কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গ সফর করবেন ; মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক

प्रविष्टि तिथि: 13 JUL 2026 2:22PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ জুলাই, ২০২৬


কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ১৩-১৪ জুলাই দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে করবেন। এই সফরকালে তিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং পাটচাষী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

শ্রী চৌহান ১৩ই জুলাই সন্ধ্যায় কলকাতায় পৌঁছাবেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটি নৈশভোজের বৈঠকে কৃষি, কৃষক কল্যাণ প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোকপাত করা হবে।

১৪ই জুলাই কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ একটি উচ্চ-স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ছাড়াও রাজ্য সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, পল্লী উন্নয়ন মন্ত্রক এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের আধিকারিকরা থাকবেন।

বৈঠক চলাকালীন, কেন্দ্রীয় দলটি পিএম-কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা, ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচি, বিকশিত ভারত–জি রাম জি, গ্রামীণ সড়ক ও আবাসন উদ্যোগ এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে বরাদ্দকৃত তহবিল সহ প্রধান ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলির অবস্থা তুলে ধরবে। রাজ্যে কৃষি উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

শ্রী চৌহান বিকেলের দিকে ব্যারাকপুরে অবস্থিত আইসিএআর–সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করবেন। তিনি সেখানে পাটচাষী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পাটচাষীদের পচন, জলের প্রাপ্যতা, কীটপতঙ্গ ও রোগবালাই ব্যবস্থাপনা, উৎপাদন খরচ এবং বাজার দর-এর মত বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি তাদের কাছ থেকে শুনবেন। পাট মূল্য শৃঙ্খলে কৃষকদের অংশ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হবে।

আইসিএআর-সিআরআইজেএএফ-এর বিজ্ঞানীরা উন্নত জাতের পাট প্রদর্শন করবেন এবং আধুনিক পচন কৌশল, জল সংরক্ষণ পদ্ধতি এবং সরলীকৃত প্রক্রিয়াকরণ ও বিপণন প্রযুক্তি প্রদর্শন করবেন। গ্রামীণ উদ্যোক্তা তৈরি, পারিবারিক আয় বৃদ্ধি এবং গ্রামে টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও পাট-ভিত্তিক পণ্য এবং মূল্য সংযোজনের সুযোগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

রাজ্য নেতৃত্বের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনা এবং পাট বলয়ের কৃষকদের সঙ্গে সরাসরি আলোচনার সমন্বয়ে গঠিত এই দুই দিনের সফরের মাধ্যমে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও নির্দেশনায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে তার নীতিগত অগ্রাধিকারের শীর্ষে রাখার প্রতিশ্রুতিকে আরও জোরদার করছে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2284196) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil