বাণিজ্য ও শিল্প মন্ত্রক
রপ্তানীর মূল্যমান এই বছর ১ ট্রিলিয়ন ডলার এবং আগামী পাঁচ বছরে ২ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছে ভারত: পীযূষ গোয়েল
পোস্ট করার দিনক্ষণ:
18 MAY 2026 2:54PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ মে, ২০২৬
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, রপ্তানীর মূল্যমান এই বছর ১ ট্রিলিয়ন ডলার এবং আগামী পাঁচ বছরে ২ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এই বিষয়টি আত্মনির্ভর ভারত কর্মসূচির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যাপার মহোৎসবের ওয়েবসাইট – এর সূচনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি। এই বছর রপ্তানীর মূল্যমান এখনও পর্যন্ত ৮৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।
রপ্তানীর প্রসারে কেন্দ্রীয় সরকার সবধরনের সহায়তা প্রস্তুত বলে বাণিজ্য মন্ত্রী উল্লেখ করেছেন। গত সাড়ে তিন বছরে প্রায় ৩৮টি উন্নত দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে পয়লা জুন থেকে। বাণিজ্য মন্ত্রকের পোর্টাল থেকে আমদানী সংক্রান্ত প্রবণতা বুঝে দেশের আমদানী নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। এক্ষেত্রে দেশজ উৎপাদনে জোর দিতে হবে বলে তিনি মনে করিয়ে দেন। বাণিজ্য মন্ত্রী বলেন, মূলধনী পণ্যের মতো কয়েকটি ক্ষেত্রে ভারত বিদেশের উপর অনেকটাই নির্ভরশীল। এই ছবি পাল্টাতে হবে। বিকশিত ভারত ২০৪৭ – এর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। ভারত মণ্ডপম – এ ভারতীয় স্বদেশী মেলার আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। রপ্তানীর বাজারে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠতে পণ্যের গুণমানের দিকে লক্ষ্য দেওয়া দরকার বলে বাণিজ্য মন্ত্রী মনে করিয়ে দিয়েছেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের প্রসারে সরকারের উদ্যোগ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, এইসব সংস্থার সংজ্ঞায় পরিমার্জনের সুবাদে এখন ৫০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের সংস্থাও এমএসএমই ক্ষেত্রের মধ্যেই পড়ে।
ভারতীয় ব্যাপার মহোৎসব’কে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। এই সমারোহে ১ হাজার বাণিজ্য সংস্থা যোগ দেবে। এর পাশাপাশি, প্রতিটি রাজ্য থেকে অন্তত ২৫ জন মহিলা উদ্যোগপতিকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতীয় ব্যাপার মহোৎসব আয়োজিত হবে ১২ – ১৫ অগাস্ট, ২০২৬ -এ।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://bharatiyavyaparmahotsav.com/
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2262391)
ভিজিটরদের কাউন্টার : 6