উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণণ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একবিংশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিলেন

প্রকাশিত: 26 FEB 2026 2:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে আজ শ্রীনগরে উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণণ প্রধান অতিথি হিসেবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একবিংশ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিলেন।

স্নাতক ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়, তার পরিকাঠামো এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য পরিচিতি পেলেও তার আসল ঐতিহ্য প্রতিফলিত হয় স্নাতক ছাত্র-ছাত্রীদের চরিত্র এবং অবদানে। ১৯৪৮-এ প্রতিষ্ঠিত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের তিনি প্রশংসা করেন গর্বের ঐতিহ্য এবং শিক্ষা ক্ষেত্রে পদচিহ্ন রেখে চলার জন্য। ন্যাক এ++ গ্রেড, এনআইআরএফ বিশ্ববিদ্যালয় ক্রমপর্যায়ে ৩৪তম স্থান এবং ২০১৯ থেকে ৭ হাজার ৭০০-র বেশি গবেষণা পত্র প্রকাশের জন্য এবং ন্যাশনাল হিমালয়ান আইস-কোর ল্যাবরেটরির মতো ঐতিহাসিক উদ্যোগ যা আন্তর্জাতিক ক্ষেত্রে তার ক্রমবর্ধমান উপস্থিতি প্রদর্শন করছে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন তিনি। 

উপরাষ্ট্রপতি সমাবর্তনের তিনটির বেশি বৈশিষ্ট্যে সন্তোষপ্রকাশ করেন: বৈশিষ্ট্যগুলি হল – উচ্চশিক্ষা মন্ত্রী একজন মহিলা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন মহিলা এবং বেশিরভাগ স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন মহিলারা। তিনি এটিকে মহিলাদের ক্ষমতায়ন এবং জম্মু ও কাশ্মীরের অগ্রগতির শক্তিশালী প্রতিফলন বলে বর্ণনা করেন।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল জগতে তারা স্নাতক উত্তীর্ণ হচ্ছে। তিনি তাদের মনে করিয়ে দেন যে, পরিবর্তনটাই হল একমাত্র নিশ্চিত বিষয়। তিনি তাদের নতুন নতুন দক্ষতার সঙ্গে মানিয়ে নিতে এবং উদ্ভাবনকে কাছে টানার পরামর্শ দেন। ভারত প্রযুক্তি উদ্ভাবনে ক্রমশ উঠে আসছে। তার উপর জোর দিয়ে তিনি তরুণ সমাজকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনের পাশাপাশি বিকশিত ভারত@2047-এর লক্ষ্যপূরণে অবদান রাখতে উৎসাহিত করেন।

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ এবং চেনাব রেলসেতুর মতো ঐতিহাসিক পরিকাঠামোগত প্রকল্প সহ এই অঞ্চলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া উন্নয়নগুলি তুলে ধরে উপরাষ্ট্রপতি বলেন, এইসব উদ্যোগ নতুন নতুন সুযোগ তৈরি করছে এবং সামাজিক সম্প্রীতি শক্তিশালী করছে। তিনি আশাপ্রকাশ করে বলেন যে, উপরাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শ্রীনগর স্বচ্ছ সর্বেক্ষণের অধীনে দেশের মধ্যে পরিচ্ছন্নতম শহর হয়ে উঠবে ভবিষ্যতে।

ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে উপরাষ্ট্রপতি জানান, জম্মু ও কাশ্মীর থেকে একটি প্রতিনিধি দল এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ঝাড়খণ্ড রাজ্য সফর করেছিল এবং আন্তরিক অভ্যর্থনা পেয়েছিল। তিনি বলেন, গণতন্ত্রে নিজের অনুভূতির পাশাপাশি অন্যের অনুভূতিকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ এবং এইধরনের আদানপ্রদান জাতীয় সংহতি বাড়ায়।

সমাপ্তিতে উপরাষ্ট্রপতি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার এবং দায়িত্বপূর্ণভাবে সোস্যাল মিডিয়া ব্যবহারের পরামর্শ দেন। তিনি তাদের মনে করিয়ে দেন যে, শ্রেণীকক্ষের বাইরে জীবন তাদের ধৈর্য, সাহস এবং চরিত্রের পরীক্ষা নেবে। একতা এবং সহাবস্থানের কথা উল্লেখ করে তিনি তাঁর ভাষণের সর্বশেষে বলেন, এশুধু আমার কাশ্মীর নয়, এশুধু তোমার কাশ্মীর নয় – এ আমাদের সকলের কাশ্মীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল তথা কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের প্রোচ্যান্সেলর শ্রী ওমর আব্দুল্লা, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী শ্রীমতী সাকিনা মাসুদ ইতু, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিলোফার খান, শীর্ষস্থানীয় অধ্যাপক, বিশিষ্ট অতিথি, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীগণ।


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2233086) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam