এমআইএফএফ ২০২৬-এ আশা, নিজেকে মেনে নেওয়া এবং মানসিক সুস্থতার বার্তা নিয়ে এল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'গুদগুদি'
মুম্বাই, ২০ জুন ২০২৬
শুক্রবার (১৯ জুন, ২০২৬) ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ ২০২৬) হিন্দি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'গুদগুদি'-র এশীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ২১ মিনিটের এই হিন্দি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন মনীষা মাকওয়ানা। চলচ্চিত্রটির জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানে পরিচালক, প্রযোজক হর্ষবর্ধন প্যাটেল, প্রধান দুই অভিনয়শিল্পী আহাস চান্না ও হৃদয়াংশ পারেখ এবং অন্যান্য কলাকুশলীদের এনএফডিসি-র পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
জমকালো প্রদর্শনী শুরুর আগে, উৎসব প্রাঙ্গণে পরিচালক মনীষা মাকওয়ানা ও প্রযোজক হর্ষ প্যাটেল সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তাঁরা চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, বিষয়বস্তু এবং বিভিন্ন উৎসবে এর যাত্রাপথ নিয়ে নানা তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেন।
'গুদগুদি' শিরোনামটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মনীষা মাকওয়ানা জানান যে, এটি আনন্দ ও আশার অনুভূতির প্রতীক। তিনি বলেন, "চলচ্চিত্রটির শেষে শিশু চরিত্র আরভ বলে যে সে তার হৃদয়ে 'গুদগুদি' অনুভব করছে। এই অনুভূতিই গল্পের মূল নির্যাসকে ধারণ করে।" রেড কার্পেট অনুষ্ঠানে পরিচালক মনীষা মাকওয়ানা আরও বলেন, "এটি আমার হৃদয়ের একটি অংশ। আমি আশা করি, ছবিটি দেখার সময় প্রত্যেকেই সেই 'গুদগুদি'( কাতুকুতু)-র অনুভূতিটি অনুভব করবেন।" এরপরই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
এই চলচ্চিত্রটি ঋতু নামের এক তরুণীকে কেন্দ্র করে আবর্তিত, যে একটি অ্যামিউজমেন্ট পার্কে মাসকট হিসেবে কাজ করে। নিজের পেশা নিয়ে অস্বস্তি এবং ব্যক্তিগত দায়িত্বের ভারে জর্জরিত ঋতু নিজের আত্মমর্যাদা বা মূল্যবোধ নিয়ে এক ধরণের টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। আরভ নামের একটি শিশুর সঙ্গে মেলামেশার মাধ্যমে সে তার জীবন ও কাজকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। পরিচালকের মতে, মাসকটের পোশাকটি একটি রূপক আড়াল বা ফিল্টার হিসেবে কাজ করে, যা ঋতুর প্রকৃত আবেগ ও অভ্যন্তরীণ সংগ্রামকে বাইরের জগতের সামনে গোপন রাখে।
'গুদগুদি'-র কেন্দ্রীয় চরিত্র ঋতুর গল্পটি কেবল কোনো একজন ব্যক্তির গল্প নয়, বরং এটি প্রতিটি মধ্যবিত্ত সন্তানের গল্প। আরভ—সেই ছোট ছেলেটি যে মাসকটের পোশাকের আড়ালেও ঋতুর আসল সত্তাকে দেখতে পায়—তার সঙ্গে ঋতুর নীরব বন্ধনটিই হয়ে ওঠে চলচ্চিত্রের আবেগের মূল কেন্দ্রবিন্দু; এই সম্পর্কটিই ধীরে ধীরে ঋতুকে তার হারিয়ে যাওয়া কণ্ঠস্বর ফিরে পেতে সাহায্য করে। ঋতুর ক্রমেই কমে আসা আত্মবিশ্বাস বা অস্তিত্বের বোধকে ফুটিয়ে তুলতে পরিচালক 'হাই-অ্যাঙ্গেল শট' (উপর থেকে নেওয়া দৃশ্য) ব্যবহার করেছেন। অন্যদিকে, তাঁর মনের ভেতরের বিশৃঙ্খলা বোঝাতে দৃশ্যগুলোর মধ্যে এক ধরণের অগোছালো ও উপরিপাতিত বিন্যাস দেখা যায়। একটি সূক্ষ্ম ও অভিনব কৌশলের মাধ্যমে, সাধারণত নির্বাক থাকা মাসকট চরিত্রটি এখানে কেবল 'ভয়েস-ওভার'-এর মাধ্যমে কথা বলে, যা তার বাইরের জগতের মুখোশ এবং একান্ত ব্যক্তিগত দুর্বলতার মধ্যকার বৈপরীত্যকে আরও গভীর করে তোলে। অবশেষে ঋতু আরভের সামনে তার মাসকটের মাথার অংশটি খুলে ফেলে। আরাভই একমাত্র ব্যক্তি যে তাঁকে আক্ষরিক ও রূপক—উভয় অর্থেই সত্যিকারভাবে দেখতে পেয়েছে। চলচ্চিত্রটি একটি উন্মুক্ত সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয়, যা দর্শকদের তাদের নিজস্ব 'গুদগুদি'( কাতুকুতু) বা আনন্দের উৎস খুঁজে নিতে উদ্বুদ্ধ করে, যেখানে এই শব্দটি আশা ও আনন্দের প্রতীক হয়ে ওঠে এবং নতুন করে খুঁজে পাওয়া আনন্দকে ব্যক্তিগতভাবে অনুধাবনের আহ্বান জানায়। একেবারে শেষ পর্যায়ে, বাস্তব জীবনের মাসকটদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে চলচ্চিত্রটি তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে।
'গুদগুদি'-র চিত্রনাট্যকে সাহসী আখ্যা দিয়ে পরিচালক জানান যে, এই গল্পটি তাঁর নিজের অত্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, "ঋতু ও আরাভের এই যাত্রা আমাদের শেখায় যে, মাঝে মাঝে মনের ওপর জমে থাকা আবেগের ভার বা মানসিক বোঝা নামিয়ে রাখাটা দোষের কিছু নয়। চলচ্চিত্রটি দর্শকদের মনে আশার সঞ্চার করে এবং প্রিয়জনদের কাছে নিজের মনের কথা খুলে বলতে উৎসাহিত করে।" সংলাপের মধ্যে গুজরাটি ভাষার আবহ বা প্রভাব যুক্ত করা হয়েছে, যা পরিচালকের ব্যক্তিগত স্পর্শকে চলচ্চিত্রের সঙ্গে মিশিয়ে দিয়েছে; আগেই যেমনটি বলা হয়েছে, এই চলচ্চিত্রটি তাঁর একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই নির্মিত।
আমেদাবাদের 'বাল ভাটিকা (শিশু উদ্যান) পার্কে' চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে এবং এতে এমন অনেক স্বতঃস্ফূর্ত মুহূর্ত ও তাৎক্ষণিক উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে, যা শুটিং চলাকালীন প্রাকৃতিকভাবেই উঠে এসেছিল। পরিচালক চলচ্চিত্রটির সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হিসেবে সেই দৃশ্যটিকে চিহ্নিত করেছেন, যেখানে ঋতু অবশেষে নিজের জীবনকে যেমন আছে তেমনই মেনে নেয় এবং এক ধরণের মুক্তির অনুভূতি লাভ করে। চলচ্চিত্রটির মূল বার্তার ওপর আলোকপাত করে প্রযোজক হর্ষ প্যাটেল মানুষকে তাদের নিজস্ব অন্তর্জগতের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মানুষের উচিত বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে নিজের মনের কথা খুলে বলা। মানসিক সুস্থতার সূচনা হয় খোলামেলা ও সৎ আলোচনার মধ্য দিয়ে।”
প্রধান চরিত্রে অভিনেত্রী আহসাস চান্নাকে নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক মনীষা মাখওয়ানা জানান যে, চিত্রনাট্যটি মূলত তাঁকেই মাথায় রেখে লেখা হয়েছিল। তিনি বলেন, “আহসাস এমন কোনো অভিনেত্রী নন যিনি নিজের তারকা-সুলভ প্রভাব বা দাপট জাহির করতে পছন্দ করেন। সাধারণত অভিনেতারা পর্দায় নিজেদের মুখ দেখাতে ভালোবাসেন, কিন্তু এই সিনেমায় তাঁর মুখ বেশিরভাগ সময় একটি মাসকট মাস্কের আড়ালে ঢাকা থাকে এবং মাত্র কয়েক মিনিটের জন্য তা দেখা যায়। নিজের অভিনয়ের দক্ষতার ওপর অগাধ আস্থার কারণেই হয়তো তিনি এই চরিত্রটি বেছে নিয়েছিলেন।”
পরিচালক শিশু-অভিনেতা হৃদয়াংশকে নির্বাচনের বিষয়টি নিয়েও কথা বলেন; একটি পূর্ববর্তী প্রজেক্টে তাঁর অভিনয় দেখে কাস্টিং ডিরেক্টর মুগ্ধ হওয়ার পরই তাঁকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল।
পরিচালক মনীষা মাখওয়ানা উল্লেখ করেন যে, অনলাইন ও অফলাইন জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চাপ বর্তমানে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নানা প্রভাব ফেলছে। তিনি জানান, এই চলচ্চিত্রটি দর্শকদের আত্ম-পর্যালোচনা, নিজেকে মেনে নেওয়া এবং আবেগ প্রকাশের ক্ষেত্রে খোলামেলা মনোভাব গ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করে।
পরিচালক আরও জানান যে, তিনি এর আগে ‘স্ত্রী’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো প্রশংসিত সব প্রজেক্টে কাজ করেছেন এবং চলচ্চিত্র জগতে রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডি.কে. (রাজ ও ডিকে)-কে তাঁর পরামর্শদাতা বা মেন্টর হিসেবে স্বীকার করেন।
'গুদগুদি' আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গনে ইতিবাচক সাড়া পাচ্ছে। এমআইএফএফ ২০২৬-এ প্রদর্শনের পাশাপাশি ছবিটি কান চলচ্চিত্র উৎসবের 'শর্ট ফিল্ম কর্নার'-এও প্রদর্শিত হয়েছে। খাঁটি বা অকৃত্রিম গল্প বলার গুরুত্বের ওপর জোর দিয়ে মিস মাখওয়ানা বলেন, "আন্তরিক গল্পের জায়গা সবসময়ই তৈরি হয়ে যায়।"
প্রযোজক হর্ষ প্যাটেল জানিয়েছেন যে, নির্মাতারা ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছেন এবং প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য তিন-চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে একত্রে উপস্থাপন করার বিষয়টি বিবেচনা করছেন। প্রযোজক ও পরিচালক জানিয়েছেন, ছবিটি আরও কিছুদিন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
SC/SB/DM
रिलीज़ आईडी:
2275725
| Visitor Counter:
4