অর্থমন্ত্রক
২০২৫-২৬ আর্থিক বছরে ১.৯৮ লক্ষ কোটি টাকার সর্বোচ্চ নিট মুনাফার সর্বকালীন নজির সৃষ্টি করল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি, টানা চতুর্থ লাভজনক বছর
প্রকাশিত:
12 MAY 2026 2:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মে , ২০২৬
২০২৫-২৬ আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি তাদের চমৎকার আর্থিক ফলাফল অক্ষুণ্ণ রেখেছে। সুস্থিত ব্যবসায়িক বিকাশ, সম্পদের গুণগত মানের উন্নয়ন, নজিরবিহীন লাভজনকতা এবং শক্তিশালী মূলধনী অবস্থানের মধ্যে দিয়ে এর প্রতিফলন ঘটেছে। দ্রুত বিকাশশীল ভারতীয় অর্থনীতির ঋণের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি তাদের সুস্থিতি ও বর্ধিত প্রাতিষ্ঠানিক সক্ষমতার নিদর্শন রেখেছে।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সম্মিলিত ব্যবসার পরিমাণ ৩১.০৩.২০২৬ তারিখে ২৮৩.৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১২.৮ শতাংশ বেশি। বার্ষিক ১০.৬ শতাংশ বেড়ে সম্মিলিত জমার পরিমাণ পৌঁছেছে ১৫৬.৩ লক্ষ কোটি টাকায়। বার্ষিক ১৫.৭ শতাংশ বেড়ে সম্মিলিত ঋণদানের পরিমাণ পৌঁছেছে ১২৭ লক্ষ কোটি টাকায়।
খুচরো ক্ষেত্র, কৃষি এবং এমএসএমই ক্ষেত্রে ২০২৫-২৬ আর্থিক বছরে ঋণদান ব্যাপকভাবে বেড়েছে। এই তিনটি ক্ষেত্রে ঋণ প্রদানের হার বেড়েছে যথাক্রমে ১৮.১ শতাংশ, ১৫.৫ শতাংশ এবং ১৮.২ শতাংশ। এর মধ্যে দিয়ে উদ্যোক্তাকে সহায়তা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং ব্যাপক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার পরিচয় পাওয়া যায়।
২০২৫-২৬ আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সম্পদের গুণগত মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ৩১.০৩.২০২৬ তারিখে মোট অনাদায়ী ঋণের অনুপাত কমে ১.৯৩ শতাংশ এবং নেট অনাদায়ী ঋণের অনুপাত ০.৩৯ শতাংশে দাঁড়িয়েছে। এও এক সর্বকালীন নজির। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের ৯০ শতাংশেরও বেশি সঞ্চিতির মাধ্যমে মোছার সংস্থান রেখেছে, যা কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যালেন্স শিটের সুস্থিতির প্রতীক।
২০২৫-২৬ আর্থিক বছরে নতুন খেলাপী ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। খেলাপী ঋণের হার কমে ০.৭ শতাংশে দাঁড়িয়েছে। মোট আদায়ের পরিমাণ হয়েছে ৮৬, ৯৭১ কোটি টাকা।
সম্পদের উন্নত গুণমান, ঋণ প্রদানের বিস্তার এবং উচ্চতর আয় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রেখেছে। মোট পরিচালন মুনাফা ৩.২১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। সম্মিলিত নিট মুনাফা আগের বছরের তুলনায় ১১.১ শতাংশ বেড়ে ১.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে যা এক সর্বকালীন রেকর্ড। এই নিয়ে টানা চতুর্থ বছর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি মুনাফা করল।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির মূলধনী অবস্থানও সন্তোষজনক। ৩১.০৩.২০২৬ তারিখে তাদের মূলধন ও ঝুঁকির অনুপাত হয়েছে ১৬.৬ শতাংশ। সংরক্ষিত মুনাফা ও অভ্যন্তরীণ আয় বেড়ে হয়েছে ৫০,৫৫১ কোটি টাকা। সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কেরই মূলধন ও ঝুঁকির অনুপাত নির্ধারিত, বিধিসম্মত ১১.৫ শতাংশের অনেক ওপরে।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির পরিচালনগত দক্ষতাও বেড়েছে। এই আর্থিক বছরে তাদের ব্যয় ও আয়ের অনুপাত হয়েছে ৪৯.৬৭ শতাংশ। এর থেকে উন্নত ব্যয় ব্যবস্থাপনা, প্রযুক্তির প্রয়োগ এবং ডিজিটাল রূপান্তরের ইঙ্গিত পাওয়া যায়।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত মূলধন রয়েছে, এগুলির লাভজনকতা বেড়েছে এবং প্রাতিষ্ঠানিকভাবে এগুলি আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভারতের উন্নয়নের আকাঙ্খা এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে সাকার করতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত।
SC/SD /SG
(রিলিজ আইডি: 2260381)
ভিজিটরের কাউন্টার : 10