বস্ত্রমন্ত্রক
হস্তশিল্প ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তি-চালিত সমাধানকে উৎসাহিত করতে হ্যান্ডলুম হ্যাকাথন ২০২৬ -এর সূচনা
प्रविष्टि तिथि:
08 JUL 2026 11:07AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জুলাই, ২০২৬
ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ উন্নয়ন কমিশনার (হস্তশিল্প)-এর কার্যালয়, ভারতের হস্তশিল্প ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে প্রযুক্তি, নকশা, উদ্যোক্তা এবং সুস্থিত সমাধানকে কাজে লাগানোর উদ্দেশ্যে ‘হ্যান্ডলুম হ্যাকাথন ২০২৬ – “উইভিং ইনোভেশন” চালু করেছে। জাতীয় হস্তশিল্প দিবস ২০২৬ উদযাপনের অঙ্গ হিসেবে এই উদ্যোগের আয়োজন করা হচ্ছে।
হ্যাকাথনের গ্র্যান্ড ফাইনাল ১ আগস্ট ২০২৬ তারিখে আইআইটি দিল্লির ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার (FITT)-এ অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত দলগুলি শিক্ষাঙ্গন, শিল্প, নকশা, প্রযুক্তি এবং হস্তশিল্প ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এক বিশিষ্ট বিচারকমণ্ডলীর সামনে তাদের সমাধান উপস্থাপন করবে।
এই উদ্যোগ প্রসঙ্গে বস্ত্র মন্ত্রকের উন্নয়ন কমিশনার (হস্তশিল্প) ডঃ এম. বীনা বলেন:
“হ্যান্ডলুম হ্যাকাথন ২০২৬-এর লক্ষ্য হলো ভারতের যুবসমাজের সৃজনশীলতাকে হস্তশিল্প ক্ষেত্রের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে একত্রিত করা। তাঁতি, শিক্ষার্থী, ডিজাইনার, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং উদ্ভাবকদের জন্য একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে, এই উদ্যোগটির লক্ষ্য হলো এমন বাস্তবসম্মত ও সম্প্রসারণযোগ্য সমাধান তৈরি করা, যা প্রধান প্রতিবন্ধকতাগুলির মোকাবিলা করবে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং হস্তশিল্প ক্ষেত্রের উন্নয়নে অবদান রাখবে।”
পণ্য ও ডিজাইন উদ্ভাবন, সুস্থিতি ও চক্রাকার অর্থনীতি, ডিজিটাল প্রযুক্তি, বাজারে প্রবেশাধিকার, ব্র্যান্ডিং, সরবরাহ শৃঙ্খলের কার্যকারিতা, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যবসায়িক উন্নয়ন এবং সামাজিক প্রভাব সহ বিভিন্ন বিষয়ভিত্তিক ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানকে উৎসাহিত করার জন্য এই হ্যাকাথনের পরিকল্পনা করা হয়েছে।
এই উদ্যোগটি আন্তঃবিষয়ক সমস্যা সমাধানকে উৎসাহিত করার পাশাপাশি হস্তশিল্প পরিমণ্ডল এবং ভারতের উদ্ভাবন ও স্টার্টআপ পরিমণ্ডলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি করতে চায়।
বস্ত্রশিল্প, ফ্যাশন, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা এবং প্রযুক্তিতে উচ্চশিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রী, সেইসঙ্গে তাঁতশিল্পী, কারিগর, গবেষক, স্টার্টআপ, উদ্যোক্তা, উদ্ভাবক এবং পেশাজীবীরা এতে অংশগ্রহণ করতে পারবেন।
অসামান্য ধারণাগুলিকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি, এই হ্যাকাথনের লক্ষ্য হলো সম্ভাবনাময় এবং বাস্তবায়নযোগ্য সমাধানগুলি চিহ্নিত করা।এরপর অংশীদার প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় ধারণাগুলির দিশানির্দেশ, লালন-পালন এবং সেগুলির আরও উন্নয়নের পন্থাপদ্ধতি বিবেচনা করা যেতে পারে। এই উদ্যোগটি এমন উদ্ভাবনকে উৎসাহিত করতে চায় যা তাঁত ক্ষেত্রের আধুনিকীকরণ, প্রতিযোগিতার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বে অবদান রাখে।
অনলাইন রেজিস্ট্রেশন ২০ জুলাই ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। ছাত্রছাত্রী, উদ্ভাবক, স্টার্টআপ, গবেষক, ডিজাইনার, উদ্যোক্তা এবং তাঁতশিল্পীরা www.youthideathon.in/handloom-এর মাধ্যমে নিবন্ধন করতে এবং তাদের প্রস্তাব জমা দিতে পারবেন।
উন্নয়ন কমিশনার (হস্তশিল্প)-এর কার্যালয় সারা দেশ থেকে ছাত্রছাত্রী, উদ্ভাবক, ডিজাইনার, উদ্যোক্তা, গবেষক, স্টার্টআপ এবং হস্তশিল্প কর্মীদের হ্যাকাথনে অংশগ্রহণ করতে এবং প্রযুক্তি-সক্ষম, সুস্থিত ও বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ভারতীয় হস্তশিল্প ক্ষেত্রের জন্য উদ্ভাবনী সমাধান তৈরিতে অবদান রাখতে আমন্ত্রণ জানিয়েছে।
ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ উন্নয়ন কমিশনার (হস্তশিল্প)-এর কার্যালয় হস্তশিল্প ক্ষেত্রের প্রচার, উন্নয়ন এবং কল্যাণের জন্য নিয়োজিত সর্বোচ্চ সংস্থা। নীতিগত হস্তক্ষেপ, উন্নয়ন কর্মসূচি, বাজার সম্প্রসারণের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে এটি ভারতীয় হস্তশিল্পের প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধি, তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভারতের সমৃদ্ধ বয়ন ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2282688)
आगंतुक पटल : 10