প্রধানমন্ত্রীরদপ্তর
TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
প্রকাশিত:
23 MAR 2026 9:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।
ভারতের বৈচিত্র্য এবং সহনশীলতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, শক্তি, সার কিংবা অত্যাবশ্যক সামগ্রী – যাই হোক না কেন, নাগরিকদের সমস্যা যতটা সম্ভব লাঘব করতে ধারাবাহিক প্রয়াস চালানো হচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে শ্রী মোদী লোকসভায় তাঁর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেন এবং বলেন যে, ভৌগোলিকভাবে ভারতের সীমান্ত থেকে বহু দূরে এই যুদ্ধ হলেও, কোনও দেশই আজকের দুনিয়ায় এই পরিস্থিতিতে বিরূপ প্রভাব এড়াতে পারে না। শ্রী মোদী বলেন, “এই সময় হ’ল, সংযম এবং সংবেদনশীলতার সময়, যখন সঙ্কটের মুখে দেশবাসী একত্রিত হন, তখন কার্যকরী ফল পাওয়া যায়।"
আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের উন্নয়নের গতি অব্যাহত থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২৩ দিনের বিস্তারিত তথ্য পেশ করেন। দিল্লি মেট্রো রেল করিডরের উদ্বোধন, শিলচর হাইস্পিড করিডর ও নতুন কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদাদানের কথা তুলে ধরেন শ্রী মোদী। সেইসঙ্গে, পিএম জল জীবন মিশনের মেয়াদ ২০২৮ পর্যন্ত বৃদ্ধি, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ১৮ হাজার কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে হস্তান্তর এবং এমএসএমই ও রপ্তানীকারকদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ প্যাকেজের কথাও উল্লেখ করেন তিনি।
দেশের বিভিন্ন রাজ্যে যে সব পরিবর্তন ঘটে চলেছে, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক সময়ে যে আসামে বুলেটের শব্দ শোনা যেত, সেই আসামেই এখন সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি হচ্ছে। সেমিকন্ডাক্টর থেকে পেট্রোরসায়ন ক্ষেত্রে অগ্রগতির সাক্ষী হচ্ছে ওড়িশা। গত এক দশকে বিহারে ৫টির বেশি নতুন সেতু নির্মাণ হয়েছে। উত্তর প্রদেশ মোবাইল ফোন তৈরির আন্তর্জাতিক হাব হয়ে উঠেছে। এরপর, পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে এই রাজ্যকে শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে হাব হিসেবে চিহ্নিত করে শ্রী মোদী বলেন, বিগত ১১ বছর ধরে রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
পরিশেষে, তিনি শহিদ দিবসের কথা উল্লেখ করেন এবং এই দিনটিতে শহিদ ভগৎ সিং, শহিদ রাজগুরু এবং শহিদ সুখদেবের চরম বলিদানের কথা তুলে ধরেন। TV9-এর এই সামিট ভারতের আত্মবিশ্বাস এবং ভারতীয়দের প্রতি বিশ্বের আস্থাকে মজবুত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2244525)
ভিজিটরের কাউন্টার : 28
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Odia
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam