সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথাগতের পবিত্র স্মৃতি বিজড়িত স্মারকের প্রদর্শনী শেষ হল লেহ-তে

প্রকাশিত: 14 MAY 2026 8:40PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৪ মে, ২০২৬ 


লাদাখে তথাগতের পবিত্র স্মৃতি বিজড়িত স্মারকের প্রদর্শনী শেষ হয়েছে। লেহ-এর ধর্ম সেন্টারে সমাজের সর্বস্তরের মানুষ ভগবান বুদ্ধর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সমবেত হন। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপরাজ্যপাল শ্রী বিনয় কুমার সাক্সেনা চোগলামসারের ধর্ম সেন্টারে তথাগতের পবিত্র দেহাবশেষের ১৪ দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।    

বিশ্ব শান্তি ও সর্বজনীন সুখের জন্য উৎসর্গ করে  সমাপ্তী অনুষ্ঠানে লাদাখের বার্ষিক মহাপ্রার্থনা উৎসব, পবিত্র মনলাম চেনমোর সঙ্গে একই সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই মহাপ্রার্থনা উৎসবে হাজার হাজার ভিক্ষু, ভিক্ষুণী, শ্রদ্ধেয় রিনপোচে এবং ভক্তরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভিক্ষুরা পবিত্র মুখোশ নৃত্য বা ছামস পরিবেশন করেন। 

এই পবিত্র প্রদর্শনীটি লাদাখ সহ দেশ বিদেশের ভক্তদের কাছে বিপুল সাড়া পেয়েছে। চোদ্দ দিন ধরে এই প্রদর্শনী চলার সময় ১ লক্ষ ১৮ হাজারেরও বেশি ভক্ত পবিত্র নিদর্শনগুলিতে শ্রদ্ধা জানান। এটি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অনুষ্ঠিত বর্তমান সময়কালের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ।

২৫৬৯তম বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে, ১মেতে লেহ-এর জিভেৎসালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে পবিত্র নিদর্শনসমূহ জনসাধারণের কাছে প্রদর্শনের জন্য উদ্বোধন করেন। শ্রী শাহ ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি  লাদাখে দুই দিন অতিবাহিত করেন। এর মধ্য দিয়ে
বৌদ্ধ ঐতিহ্য ও আধ্যাত্মিক রীতিনীতির প্রসারে কেন্দ্রীয়  সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়।   

২৯শে এপ্রিল লেহ-তে পবিত্র নিদর্শনটি এসে পৌঁছালে জনগণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নিদর্শনটিকে অভ্যর্থনা জানাতে লেহ বিমানবন্দর থেকে জিভেৎসাল পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এই প্রদর্শনীতে আশীর্বাদ লাভের জন্য প্রত্যন্ত গ্রাম, মঠ এবং সীমান্ত অঞ্চল থেকে ভক্তরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন।  
 
১১ ও ১২ই মে জান্সকারের কারশা গোনপায় নিয়ে যাওয়ার আগে, পবিত্র নিদর্শনটি নয় দিন লেহ-র জিভেৎসালে জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়। সেই সময় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মেলন এবং আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করা হয়েছিল।

পরম পূজনীয় দ্রুকপা থুকসে রিনপোচে জানান, তথাগত বুদ্ধের পবিত্র দেহাবশেষের আশীর্বাদ লাভের সুযোগ পেয়ে লাদাখের মানুষ নিজেদের ভাগ্যবান মনে করছেন।  এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তিনি কেন্দ্রীয় সরকার, লাদাখের উপরাজ্যপাল শ্রী বিনয় কুমার সাক্সেনা এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও সংগঠনগুলির প্রতি কৃতজ্ঞতা জানান।   

 

SC/CB/DM...


(রিলিজ আইডি: 2261306) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil