রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন এস্তোনিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত: 19 FEB 2026 7:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

এস্তোনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আলার করিস আজ (১৯ ফেব্রুয়ারী, ২০২৬) রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।

এস্তোনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভারত সফরে প্রেসিডেন্ট করিস-কে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও এস্তোনিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থার প্রতি সাধারণ অঙ্গীকারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এস্তোনিয়ার অবদান অপরিসীম। এআই ও শিক্ষার ক্ষেত্রে এস্তোনিয়ার যে নেতৃত্বদানকারী ভূমিকা রয়েছে, তার প্রেক্ষিতে এআই ইমপ্যাক্ট সামিটে তাদের অংশগ্রহণ এই শীর্ষ সম্মেলনের মর্যাদা বাড়িয়েছে। 

রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশ্বের কল্যাণে কাজে লাগানোর বিষয়ে ভারত ও এস্তোনিয়ার দৃষ্টিভঙ্গি অভিন্ন। ক্রমবর্ধমান অনিশ্চয়তার এই বিশ্বে, সাইবার নিরাপত্তা এবং এআই-এর নিরাপদ প্রয়োগে দুই দেশের সহযোগিতা আরও অর্থবহ হয়ে ওঠেছে। ডিজিটাল ক্ষেত্রে ভারত ও এস্তোনিয়ার নিবিড় সহযোগিতায় সন্তোষপ্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এস্তোনিয়া যেমন প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিকাশ লাভ করেছে, তেমনি ভারতের একটি প্রাণবন্ত স্টার্টআপ পরিমণ্ডল রয়েছে। এস্তোনিয়ার প্রযুক্তিগত দক্ষতা এবং ভারতের গতিশীল স্টার্টআপগুলির মধ্যে সমন্বয় উভয় দেশকেই উপকৃত করবে।

রাষ্ট্রপতি বলেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক এখন কৌশলগত গতিশীলতার এক পর্যায়ে প্রবেশ করেছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন ও তার সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে তার সম্পর্ককে বিশেষ মূল্য দেয়। ভারত- ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির সফল সম্পাদনের ক্ষেত্রে এস্তোনিয়ার সমর্থনের তিনি প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্ভাবনার নতুন নতুন পথ খুলে দেবে। 

ভারত এবং এস্তোনিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে দুই নেতা সহমত হন। সাম্প্রতিককালে প্রযুক্তি, ডিজিটাল শাসন এবং বাণিজ্য সম্প্রসারণকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উচ্চ-স্তরের আদানপ্রদানে তারা সন্তোষপ্রকাশ করেন। এস্তোনিয়ার প্রেসিডেন্টের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখতে সাহায্য করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। 

 


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2230681) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam