লোকসভা সচিবালয়
ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীতে সংসদ ভবন চত্ত্বরের প্রেরণা স্থলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ
প্রকাশিত:
14 APR 2026 2:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ এপ্রিল ২০২৬
ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীতে সংসদ ভবন চত্ত্বরের প্রেরণা স্থলে আজ তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভায় বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খারগে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, বর্তমান ও প্রাক্তন সাংসদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে বাবাসাহেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
সংবিধান সদনের সেন্ট্রাল হলেও বাবাসাহেবের প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, রাজ্যসভায় বিরোধী দলনেতা শ্রী মল্লিকার্জুন খারগে, প্রাক্তন ও বর্তমান সাংসদরা, লোকসভা সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সহ বিশিষ্টজনেরা।
সংবিধান সদনের সেন্ট্রাল হলে “তোমার নেতাকে জানো” শীর্ষক সমারোহে শিক্ষার্থীদের উদ্দেশে লোকসভার অধ্যক্ষ বলেন, বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর নিজের জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করেছিলেন। তাঁর জীবন, আদর্শ এবং চিন্তাভাবনা তথা দেশ গঠনে তাঁর অবদান আমাদের কাছে প্রেরণার উৎস।
লোকসভার সচিবালয়ের পার্লামেন্ট্ররি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট ফর ডেমোক্রেসিস (পিআরআইডিই) আয়োজিত অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ আরও বলেন, সংবিধানে বর্ণিত সমতার অধিকার ও ভোটদানের অধিকারের মতো ইতিবাচক সংস্থানগুলি শত্রিশালী ভারতের ভিত্তি গঠন করেছে। এই প্রগতিশীলতা শুধু ভারতের নয়, অন্য গণতান্ত্রিক দেশগুলির কাছেও আদর্শ।
লোকসভার অধ্যক্ষ বলেন, বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের চিন্তাভাবনা অনুযায়ী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকৃত নেতৃত্বের ভার রয়েছে তরুণ প্রজন্মেরই হাতে। দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়ে যুব প্রজন্ম ভারতকে আরও শক্তিশালী ও উন্নত করে তুলবে।
বাবা সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমেও বার্তা দিয়েছেন শ্রী বিড়লা। সেখানে তিনি বলেছেন, অতুলনীয় সাহস, কঠোর পরিশ্রম এবং শিক্ষা গ্রহণের প্রতি আন্তরিকতা বাবা সাহেবকে এক অনন্য ভারতসন্তান করে তুলেছে এবং লক্ষ লক্ষ বঞ্চিত মানুষের কাছে তিনি এক আলোকবর্তিকা।
সমতা ও ন্যায় বিচারের আদর্শে জারিত বাবা সাহেব আম্বেদকর দেশের সংবিধানেও এই জীবনবোধের প্রতিফলন ঘটিয়েছেন বলে লোকসভার অধ্যক্ষ উল্লেখ করেছেন। প্রতিনিধি পরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে বাবা সাহেব যে নথি তৈরি করেছেন, তা প্রতিটি নাগরিকের অধিকারের এবং গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষা কবচ। দেশমাতৃকার এই অনন্য সন্তানের জীবন সামাজিক ন্যায় ও ইতিবাচক রূপান্তরে যাত্রায় পথপ্রদর্শক বলেও লোকসভার অধ্যক্ষ মন্তব্য করেছেন। উন্নত এবং সমানাধিকারের প্রশ্নে আপোসহীন ভারত গড়ে তোলায় বাবা সাহেবের দর্শন আমাদের পাথেয় বলে লোকসভার অধ্যক্ষ উল্লেখ করেন।
SC/AC/NS
(রিলিজ আইডি: 2251872)
ভিজিটরের কাউন্টার : 8