প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনী এই প্রথম কমবাইন্ড টাস্ক ফোর্স (সিটিএফ) ১৫৪-র দায়িত্ব পেলো
প্রকাশিত:
12 FEB 2026 10:39AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সহযোগিতার মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চল এবং অন্য সাগরে সামুদ্রিক নিরাপত্তা এবং সক্ষমতা বর্ধনে ভারতের দায়বদ্ধতার প্রতীক হিসেবে ঐতিহাসিকভাবে ভারতীয় নৌবাহিনী কমবাইন্ড টাস্ক ফোর্স (সিটিএফ) ১৫৪-র দায়িত্ব গ্রহণ করলো। কমবাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অধীনে এটি একটি গুরুত্বপূর্ণ বহুজাতিক প্রশিক্ষণ টাস্ক ফোর্স।
বাহরিনের মানামায় সিএমএফ সদর দপ্তরে ১১ ফেব্রুয়ারি, ২০২৬-এ কম্যান্ড বদল অনুষ্ঠান সম্পন্ন হয়। পৌরোহিত্য করেন কম্যান্ডার, সিএমএফ/ইউএস ন্যাভসেন্ট/মার্কিন পঞ্চম বাহিনীর ভাইস অ্যাডমিরাল কুর্ট রেনশ। ভারতীয় নৌবাহিনীর ডেপুটি চিফ অব দ্য নাভাল স্টাফ (ডিসিএনএস) ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি এবং অন্যান্য সদস্য দেশের উচ্চ পদস্থ সামরিক নেতারা উপস্থিত ছিলেন। ইতালিয়ান নৌবাহিনীর বিদায়ী কম্যান্ডারের কাছ থেকে কম্যান্ডার সিটিএফ ১৫৪-এর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন ভারতীয় নৌবাহিনীর শৌর্যচক্র প্রাপ্ত কমোডর মিলিন্দ এম মোকাশি।
সিএমএফ-এর সদস্য দেশগুলির প্রশিক্ষণ এবং সক্ষমতাবর্ধনের লক্ষ্যে বিশেষভাবে নির্মিত সিটিএফ ১৫৪। ভারতের পেশাদারি দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সিএমএফ-এর ৪৭টি দেশের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের নিরাপত্তা অংশীদার হিসেবে ভূমিকায় এই অঞ্চলের ক্রমবর্ধমান আস্থার এটি প্রমাণ।
সিটিএফ ১৫৪ স্থাপিত হয়েছিল ২০২৩-এর মে মাসে। মধ্যপ্রাচ্য এবং আরও বিস্তৃত অঞ্চল জুড়ে বহুজাতিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সমুদ্র নিরাপত্তার উদ্দেশ্যে এটি সমর্পিত।
প্রশিক্ষণে ৫টি মূল বিষয়ে জোর দেওয়া হয়। সেগুলি হল – মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস (এমডিএ), ল অব দ্য সি, মেরিটাইম ইন্টারডিকশন অপারেশনস, মেরিটাইম রেসকিউ অ্যান্ড অ্যাসিসট্যান্স এবং লিডারশিপ ডেভেলপমেন্ট। টাস্ক ফোর্স নিয়মিত মেরিটাইম সিকিউরিটি এনহ্যান্সমেন্ট ট্রেনিং (এমএসইটি) ট্রেনিং কর্মসূচি, কম্পাসরোডস এবং উত্তর-দক্ষিণে প্রস্তুতির মতো অনুশীলন চালায়। বেআইনি পাচার, জলদস্যু এবং অনিয়মিত পরিযায়ীর মতো সাধারণ সমস্যাগুলির বিরুদ্ধে সদস্য দেশগুলির অভিযানের ক্ষমতা গড়তেও কাজ করে এই টাস্ক ফোর্স।
সিটিএফ ১৫৪ কাজ করে সিএমএফ-এর অন্যান্য টাস্ক ফোর্সের পাশাপাশি : সিটিএফ ১৫০ (সমুদ্র নিরাপত্তা), সিটিএফ ১৫১ (জলদস্যু বিরোধী অভিযান), সিটিএফ ১৫২ (আরব উপসাগরে সমুদ্র নিরাপত্তা) এবং সিটিএফ ১৫৩ (লোহিত সাগরে সমুদ্র নিরাপত্তা)।
শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য কম্যান্ডের দায়িত্বের মেয়াদটিকে ইতিবাচক করে তোলা, উচ্চমানের প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক সমুদ্র অংশীদারিত্বকে আরও জোরদার করার দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে ভারতীয় নৌবাহিনী।
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2226947)
ভিজিটরের কাউন্টার : 11