অর্থমন্ত্রক
জেনেভায় বিশ্ব বাণিজ্য সংগঠনের সম্মেলনে কেন্দ্রীয় অপ্রত্যক্ষ শুল্ক ও সীমাশুল্ক পর্ষদ (সিবিআইসি) এবং ভারতের স্থায়ী মিশন বাণিজ্য সংক্রান্ত বিশেষ অধিবেশনের আয়োজন করেছে
প্রকাশিত:
26 FEB 2026 12:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় অপ্রত্যক্ষ শুল্ক ও সীমাশুল্ক পর্ষদ (সিবিআইসি) জেনেভায় বিশ্ব বাণিজ্য সংগঠনের সম্মেলনে ভারতের স্থায়ী মিশনের সঙ্গে যৌথভাবে বাণিজ্য সংক্রান্ত বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ব বাণিজ্য সংগঠন বা ডব্লুটিও-র ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্টের (টিএফএ) সাহায্যে যেসব সংস্কার বাস্তবায়িত হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দুটি অধিবেশনে ডব্লুটিও-র সদস্যরা ছাড়াও ৪০ টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে দিয়ে ভারতের অনুসৃত নীতির প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ প্রতিফলিত হয়।
ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার টিএফএ সংক্রান্ত প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করার পর বর্তমানে টিএফএ প্লাস শর্তগুলি পূরণের দিকে এগিয়ে চলেছে। সীমাশুল্ক ক্ষেত্রে সম্পূর্ণ সরকারি উদ্যোগে যে সংস্কারগুলিকে বাস্তবায়িত করা হচ্ছে সেগুলির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। সীমাশুল্ক ক্ষেত্রে সুসংহত ব্যবস্থাপনার জন্য একক ডিজিটাল জানালা ব্যবস্থার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। এবছর সহজে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সিবিআইসি-র সংস্কারগুলির বিষয়ে উপস্থিত সকলকে জানানো হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে অতীতে ১০ লক্ষ টাকা পর্যন্ত যে ভ্যালু ক্যাপের ব্যবস্থা ছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এবং ই-কমার্স সংস্থাগুলির রপ্তানি করতে সুবিধা হবে।
জেনেভায় ডব্লুটিও-তে ভারতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডঃ সেন্থিল পান্ধিয়ান জানিয়েছেন, ২০২৩ সালের সমীক্ষা অনুসারে ব্যবসা বাণিজ্যে সুযোগ সুবিধা গড়ে তুলতে ভারতের প্রাপ্ত নম্বর ৯৩ % । বসুধৈব কুটুম্বকম – সমগ্র বিশ্ব একক পরিবার এই ভাবনায় উন্নয়নশীল রাষ্ট্রগুলির মধ্যে শক্তিশালী ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে ভারত অঙ্গীকারবদ্ধ।
SC/CB /SG
(রিলিজ আইডি: 2233103)
ভিজিটরের কাউন্টার : 12