বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
কেন্দ্র ও পশ্চিমবঙ্গ অবিলম্বে কেন্দ্রীয় বিজ্ঞান এবং উদ্ভাবনী প্রকল্পগুলি চালু করবে
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজ্ঞান উদ্যোগের সম্প্রসারণের বিষয়ে আলোচনা করলেন
পোস্ট করার দিনক্ষণ:
26 MAY 2026 5:13PM by PIB Agartala
দিল্লী, ২৬ মে, ২০২৬
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO), কর্মীবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্টআপ (StartUp) সম্পর্কিত সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্প অবিলম্বে পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করা হবে।
বৈঠকে দুটি প্রধান সিদ্ধান্তও নেওয়া হয়েছে—সিএসআইআর (CSIR) প্রতিষ্ঠানগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের আক্রান্ত জেলাগুলিতে আর্সেনিক বিষক্রিয়ার ওপর একটি ডেডিকেটেড বা বিশেষ গবেষণা শুরু করা, এবং ক্যান্সার ও অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির ওপর সহযোগিতামূলক ক্লিনিকাল ও ওষুধের পরীক্ষা-সম্পর্কিত গবেষণা শুরু করা, যার মধ্যে অগ্রণী বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, সরকারি মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল এবং এইমস (AIIMS)-সংযুক্ত মেডিকেল নেটওয়ার্কগুলি অন্তর্ভুক্ত থাকবে।
এই বৈঠকে পশ্চিমবঙ্গে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির পরিচালক এবং প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রাজ্যজুড়ে বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন, জৈবপ্রযুক্তি, ক্লিনিক্যাল স্টাডিজ, স্টার্টআপের প্রসার এবং বিজ্ঞান শিক্ষার প্রচার ও সম্প্রসারণের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপর আলোকপাত করা হয়।
ডঃ জিতেন্দ্র সিং বলেন, পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী বৈজ্ঞানিক ও শিক্ষামূলক পরিবেশ রয়েছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই রাজ্যজুড়ে কাজ করছে এবং গবেষণার উন্নত ক্ষেত্রগুলিতে অবদান রাখছে। তিনি বলেন যে, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যসেবা নেটওয়ার্কগুলির সমন্বয়ে বৈজ্ঞানিক গবেষণা, ক্লিনিকাল ট্রায়াল এবং উদ্ভাবন-চালিত সহযোগিতার জন্য এই রাজ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে।
আলোচনার একটি বড় কেন্দ্রবিন্দু ছিল সারা পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজগুলিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ছাত্র-কেন্দ্রিক এবং নারী-কেন্দ্রিক প্রকল্পগুলির বাস্তবায়ন। সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের এবং মহিলাদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা, উদ্ভাবন ও অংশগ্রহণকে শক্তিশালী করতে 'ইন্সপায়ার' (INSPIRE), ইন্সপায়ার মানক (INSPIRE MANAK), বিজ্ঞান জ্যোতি (Vigyan Jyoti), কিরণ (KIRAN) এবং ওয়াইজ (WISE) সহ ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি সমন্বিত ভাবে সম্প্রসারিত এবং বাস্তবায়িত করা হবে।
মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে কেন্দ্রীয় বৈজ্ঞানিক প্রকল্পগুলির একীকরণ যুবকদের মধ্যে উদ্ভাবন, বৈজ্ঞানিক শিক্ষা এবং গবেষণা-ভিত্তিক প্রতিভা বিকাশের জন্য একটি শক্তিশালী পথ তৈরি করতে সহায়তা করবে।
বৈঠকে অঞ্চল-নির্দিষ্ট বৈজ্ঞানিক হস্তক্ষেপের বিষয়েও আলোচনা করা হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু অংশে জনস্বাস্থ্যকে প্রভাবিত করে এমন ক্ষেত্রগুলিতে। সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় নথিভুক্ত আর্সেনিক বিষক্রিয়ার ওপর সিএসআইআর (CSIR)-এর নেতৃত্বে বৈজ্ঞানিক গবেষণা অবিলম্বে শুরু করা হবে। একই সঙ্গে, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, সরকারি মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল এবং শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়ের মাধ্যমে ক্যান্সারের ওষুধ, অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপী এবং ক্লিনিকাল গবেষণা সংক্রান্ত সহযোগিতামূলক গবেষণার প্রচেষ্টাকেও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
ডঃ জিতেন্দ্র সিং বলেন, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, শিক্ষাজগৎ, স্বাস্থ্যসেবা পরিকাঠামো এবং উদ্ভাবন ইকোসিস্টেমের মিলন পূর্ব ভারতে বিজ্ঞান-নেতৃত্বাধীন আঞ্চলিক উন্নয়নের একটি নতুন মডেল তৈরি করতে পারে। তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমন্বিত অংশগ্রহণ ভারতের ক্রমবর্ধমান জ্ঞান ও উদ্ভাবনী অর্থনীতিতে রাজ্যের অবদানকে শক্তিশালী করতে সাহায্য করবে।
আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বাস্তবায়নের একটি রোডম্যাপ তৈরি করতে আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং কেন্দ্রীয় বৈজ্ঞানিক মন্ত্রক ও বিভাগগুলির সিনিয়র আধিকারিকদের নিয়ে একটি প্রাথমিক সমন্বয় বৈঠক আহ্বান করা হবে। এর পরে এই উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ-স্তরের মন্ত্রিপর্যায়ের বৈঠক করা হবে।
ডঃ জিতেন্দ্র সিং বলেন, বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি রাজ্যে বৈজ্ঞানিক উন্নয়ন, গবেষণামূলক সহযোগিতা, স্টার্টআপের বিকাশ এবং প্রযুক্তি-চালিত জনকল্যাণমূলক উদ্যোগগুলিকে ত্বরান্বিত করবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2265883)
ভিজিটরদের কাউন্টার : 7