উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আদিবাসী জীবনযাত্রার রূপান্তর বিষয়ক সম্মেলনের উদ্বোধন করলেন ভারতের উপরাষ্ট্রপতি

প্রকাশিত: 12 APR 2026 12:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ এপ্রিল ২০২৬

 

 

ভারতের উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ “বিজ্ঞান ও প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আদিবাসী জীবনের রূপান্তর—ভাষা, বিশ্বাস ও সংস্কৃতির সংরক্ষণ” শীর্ষক একটি সম্মেলনের উদ্বোধন করেন।

 

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, 'নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিচ' (এনইসিটিএআর) এবং দেরাদুনের 'আইটিআইটিআই দুন সংস্কৃতি স্কুল'-এর সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করেছিল।

 

সমাবেশে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, এই সম্মেলনটি অত্যন্ত সুন্দরভাবে সেই বৈজ্ঞানিক মনন ও প্রযুক্তিগত অগ্রগতির শক্তিকে তুলে ধরেছে, যা প্রথাগত জ্ঞানের সঙ্গে মিলিত হয়ে এক অনন্য রূপ ধারণ করে। তিনি উল্লেখ করেন যে, যখন আধুনিক বিজ্ঞান ভাষা, বিশ্বাস এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করে, তখন তা সুরক্ষা ও ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে।

 

আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বের ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, ভারতে প্রায় ১ লক্ষ ৪০ হাজার আদিবাসী গ্রাম রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, আদিবাসী সম্প্রদায়ের কাছে এমন অমূল্য প্রথাগত জ্ঞান সঞ্চিত রয়েছে, যা জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের টেকসই ব্যবহারে সহায়তা করে। তিনি আরও বলেন যে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই সম্প্রদায়গুলি ভারতের প্রাচীন সংস্কৃতি, বিশ্বাস এবং সভ্যতার ঐতিহ্যকে সযত্নে সংরক্ষণ করে আসছে।

 

উপরাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন যে, আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে সবুজ অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি নকশা, বস্ত্রশিল্প এবং রঙের বিন্যাসে আদিবাসী সম্প্রদায়ের অসাধারণ দক্ষতারও প্রশংসা করেন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত হয়ে আসছে।

 

'বিকশিত ভারত @ ২০৪৭'-এর রূপকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, এর মূল চালিকাশক্তি হলো—"উন্নয়ণও, ঐতিহ্যও"; এর মাধ্যমে তিনি জোর দিয়ে বোঝান যে, আধুনিক উন্নয়ন এবং ঐতিহ্যের সংরক্ষণ—এই দুটি বিষয় পরস্পরবিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক।

 

দ্বাদশ ও ত্রয়োদশ লোকসভার সদস্য হিসেবে নিজের কার্যকালের স্মৃতিচারণ করে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে, তিনি ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড—এই রাজ্যগুলি গঠনের বিষয়টিকে সমর্থন জানিয়েছিলেন, যা আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি 'আদিবাসী বিষয়ক মন্ত্রক' প্রতিষ্ঠার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং এই পদক্ষেপকে আদিবাসী সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে একটি নৈতিক অঙ্গীকার হিসেবে অভিহিত করেন।

 

উপরাষ্ট্রপতি ঝাড়খণ্ডের উলিহাতুতে অবস্থিত ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান পরিদর্শনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এবং আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে জাতীয় চেতনার মূল স্রোতে নিয়ে আসার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। 

 

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে তিনি 'পিএম-জনমান' কর্মসূচির প্রসঙ্গ টানেন; এই কর্মসূচির আওতায় প্রায় ৭,৩০০ কিলোমিটার দীর্ঘ ২,৪০০টিরও বেশি সড়কপথ এবং ১৬০টিরও বেশি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি ‘ধরতি আবা – জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’-এর কথাও উল্লেখ করেন; এই অভিযানের আওতায় ৬৩,০০০-এরও বেশি জনজাতি অধ্যুষিত গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এতে বিশুদ্ধ পানীয় জল, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও টেঁকসই জীবিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

 

শ্রী সি পি রাধাকৃষ্ণন উত্তর-পূর্বাঞ্চলে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

‘আইটিআইটিআই দুন সংস্কৃতি স্কুল’-এর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়ে তিনি স্মরণ করেন যে, ২৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। উত্তরাখণ্ড, উত্তর-পূর্বাঞ্চল এবং লাদাখের জনজাতি শিশুদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হওয়ার জন্য তিনি এই স্কুলটির ভূয়সী প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এই প্রতিষ্ঠান থেকে ২,০০০-এরও বেশি জনজাতি শিক্ষার্থী বিনামূল্যে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পেয়েছে।

 

এই অনুষ্ঠানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী তরণজিৎ সিং সান্ধু; অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী চওনা মেইন; বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক অভয় করন্দিকর; এবং প্রাক্তন সাংসদ ও ‘আইটিআইটিআই দুন সংস্কৃতি স্কুল’-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি শ্রী তরুণ বিজয়ও উপস্থিত ছিলেন।

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2251283) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati