স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা অনুসারে বাজেট পেশ করার জন্য সকল দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ

প্রকাশিত: 01 FEB 2026 6:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা অনুসারে বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ সকল দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়েছেন। 
সামাজিক মাধ্যম এক্স-এ একগুচ্ছ বার্তায় শ্রী শাহ বলেছেন, উৎপাদন শিল্প, পরিকাঠামো, স্বাস্থ্য, পর্যটন, গ্রামাঞ্চল, কৃত্রিম মেধা, ক্রীড়াজগৎ, তীর্থক্ষেত্র – বিকশিত ভারতের জন্য তৈরি এই বাজেট দেশের যুব সম্প্রদায়, মহিলা এবং প্রত্যেক গ্রামের কৃষকের চাহিদা পূরণ করবে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা অনুসারে বাজেট পেশ করার জন্য আমি সকল দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানাই। এই বাজেট আর্থিক ঘাটতিকে ৪.৫ শতাংশের নিচে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন, আত্মনির্ভর ও উন্নত ভারত শুধুমাত্র একটি স্লোগান নয়, আমাদের সরকারের দৃঢ় সঙ্কল্প। প্রত্যেক ক্ষেত্র, প্রত্যেক শ্রেণী এবং প্রত্যেক নাগরিকের জন্য এই বাজেট ক্ষমতায়নের উৎস। এটি অত্যন্ত বাস্তবসম্মত। ভারতকে নতুন পরিচিতি এনে দিতে এই বাজেট সহায়ক হবে কারণ, আর্থিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে দেশ আগামীদিনে পরিচিতি লাভ করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী আর্থিক নীতির কারণে কোভিড পরবর্তী সময়কালে ভারতের অর্থনীতি বেশ চাঙ্গা। বিকশিত ভারতের এই বাজেট আন্তর্জাতিক মঞ্চে দেশকে সবথেকে আকর্ষণীয় বিনিয়োগের স্থান হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। চিরায়ত ক্ষেত্র থেকে নতুন নতুন প্রযুক্তির জন্য বিনিয়োগ করতে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন।

শ্রী শাহ বলেন, মূলধনী ব্যয়ের ১২.২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এবারের বাজেটে করা হয়েছে। এর মধ্য দিয়ে মোদীজির ভবিষ্যতের চাহিদা পূর্ণ করার এক ভারত গড়ে উঠবে, যেখানে উন্নয়ন বড় বড় শহরগুলির বাইরেও ছড়িয়ে পড়বে। নতুন নতুন রেল করিডর, জাতীয় জলপথ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা দেশে কর্মসংস্থান আরও বেশি করে সৃষ্টি করবে। ফলে, ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা এক নতুন উচ্চতায় পৌঁছবে। সাতটি হাইস্পিড রেল করিডরের ঘোষণা করা হয়েছে। ফলস্বরূপ আমাদের দেশের আর্থিক কেন্দ্র এবং জনবহুল অঞ্চলগুলির মধ্যে চলাচল করার সময় কমে যাবে। বিকশিত ভারতের এই বাজেটে মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্নকে বাস্তবায়িত করতে ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা’র প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং তন্তুবায় ও কৃষকদের সুবিধা হবে। উপকূলীয় অঞ্চলের নারকেল চাষীদের উন্নয়নে কোকোনাট প্রোমোশন স্কিম বিশেষ সহায়ক হবে। পাশাপাশি, কাজু এবং কোকো উৎপাদনেও উৎসাহদান করা হবে। কৃষকদের সমৃদ্ধশালী করে তোলা এবং কৃষিক্ষেত্রকে একটি লাভজনক ক্ষেত্র হিসেবে তৈরি করার জন্য মোদীজির অঙ্গীকার এর মাধ্যমে পূরণ হবে। 

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ভারতের উন্নয়নযজ্ঞে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতে ১০ হাজার কোটি টাকার গ্রোথ ফান্ডের যে প্রস্তাব বাজেটে রাখা হয়েছে, তার ফলে তৃণমূলস্তরে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পশু চিকিৎসা কেন্দ্রের চাহিদা মেটাতে আগামীদিনে আরও বেশি করে পশু চিকিৎসকের প্রয়োজন হবে। তার জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। দুগ্ধশিল্প, পশুপালন এবং মৎস্যপালনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্রেডিট লিঙ্কড ভর্তুকির ব্যবস্থা করা হচ্ছে। এইভাবে কৃষকদের আয় বৃদ্ধিতে মোদীজির সঙ্কল্প বাস্তবায়িত হবে।

ঢোলাভিরা সহ দেশের ১৫টি প্রত্নতাত্ত্বিক অঞ্চলের উন্নয়নের জন্য বিকশিত ভারতের বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে বৌদ্ধ সার্কিট গড়ে তোলা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, আরাকু ভ্যালি, ওড়িশার টার্টল ট্রেইলস, কেরালা এবং কর্ণাটকে উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে, ঐসব অঞ্চলে পরিবেশ-বান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি স্থাপনের মধ্য দিয়ে পর্যটন ক্ষেত্রে মানবসম্পদের চাহিদা পূরণ হবে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শিক্ষা থেকে স্বনির্ভর হয়ে ওঠা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মোদীজির স্বপ্ন এই বিকশিত ভারতের বাজেটে প্রতিফলিত হয়েছে। শিল্প ও পণ্য পরিবহণ করিডরের সংলগ্ন অঞ্চলে পাঁচটি বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক নগরী গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষা ও শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটানো হবে। পাশাপাশি, চারটি টেলিস্কোপ সংক্রান্ত পরিকাঠামোর মানোন্নয়নের ফলে গবেষণা ক্ষেত্রে নতুন জোয়ার আসবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন-এ এভিজিসি পরীক্ষাগার গড়ে তোলার ফলে ১৫ হাজার উচ্চমাধ্যমিক স্কুল এবং ৫০০ কলেজ পড়ুয়াকে শিল্পোদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এক্ষেত্রে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়ে তোলা হবে। এই কমিটি শিক্ষাক্ষেত্রের সঙ্গে কর্মসংস্থান ও শিল্পোদ্যোগের সেতুবন্ধ ঘটাতে সহায়ক হবে। বাজেটে ২০টি নতুন জাতীয় জলপথ এবং পূর্ব ভারতের ডানকুনি থেকে পশ্চিম ভারতের সুরাটের মধ্যে পণ্য পরিবহণের জন্য ফ্রেট করিডর স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। 

দেশবাসীর সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণের জন্য বায়োফার্মা শক্তি যোজনার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হবে ১০ হাজার কোটি টাকা। এছাড়াও, ওষুধের পরীক্ষানিরীক্ষার জন্য ১ হাজারটি কেন্দ্র, ১৭ রকমের ক্যান্সারের ওষুধ আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়, মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য NIMHANS 2.0-র প্রস্তাবও এবারের বাজেটে রাখা হয়েছে। শ্রী শাহ বলেন, মোদী সরকার মহিলাদের ক্ষমতায়ন ও শিক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। প্রত্যেক জেলায় একটি করে গার্লস হস্টেল খোলার প্রস্তাব বাজেটে রয়েছে। এর ফলে আমাদের বোনেরা আরও সহজে শিক্ষার সুযোগ পাবেন। মোদী সরকার মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য খুচরো ব্যবসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে লাখপতি দিদির সংখ্যা বৃদ্ধি পাবে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সামাজিক মাধ্যমের বার্তাগুলি দেখার জন্য নিচের লিঙ্কগুলি ক্লিক করুন :
 
https://x.com/AmitShah/status/2017861778190045639?s=20
https://x.com/AmitShah/status/2017874844088734173?s=20
https://x.com/AmitShah/status/2017861597423931763?s=20
https://x.com/AmitShah/status/2017863920829218912?s=20
https://x.com/AmitShah/status/2017886913601179857?s=20
https://x.com/AmitShah/status/2017874314536882624?s=20
https://x.com/AmitShah/status/2017872888305775031?s=20
https://x.com/AmitShah/status/2017887494210011164?s=20
https://x.com/AmitShah/status/2017872605345411100?s=20
https://x.com/AmitShah/status/2017887957982822791?s=20
https://x.com/AmitShah/status/2017897730908291400?s=20 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2222164) ভিজিটরের কাউন্টার : 26
এই রিলিজটি পড়তে পারেন: Marathi , Kannada , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Tamil