PIB Backgrounder
GST-র ৯ বছর: করব্যবস্থার সহজীকরণ ও শক্তিশালী ভারত গঠন
प्रविष्टि तिथि:
30 JUN 2026 2:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৬
বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য করের পরিবর্তে সুসংবদ্ধ কর কাঠামো চালু হওয়ায় GST ভারতের পরোক্ষ কর ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে। এর ফলে, একটি অভিন্ন জাতীয় বাজার গড়ে তোলা সম্ভব হয়েছে এবং ‘এক দেশ, এক কর’-এর ধারণা বাস্তবে রূপ পেয়েছে। ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে ধারাবাহিক সংস্কার, ডিজিটাল ব্যবস্থা এবং কেন্দ্র-রাজ্যের আরও শক্তিশালী সমন্বয়ে GST ক্রমাগত বিকশিত হয়েছে। ২০২৫ সালের পরবর্তী প্রজন্মের GST সংস্কার করহার হ্রাস, বিভিন্ন ক্ষেত্রে করছাড় এবং সহজতর প্রক্রিয়ার মাধ্যমে এই কাঠামোকে আরও সরল করেছে। এই পদক্ষেপগুলি সাধারণ পরিবার, MSME, কৃষক, কারিগর, রফতানিকারক এবং বিভিন্ন বাণিজ্য ক্ষেত্রকে উপকৃত করার লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।
GST: ভারতের কর সংস্কারের পথে এক ঐতিহাসিক মাইলফলক
২০১৭ সালের ১ জুলাই পণ্য ও পরিষেবা কর (GST) চালু হওয়ার সাথে সাথে ভারতের সংস্কারের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল। ‘এক দেশ, এক কর’-এর নীতি আজ বাস্তবে পরিণত হয়েছে। এর ফলে, ভারত একটি সমন্বিত কর ব্যবস্থার পথে আরও এগিয়ে গিয়েছে।
গত নয় বছরে GST ‘এক ভারত–শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে আরও শক্তিশালী করেছে। কর হার যুক্তিসংগত করা এবং অভিন্ন প্রক্রিয়া চালুর মাধ্যমে এটি স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও সুদৃঢ় করেছে।
GST-র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
GST-র কাঠামো এমন একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে একত্রিত করেছে, যার ভিত্তিতে এই কর আরোপ এবং পরিচালনা করা হয়।
প্রযোজ্যতা: GST-র আওতায় উৎপাদন, বিক্রয় বা পরিষেবার উপর পৃথকভাবে কর আরোপের পরিবর্তে পণ্য বা পরিষেবার ‘সরবরাহ’-এর উপর কর ধার্য করা হয়।
গন্তব্যভিত্তিক ভোগ কর: GST একটি গন্তব্যভিত্তিক ভোগ কর। অর্থাৎ, যে রাজ্যে পণ্য বা পরিষেবার চূড়ান্ত ব্যবহার হয়, সেই রাজ্যই কর রাজস্ব পায়।
আওতা ও অভিন্নতা: ভোগ্যপন্য হিসাবে মদ জাতীয় পানীয় বাদে প্রায় সমস্ত পণ্য ও পরিষেবাই GST-র আওতায় রয়েছে। সারা দেশে অভিন্ন কর হার চালুর মাধ্যমে এটি কর ব্যবস্থায় অধিকতর সামঞ্জস্য এনেছে। GST কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আরও পাঁচটি পণ্যের উপর GST আরোপ করা যেতে পারে।
GST কাউন্সিল: GST-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং সারা দেশে তার বাস্তবায়নে GST কাউন্সিল বা জিএসটি পরিষদ দিশা নির্ধারণ করে।
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পন্য ও পরিষেবা সম্পর্কিত নেটওয়ার্ক (GSTN):GSTN একটি সংস্থা, যার মালিকানা কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ৫০:৫০ অনুপাতে বিভক্ত। এটি GST ব্যবস্থার অভিন্ন ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। বিভিন্ন ডিজিটাল পরিষেবার মাধ্যমে এটি কেন্দ্র, রাজ্য, করদাতা এবং অন্যান্য অংশীদারদের সহায়তা করে।
দ্বৈত GST ব্যবস্থা: GST-তে দ্বৈত কাঠামো অনুসরণ করা হয়। রাজ্যের অভ্যন্তরে পণ্য বা পরিষেবা সরবরাহের ক্ষেত্রে কেন্দ্র কেন্দ্রীয় GST (CGST) এবং রাজ্য রাজ্য GST (SGST) আরোপ করে। আন্তঃরাজ্য পণ্য ও পরিষেবা সরবরাহের ক্ষেত্রে সমন্বিত GST (IGST) ধার্য করা হয়। সাধারণত IGST-র হার CGST ও SGST-র সম্মিলিত হারের সমান।
পরবর্তী প্রজন্মের GST সংস্কার
GST কাউন্সিলের ৫৬-তম বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা এবং ব্যবসার ক্ষেত্রে কর-সংক্রান্ত প্রক্রিয়া সরল করার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের GST সংস্কার অনুমোদিত হয়। করহার এবং করছাড় সংক্রান্ত এই পরিবর্তনগুলি ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
‘GST 2.0’ নামে পরিচিত এই সংস্কার কর ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।
প্রধান পদক্ষেপগুলি
সহজতর করহার কাঠামো: করব্যবস্থা মূলত দুটি করহারে সীমাবদ্ধ করা হয়েছে— ৫ শতাংশ এবং ১৮ শতাংশ।
বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের উপর কর: রাজস্বের ভারসাম্য বজায় রাখা এবং আরও ন্যায্য কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের উপর ৪০ শতাংশ করহার চালু হয়েছে। এর আওতায় রয়েছে লটারি ও অনলাইন গেমিং, তামাকজাত পণ্য, বায়ুযুক্ত পানীয়, উচ্চমূল্যের গাড়ি, ইয়ট এবং ব্যক্তিগত বিমান।
সহজতর কর-অনুবর্তিতা: GST 2.0-এ নথিভুক্তিকরণ এবং রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ হয়েছে। একই সঙ্গে দ্রুত রিফান্ড এবং ব্যয় হ্রাসের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে, বিশেষ করে MSME এবং স্টার্টআপগুলির জন্য কর-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ হয়েছে।
কম ব্যয়, বিস্তৃত প্রভাব
করহার হ্রাসের পাশাপাশি, GST 2.0 ব্যয় কমিয়ে, পণ্যকে আরও সাশ্রয়ী করে, কর-অনুবর্তিতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে ভারতের প্রবৃদ্ধির গতিকে আরও শক্তিশালী করছে।
বিভিন্ন ক্ষেত্রজুড়ে এর বিস্তৃত প্রভাবের মাধ্যমে GST 2.0 রফতানি, কারিগর, কৃষক এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে আরও উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে।
পরিবার ও সাধারণ মানুষের জন্য স্বস্তি
* পণ্য ও পরিষেবা সস্তা হওয়ায় ভোগ বৃদ্ধি পাচ্ছে এবং সঞ্চয়ের সুযোগও বাড়ছে।
* বিমা এবং অত্যাবশ্যকীয় ওষুধের উপর GST-ছাড় সাধারণ পরিবারের সুরক্ষা আরও জোরদার করছে এবং স্বাস্থ্য পরিষেবার নাগাল আরও সহজ করছে।
MSME এবং শিল্পক্ষেত্রে উৎসাহ
* সিমেন্ট, হস্তশিল্প-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচামাল ও ক্ষেত্রের উপর GST হার কমানোয় উৎপাদন ব্যয় হ্রাস পেয়েছে এবং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
* সহজতর কর কাঠামোর ফলে পণ্যের শ্রেণীবিভাগ-সংক্রান্ত বিরোধ কমেছে এবং ব্যবসার ক্ষেত্রে কর-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হয়েছে। দীর্ঘমেয়াদে এর ফলে করদাতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং রাজস্ব বৃদ্ধিও উৎসাহিত হবে।
* উল্টোমুখী শুল্ক কাঠামোর সংশোধনের ফলে, দেশে মূল্য সংযোজন বৃদ্ধি পেয়েছে এবং রফতানিও আরও উৎসাহিত হয়েছে।
এমএসএমই ও ক্ষুদ্র করদাতাদের জন্য সম্মতি পালনের প্রক্রিয়া আরও সহজ
এমএসএমই, স্টার্টআপ এবং ক্ষুদ্র করদাতাদের জন্য জিএসটি-সংক্রান্ত সম্মতি পালনের প্রক্রিয়া সহজ করতে সময়ে সময়েই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছাড়ের সীমা বৃদ্ধি: ২০১৯ সালের এপ্রিল মাস থেকে পণ্য সরবরাহকারীদের জন্য জিএসটি নিবন্ধনের সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ শ্রেণীভুক্ত কয়েকটি রাজ্য ছাড়া কম্পোজিশন স্কিমের সীমাও ৭৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১.৫ কোটি টাকা করা হয়েছে।
কম্পোজিশন স্কিম
এই প্রকল্প ক্ষুদ্র করদাতাদের জন্য প্রণীত। এর আওতায় নির্দিষ্ট হারে টার্নওভারের উপর জিএসটি প্রদান করা যায়। প্রয়োজনীয় নথিপত্র কম। রিটার্ন দাখিলের প্রক্রিয়াও সহজ।
সহজ রিটার্ন দাখিল: ২০২০ সালে কোয়ার্টারলি রিটার্ন ফাইলিং অ্যান্ড মান্থলি পেমেন্ট (কিউআরএমপি) স্কিম শুরু হয়েছে। বছরে সর্বাধিক ৫ কোটি টাকা মোট ব্যবসামূল্যের করদাতারা এই সুবিধা পান। এর ফলে, প্রতি তিন মাসে একবার রিটার্ন দাখিল করা যায়। এ ছাড়া, কোনও লেনদেন না থাকলেও এসএমএসের মাধ্যমে এনআইএল মাসিক জিএসটি রিটার্ন দাখিলের সুবিধা দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ী ও ই-কমার্স বিক্রেতাদের সহায়তা: ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ই-কমার্স অপারেটর বা ই-বানিজ্য চালকের মাধ্যমে একই রাজ্যের মধ্যে পণ্য সরবরাহকারী ক্ষুদ্র করদাতাদের বাধ্যতামূলক জিএসটি নিবন্ধন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কম ঝুঁকিপূর্ণ আবেদনকারীদের জন্য সহজ নিবন্ধন ব্যবস্থাও শুরু হয়েছে। এর ফলে, তিন কর্মদিবসের মধ্যেই নিবন্ধনের সুযোগ মিলছে।
বিবাদ ও পুরনো দাবিতে স্বস্তি: জিএসটি-সংক্রান্ত আপিল দাখিলের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রি-ডিপোজিট বা অগ্রিম জমার পরিমাণ কমানো হয়েছে।
নির্দিষ্ট শর্তসাপেক্ষে কিছু ডিমান্ড নোটিশের ক্ষেত্রে সুদ ও জরিমানাও মকুব করা হয়েছে। ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষ এই সুবিধার আওতায় রয়েছে।
জিএসটির মাধ্যমে তথ্যভিত্তিক কর প্রশাসনের প্রসার
জিএসটি সংস্কারের ফলে কর বিষয়ক প্রশাসন ক্রমশ প্রযুক্তিনির্ভর কাঠামোর দিকে এগিয়েছে।
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক (জিএসটিএন) পোর্টাল এবং ই-ইনভয়েসিং-এর মাধ্যমে ইনভয়েসের তথ্য তাৎক্ষণিকভাবে নথিভুক্ত হচ্ছে। এর ফলে কর প্রশাসনে স্বচ্ছতা বেড়েছে। হাতে তথ্য নথিভুক্ত করার প্রয়োজন কমেছে। তথ্যের নির্ভুলতা বৃদ্ধি পেয়েছে। তথ্যের অমিলও কমেছে।
স্বয়ংক্রিয় ব্যবস্থার ফলে করদাতাদের রিটার্ন দাখিলের প্রক্রিয়াও সহজ হয়েছে। সরবরাহকারীর কর দায় এবং প্রাপকের ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি)-এর মিল দ্রুত করা সম্ভব হচ্ছে। আগে থেকেই পূরণ করা রিটার্ন, সহজ সমন্বয় এবং তাৎক্ষণিক যাচাইয়ের ফলে ভুল কমেছে। প্রক্রিয়াগত জটিলতাও হ্রাস পেয়েছে।
জিএসটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের ব্যবহার
কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং তথ্য বিশ্লেষণের মতো উন্নত প্রযুক্তি আরও নির্দিষ্ট নজরদারিতে ব্যবহার করা হচ্ছে। তথ্যের ধরণ এবং ঝুঁকির সূচক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য কর ফাঁকি চিহ্নিত করা সম্ভব হচ্ছে। নিবন্ধন, যাচাই-সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর ফলে, নজরদারি মূলত উচ্চ ঝুঁকিপূর্ণ করদাতাদের উপর কেন্দ্রীভূত হচ্ছে। নিয়ম মেনে চলা করদাতাদের ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রক্রিয়া আরও সহজ হয়েছে। এই পদক্ষেপগুলি শুধু প্রশাসনিক দক্ষতা বাড়ায়নি। দেশের বৃহত্তর সমষ্টিগত অর্থনৈতিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করেছে। রাজস্ব আদায় আরও পূর্বানুমানযোগ্য হয়েছে। রাজস্ব বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সুবিধা হয়েছে। আর্থিক স্বচ্ছতাও বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের অগ্রগতি জিএসটি সংগ্রহে স্পষ্ট
জিএসটি সংগ্রহ এখন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সূচক। রাজস্ব বৃদ্ধির মাধ্যমে ভোগ, বাণিজ্য, করদাতার সংখ্যা বৃদ্ধি, উন্নত রিপোর্টিং ব্যবস্থা এবং সম্মতি পালনের উন্নতির চিত্র স্পষ্ট হয়েছে।
২০১৭ সালে জিএসটি করদাতার সংখ্যা ছিল ৬৬.৫ লাখ। এ বছর মে মাস পর্যন্ত সময়কালে সেই সংখ্যা বেড়ে ১.৬৫ কোটিতে পৌঁছেছে। দেশের অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের অগ্রগতিরও প্রতিফলন ঘটেছে।
২০১৭-১৮ অর্থবর্ষে মোট জিএসটি সংগ্রহ ছিল প্রায় ৭.৪ লাখ কোটি টাকা। পরবর্তী বছরগুলিতে এই সংগ্রহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
বিগত পাঁচ বছরে জিএসটি সংগ্রহ প্রায় ১৩.৭৬ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ২২.২৭ লাখ কোটি টাকায় পৌঁছেছে।
২০২৬-২৭ অর্থবর্ষেও এই ধারা বজায় রয়েছে। এপ্রিল ও মে মাস মিলিয়ে প্রায় ৪.৩৭ লাখ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে।
জিএসটির সংস্কার যাত্রা অব্যাহত
জিএসটি দিবস শুধু একটি ঐতিহাসিক কর সংস্কারের সূচনাকে স্মরণ করার দিন নয়। দেশের পরোক্ষ কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ এবং সমন্বিত করে তোলার ধারাবাহিক প্রচেষ্টারও প্রতিফলন এই দিনটি। জিএসটি ২.০-এর সংস্কারগুলি সেই অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে চলেছে। নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণে এই সংস্কারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে।
তথ্যসূত্র
Prime Minister's Office (PMO)
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163986&lang=1®=3
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/budget2017-2018/es2016-17/echap01_vol2.pdf
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=155151®=48&lang=2
https://dor.gov.in/concept-note-gst
https://cbic-gst.gov.in/pdf/01012018-GST-Concept-and-Status.pdf
https://gstcouncil.gov.in/about-us
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU2414_pElIGR.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU3545_9tJ3Tw.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU2272_Pzuq3S.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU1430_6jAjKo.pdf?source=pqals
https://tutorial.gst.gov.in/downloads/news/monthly_gst_data_for_mar_2026_for_publishing_final.pdf
https://tutorial.gst.gov.in/downloads/news/final_monthly_gst_data_for_may_2026_for_publishing.pdf
https://sansad.in/getFile/annex/250/AU233.pdf?source=pqars
https://www.gstn.org.in/
World Bank
https://documents1.worldbank.org/curated/en/348501542614212003/pdf/India-develoment-Update-GST-December-2017.pdf
Press Information Bureau
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154789&ModuleId=3®=48&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155151&ModuleId=3®=48&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155156&ModuleId=3®=48&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=151915®=48&lang=2
Nine Years of GST
*****
SSS/SS
(रिलीज़ आईडी: 2279486)
आगंतुक पटल : 5