঁচটি দেশীয় SMR চালু করার লক্ষ্য নিয়েছে সরকার।
উন্নত রিঅ্যাক্টর প্রযুক্তি এবং দেশীয় উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগের ফলে, পারমাণবিক শক্তি ভারতের ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থার একটি নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।
আপনি কি জানেন?
ভারতের স্বদেশে নির্মিত ৫০০ MWe ক্ষমতাসম্পন্ন প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর (PFBR), যা কালপাক্কমে অবস্থিত, ২০২৬ সালের ৬ এপ্রিল ফার্স্ট ক্রিটিক্যালিটি (First Criticality) অর্জন করে। এর মাধ্যমে ভারতের তিন-ধাপের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির দ্বিতীয় ধাপের সূচনা হয়। প্রচলিত রিঅ্যাক্টরের তুলনায় PFBR, প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর (PHWR)-এর ব্যবহৃত জ্বালানি থেকে পুনরুদ্ধার করা প্লুটোনিয়াম ব্যবহার করে এবং এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি ব্যবহারের তুলনায় বেশি পরিমাণ পারমাণবিক জ্বালানি উৎপাদন করতে পারে। ভবিষ্যতে এটি থোরিয়াম থেকে ইউরেনিয়াম-২৩৩ উৎপাদন করবে, যার ফলে, পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের জন্য ভারতের বিপুল থোরিয়াম ভাণ্ডার ব্যবহারের পথ উন্মুক্ত হবে। পারমাণবিক শক্তি বিভাগ (Department of Atomic Energy)-এর উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই রিঅ্যাক্টরটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভারতের নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকে আরও শক্তিশালী করবে, আমদানিকৃত ইউরেনিয়ামের ওপর নির্ভরতা কমাবে এবং ২০৭০ সালের মধ্যে নেট-জিরো লক্ষ্য অর্জনের পথে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
ভারত–অস্ট্রেলিয়া পারমাণবিক সহযোগিতায় এক নতুন অধ্যায়
ভারত ও অস্ট্রেলিয়ার অসামরিক পারমাণবিক সহযোগিতার ভিত্তি হল, সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট (Civil Nuclear Cooperation Agreement), যা ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয় এবং ২০১৫ সালের নভেম্বর মাসে কার্যকর হয়।
২০২৬ সালের ৯ জুলাই, দুই দেশ প্রশাসনিক ব্যবস্থা চূড়ান্ত করে, যার মাধ্যমে এই চুক্তির বাস্তবায়ন কার্যকর হয়।
এই ব্যবস্থা শান্তিপূর্ণ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে ভারতে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম রপ্তানির সুযোগ করে দেয়।
অস্ট্রেলিয়ার নীতি অনুযায়ী, শুধুমাত্র যেসব দেশের সঙ্গে অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি রয়েছে, সেসব দেশেই ইউরেনিয়াম রপ্তানি করা হয়।
ভারতকে সরবরাহ করা অস্ট্রেলিয়ার সমস্ত ইউরেনিয়াম IAEA-এর সুরক্ষা ব্যবস্থার আওতায় থাকবে।
প্রশাসনিক ব্যবস্থাটি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করে এবং উভয় দেশের সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সহযোগিতার একটি কাঠামো প্রদান করে।
এই ব্যবস্থা ভারত–অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আগামী কয়েক দশকে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি তৈরি রে। অস্ট্রেলিয়া নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (NSG)-এ ভারতের সদস্যপদের প্রতি তাদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছে।
এই প্রশাসনিক ব্যবস্থা পারস্পরিক আস্থা আরও দৃঢ় করে এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি স্থিতিশীল ভিত্তি গড়ে তোলে। একই সঙ্গে এটি নিরাপদ ও বহুমুখী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি, ভারত–অস্ট্রেলিয়া অংশীদারিত্বের কৌশলগত গুরুত্বও আরও বাড়িয়ে তোলে।
নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (NSG)
নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (NSG) ৪৮টি পারমাণবিক সরবরাহকারী দেশের একটি স্বেচ্ছাসেবী জোট। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক উপাদান, যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানির ক্ষেত্রে অভিন্ন নির্দেশিকা কার্যকর করার মাধ্যমে এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে।
ভারতের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ
ভারত–অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি ভারতের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করে, ইউরেনিয়াম আমদানির উৎসকে বৈচিত্র্যময় করে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব (Comprehensive Strategic Partnership)-কে আরও গভীর করে।
জ্বালানি নিরাপত্তা: এই প্রশাসনিক ব্যবস্থা ক্রমবর্ধমান সংখ্যক পারমাণবিক রিঅ্যাক্টরের জন্য দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ নিশ্চিত করে। পারমাণবিক শক্তি সার্বক্ষণিক নির্ভরযোগ্য বেসলোড বিদ্যুৎ সরবরাহ করে, যা বিদ্যুৎ গ্রিডকে স্থিতিশীল রাখে এবং সৌর ও বায়ুশক্তির পরিবর্তনশীল উৎপাদনের পরিপূরক হিসাবে কাজ করে।
পরিচ্ছন্ন জ্বালানি: পারমাণবিক শক্তি একটি নিম্ন-কার্বন জ্বালানির উৎস, যা ভারতের জীবাশ্ম জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে আরও শক্তিশালী করে। এটি ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করতে পারে এবং একই সঙ্গে শিল্প, ডেটা সেন্টার ও ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান জ্বালানি চাহিদাও মেটাতে সক্ষম।
জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) এবং নেট-জিরো লক্ষ্য: ভারত ২০৭০ সালের মধ্যে নেট-জিরো নির্গমন অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে এবং জীবাশ্ম জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অংশ বৃদ্ধি-সহ ধাপে ধাপে তার জলবায়ু লক্ষ্য আরও উচ্চাভিলাষী করেছে। পারমাণবিক জ্বালানির নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে এই রূপান্তরকে সমর্থন করে।
একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ভারত: ভারতকে ইউরেনিয়াম সরবরাহের অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ভারতের দৃঢ় অবস্থান এবং পারমাণবিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের প্রতি তাদের আস্থার প্রতিফলন।
এই প্রশাসনিক ব্যবস্থা বাণিজ্য, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার পাশাপাশি, জ্বালানি সহযোগিতাকে একটি শক্তিশালী ভিত্তি হিসাবে যুক্ত করে ভারত–অস্ট্রেলিয়া বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।
আপনি কি জানেন?
ভারত শান্তিপূর্ণ উদ্দেশ্যে অসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকারি চুক্তি (Inter Governmental Agreement - IGA) ১৮টি দেশের সঙ্গে স্বাক্ষর করেছে।
আগামী দিনের পথচলা
প্রশাসনিক ব্যবস্থা (Administrative Arrangement) একটি বাস্তবধর্মী পদক্ষেপ, যার সুদূরপ্রসারী সুফল রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে এটি প্রবৃদ্ধি, উৎপাদন শিল্প এবং ডিজিটাল পরিকাঠামোর জন্য পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করতে সহায়তা করবে। জ্বালানি নিরাপত্তার দিক থেকে এটি ভারতের জ্বালানি সরবরাহের উৎসকে বৈচিত্র্যময় করবে এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এই অগ্রগতির প্রতিফলন ইতিমধ্যেই দেখা যাচ্ছে, যেমন কালপাক্কমের PFBR-এর প্রথম ক্রিটিক্যালিটি (first criticality) অর্জন। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রেও জ্বালানি সহযোগিতা এখন সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করেছে। অভিন্ন স্বার্থ ও পারস্পরিক আস্থার ভিত্তিতে ভারত ও অস্ট্রেলিয়া আগামী দিনে তাদের সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য সুপ্রস্তুত। অস্ট্রেলিয়া থেকে নির্ভরযোগ্য ইউরেনিয়াম সরবরাহ ভারতের পরিচ্ছন্ন জ্বালানি অভিযাত্রাকে আরও শক্তিশালী ভিত্তি প্রদান করবে।
তথ্যবিবরণী
Prime Minister's Office (PMO)
Department of Atomic Energy (DAE) / PIB
Parliament of India (Lok Sabha)
Geoscience Australia
High Commission of India, Canberra
International Atomic Energy Agency (IAEA)
Click here to see pdf
SSS/RP.........
(रिलीज़ आईडी: 2284653)
आगंतुक पटल : 3