প্রতিরক্ষামন্ত্রক
ভারতের নৌ-সেনা প্রধানের মিয়ানমার সফর
প্রকাশিত:
02 MAY 2026 12:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মে ২০২৬
ভারতের নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী ০২ থেকে ০৫ মে ২০২৬ পর্যন্ত চার দিনের এক সরকারি সফরে মিয়ানমারে অবস্থান করছেন।
এই সফরকালে, ভারতের নৌ-সেনা প্রধান(সিএনএস) মিয়ানমার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ইয়ে উইন উ, মিয়ানমারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইউ হতুন অং এবং মিয়ানমার নৌবাহিনীর সর্বাধিনায়ক অ্যাডমিরাল হেইন উইন-এর পাশাপাশি মিয়ানমার সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই মতবিনিময়গুলো চলমান দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা পর্যালোচনা, অভিযানিক স্তরের সম্পর্ক জোরদার এবং দুই নৌবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণের সুযোগ করে দেবে।
এই সফরের কর্মসূচির মধ্যে রয়েছে মিয়ানমার নৌবাহিনীর সেন্ট্রাল নেভাল কমান্ড, নেভাল ট্রেনিং কমান্ড এবং ১ নম্বর ফ্লিট-এ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ; পাশাপাশি মিয়ানমার সশস্ত্র বাহিনীর শহীদ বীরদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। এই কর্মসূচিগুলোতে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।
ভারতীয় নৌবাহিনী নিয়মিতভাবে প্রতিরক্ষা সহযোগিতা বৈঠক, স্টাফ আলোচনা, প্রশিক্ষণ বিনিময় এবং বিভিন্ন অভিযান কর্মসূচির মাধ্যমে মিয়ানমার নৌবাহিনীর সাথে যোগাযোগ ও আদান-প্রদান বজায় রাখে। এইকর্মসূচিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত-মিয়ানমার নৌমহড়া (ইমনেক্স), ভারত-মিয়ানমার সমন্বিত টহল (ইমকোর), বন্দর পরিদর্শন এবং হাইড্রোগ্রাফি বা জললেখচিত্র জরিপ। এছাড়া, উভয় নৌবাহিনী নিয়মিতভাবে প্রশিক্ষণ বিনিময়ের কার্যক্রম এগিয়ে নেয়, বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে অংশগ্রহণ করে এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা প্রদান করে। ভারতীয় নৌবাহিনী আয়োজিত সাম্প্রতিক সব অনুষ্ঠানেই মিয়ানমার অংশগ্রহণ করেছে; যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম, 'মিলান' , ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, গোয়া মেরিটাইম কনক্লেভ/সিম্পোজিয়াম, আইওএস সাগর এবং অ্যাডমিরালস কাপ।
ভারতের নৌ-সেনা প্রধানের এই সফর ভারত ও মিয়ানমারের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পুনরায় সুদৃঢ় ও নিশ্চিত করে। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত।
SC/SB/DM
(রিলিজ আইডি: 2257494)
ভিজিটরের কাউন্টার : 7