PIB Backgrounder
azadi ka amrit mahotsav

SHE-LEAPS : ‘লাখপতি দিদি’দের ডিজিটাল ক্ষমতায়ন

प्रविष्टि तिथि: 01 JUL 2026 11:08AM by PIB Agartala

নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২৬

 

ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ জীবিকার রূপান্তর

SHE-LEAPS-এর পূর্ণরূপ হ’ল – Self-Help Entrepreneur-Livelihoods and Enterprise Application for Prosperity and Sustainability। এটি ভারতের গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। উদ্যোগ গঠন এবং সেগুলোর কার্যক্রম ও অগ্রগতির ওপর নজর রাখার জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। SHE-LEAPS গ্রামীণ মহিলাদের জীবিকা সৃষ্টি, উদ্যোগের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করে। শক্তিশালী ও সুস্থিত গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এটি কৃষি ও কৃষি-বহির্ভূত - উভয় ধরনের গ্রামীণ উদ্যোগকেই সহায়তা করে থাকে।
'ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন'-এর তৈরি 'SHE-LEAPS' মোবাইল অ্যাপ্লিকেশনটি ‘LokOS’ প্ল্যাটফর্মের আওতায় বাস্তবায়িত হচ্ছে। ‘LokOS’ এমন এক ডিজিটাল ব্যবস্থা, যা দেশজুড়ে বিভিন্ন গোষ্ঠী-ভিত্তিক সংগঠনের কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে। এই সংগঠনগুলির মধ্যে স্বনির্ভর গোষ্ঠী, গ্রাম সংগঠন এবং ক্লাস্টার-স্তরের ফেডারেশনগুলি রয়েছে। সদস্যদের নথিপত্র সংরক্ষণ, আর্থিক লেনদেন ও জীবিকা-সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সমন্বিত উদ্যোগের ওপর নজর রাখার মতো কাজগুলি ডিজিটাইজ করতে ‘LokOS’ সহায়তা করে।
নতুন দিল্লিতে আয়োজিত 'রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলন'-এ ২৯ জুন, ২০২৬ তারিখে 'SHE-LEAPS'-এর সূচনা হয়। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ছিল 'গ্রামোদয় সে রাষ্ট্রোদয়'। সম্মেলনে গ্রামোন্নয়নের প্রধান প্রকল্পগুলির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে সরকারের 'বিকশিত গ্রাম - বিকশিত ভারত' লক্ষ্যকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সারা দেশে SHE-LEAPS-এর বাস্তবায়ন

SHE-LEAPS-এর উদ্দেশ্য হল:

সারা দেশে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন।
গ্রামীণ এলাকায় মহিলাদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগ গড়ে তোলা ও সেগুলোকে শক্তিশালী করা।
গ্রামীণ উৎপাদকদের আনুষ্ঠানিক মূল্য-শৃঙ্খলের সঙ্গে সংযুক্ত করা।
স্বনির্ভর গোষ্ঠীভুক্ত পরিবারগুলির আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো।
তথ্য-ভিত্তিক গ্রামীণ উদ্যোক্তা কার্যক্রমকে সহায়তা করা।

SHE-LEAPS কর্মসূচিটি ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়িত হবে। এটি সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 'রাজ্য গ্রামীণ জীবিকা মিশন'-কে সহায়তা প্রদান করবে। এই প্ল্যাটফর্মটি উদ্যোগ-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে, যার ফলে গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমের অগ্রগতি চোখে পড়ে। এর মাধ্যমে বিভিন্ন স্তরে তদারকি ব্যবস্থাও শক্তিশালী হয়। ফলস্বরূপ, এটি স্থানীয় ও জাতীয়—উভয় পর্যায়েই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সহায়তা করবে।

উদ্যোগ বিকাশে ডিজিটাল সেবা

SHE-LEAPS বিভিন্ন ক্ষেত্র থেকে তাৎক্ষণিক কার্যপরিচালনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং জীবিকা অর্জনের সম্পূর্ণ যাত্রাপথটি পর্যবেক্ষণ করে। প্রোফাইল তৈরি থেকে শুরু করে উদ্যোগের কর্মদক্ষতা বা পারফরম্যান্স যাচাই—প্রতিটি ধাপেই এই প্ল্যাটফর্মটি সহায়তা প্রদান করে। এটি ডিজিটাল নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুশাসনকে উন্নত করার পাশাপাশি সঠিক পরিকল্পনা, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তথ্য-ভিত্তিক নীতি-নির্ধারণে সহায়তা করে।

'লাখপতি দিদি' উদ্যোগকে এগিয়ে নেওয়া

SHE-LEAPS আয় বৃদ্ধি এবং উদ্যোগের কার্যকারিতা সার্বিকভাবে পর্যবেক্ষণের সুবিধা প্রদানের মাধ্যমে 'লাখপতি দিদি' মিশনকে আরও শক্তিশালী করবে। সম্প্রতি সরকার 'লাখপতি দিদি' প্রকল্পের আওতায় ৩ কোটির বদলে ৬ কোটি মহিলাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
এছাড়াও, সরকার আগামী পাঁচ বছরে 'লাখপতি দিদি'দের সহায়তার জন্য ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করেছে। এটি নারী ক্ষমতায়নের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বৃহৎ পরিসরে উদ্যোগের সম্প্রসারণে সহায়তা করার লক্ষ্যে SHE-LEAPS মোবাইল অ্যাপ্লিকেশনটি এই পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ।

মহিলা নেতৃত্বাধীন শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলা

ডিজিটাল পরিকাঠামো, উদ্যোগমনস্কতা এবং মহিলা ক্ষমতায়নের সমন্বয় ঘটিয়ে SHE-LEAPS গ্রামীণ এলাকায় ডিজিটাল রূপান্তরের পথে এক বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে। উদ্যোগের বিকাশে সহায়তা এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ জোরদার করার মাধ্যমে, এই প্ল্যাটফর্ম দেশজুড়ে 'লাখপতি দিদি' মিশনের পরিধি বাড়াতে সাহায্য করবে। এটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থিত গ্রামীণ রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে ওঠার দিকে এগোচ্ছে।

তথ্যসূত্র -

গ্রামোন্নয়ন মন্ত্রক
https://lokos.dord.gov.in/home
https://x.com/MoRD_GoI/status/2071507758046916762
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279029&reg=6&lang=1
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
https://play.google.com/store/apps/details?id=com.nrlm.gramudyamita&hl=en_IN

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2279939) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Gujarati , Urdu , हिन्दी , Odia , Tamil , Telugu