প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন
প্রকাশিত:
26 MAR 2026 9:52AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন। বেলা সাড়ে ১১টা নাগাদ গৌতম বুদ্ধ নগরে জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং পায়ে হেঁটে পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।
গ্লোবাল এভিয়েশন হাব হওয়ার পথে ভারতের যাত্রায় নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন একটি উল্লেখযোগ্য মাইল ফলক। জাতীয় রাজধানী অঞ্চলের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে দেখা হচ্ছে এই বিমান বন্দরকে। দেশের বিমান বন্দর পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দর দিল্লি রাজধানী অঞ্চলের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে উঠবে। একসঙ্গে দুটি বিমান বন্দর কাজ করবে সুসংহত উড়ান ব্যবস্থা হিসেবে। ভিড় কমবে, যাত্রী পরিষেবা বৃদ্ধি পাবে।
নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দর ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রকল্পের অন্যতম। সরকারি, বেসরকারি অংশীদারিত্বে প্রায় ১১,২০০ কোটি টাকার লগ্নিতে এই বিমান বন্দর গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে বছরে ১২ মিলিয়ন যাত্রী এখান দিয়ে যাতায়াত করবে। পরে তা বেড়ে হবে বছরে ৭০ মিলিয়ন। রানওয়ের দৈর্ঘ্য ৩,৯০০ মিটার, বড় বিমান উঠা-নামা করতে পারবে, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, অত্যাধুনিক আলোর ব্যবস্থা সহ আধুনিক নেভিগেশন ব্যবস্থা থাকবে। সবরকম পরিস্থিতিতেই দিনরাত বিমান চলাচল করতে পারবে।
এই বিমান বন্দরে পণ্য পরিবহণেরও শক্তিশালী বন্দোবস্ত থাকছে। থাকবে মাল্টি মোডাল কার্গো হাব। প্রাথমিকভাবে বছরে ২.৫ লক্ষ মেট্রিকটনের বেশি পণ্য ওঠানো-নামানো করা হবে এখানে। পরে, তা বেড়ে হবে বছরে ১৮ লক্ষ মেট্রিকটন। এছাড়া থাকছে ৪০ একর জায়গাজুড়ে রক্ষণাবেক্ষণ, সারাই ব্যবস্থা।
সুস্থায়ী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত পরিকাঠামো প্রকল্প হিসেবে নকশা করা নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের লক্ষ্য দূষণহীন, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব পরিমণ্ডল গড়ে তোলা। বিমান বন্দরের স্থাপত্য তৈরিতে অনুপ্রেরণা নেওয়া হয়েছে ঐতিহ্যশালী ঘাট এবং হাভেলি থেকে। ফলে, আধুনিক পরিকাঠামোর সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটানো হয়েছে।
যমুনা এক্সপ্রেসওয়ের পাশেই তৈরি নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের পরিকল্পনা করা হয়েছে বহুপাক্ষিক পরিবহণ হাব হিসেবে। যেখানে সড়ক, রেল, মেট্রো এবং আঞ্চলিক পরিবহণ ব্যবস্থার সুষ্ঠু সমন্বয় হবে। যাত্রী এবং পণ্য পরিবহণ হবে সহজ।
SC/AP/AS
(রিলিজ আইডি: 2245596)
ভিজিটরের কাউন্টার : 11