উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপ রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান সিন্ধি ভাষায় অনুদিত ভারতের সংবিধান প্রকাশ করেছেন
প্রকাশিত:
10 APR 2026 1:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ সিন্ধি ভাষায় ভারতীয় সংবিধানের সর্বশেষ সংস্করণ প্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেবনগরী এবং পার্সি হরফে এই সংস্করণ প্রকাশিত হয়।
উপরাষ্ট্রপতি সিন্ধি ভাষা দিবস উপলক্ষ্যে সিন্ধিভাষী জনসাধারণকে শুভেচ্ছা জানান। প্রাচীন ও মিষ্টি ভাষা হিসেবে বর্ণনা করে এই ভাষায় রচিত সাহিত্যের প্রশংসা করেন তিনি। বৈদিক দর্শন ও সুফি ভাবনার মেলবন্ধন ঘটানোয় সিন্ধি ভাষা ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার এক সর্বজনীন চেতনাকে জাগ্রত করে। এই প্রথম দেবনগরী হরফে সিন্ধি ভাষায় সংবিধানের একটি সংস্করণ প্রকাশিত হলো। শ্রী রাধাকৃষ্ণান বলেন, ভারতীয় সংবিধান জনসাধারণের উচ্চাকাঙ্খায় পরিপূর্ণ, যেখানে নাগরিকদের অধিকার রক্ষিত হয় এবং গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থাকে পরিচালনার ক্ষেত্রে পথ দেখায়।
বিভিন্ন ভারতীয় ভাষায় সংবিধান অনুবাদ করায় উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের উদ্যোগের প্রশংসা করেন। সম্প্রতি বোড়ো, ডোগরি, সাঁওতালি, তামিল, গুজরাটি এবং নেপালি ভাষায় সংবিধানের অনুবাদ হয়েছে।
সিন্ধি সম্প্রদায়ের মানুষের দেশভাগের ফলে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে নানা উদ্যোগের কথা তিনি উল্লেখ করেন। ১৯৬৭ সালে সংবিধানের ২১-তম সংশোধনীতে সিন্ধি ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি ভাষার প্রতি সম্মান প্রদর্শনের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, সকলের কাছেই তাঁর মাতৃভাষা অত্যন্ত প্রিয়, তাই প্রতিটি ভাষাকে সমান মর্যাদা দিতে হবে। ভারতের শক্তি তার বৈচিত্র্যের মধ্যে নিহিত রয়েছে।
আইন ও বিচার মন্ত্রকের, আঞ্চলিক ভাষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের, বিভিন্ন ভাষায় সংবিধানকে অনুবাদ করার উদ্যোগের প্রশংসা করেছেন উপরাষ্ট্রপতি । এই ধরনের উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়নে এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্নকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
তিনি নাগরিকদের নিজেদের মাতৃভাষা এবং দেশের ভাষাগত ঐতিহ্যকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ এবং ‘রাষ্ট্র প্রথম’-এর নীতি অনুসরণ করে চলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল; রাজস্থান বিধানসভার অধ্যক্ষ শ্রী বাসুদেব দেবনানী; লোকসভার সাংসদ শ্রী শঙ্কর লালওয়ানী; এবং আইন বিভাগের সচিব ডঃ রাজীব মণি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
SC / CB /AG
(রিলিজ আইডি: 2250838)
ভিজিটরের কাউন্টার : 10