রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে যোগ দিলেন ভারতের রাষ্ট্রপতি

প্রকাশিত: 22 NOV 2025 1:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ নভেম্বর ২০২৫

 


ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু, আজ (২২শে নভেম্বর, ২০২৫) অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথিতে প্রশান্তি নিলয়ম-এ শ্রী সত্য সাই বাবার বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে যোগ দিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকেই আমাদের সাধু-সন্তরা তাদের কর্ম ও বাণীর মাধ্যমে সমাজকে পথ দেখিয়ে চলেছেন। এই মহান আত্মারা সমাজের কল্যাণের জন্য অসংখ্য কাজ করেছেন। এই মহান ব্যক্তিত্বদের মধ্যে শ্রী সত্য সাই বাবার একটি বিশেষ স্থান রয়েছে।  তিনি সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে গেছেন। শ্রী সত্য সাই বাবা "মানবতার সেবাই ঈশ্বরের সেবা" এই বিশ্বাসের উপর জোর দিয়েছিলেন এবং তাঁর ভক্তদের এই আদর্শ অনুসরণ করতে উৎসাহিত করেছিলেন। এইভাবে, তিনি আধ্যাত্মিকতাকে জনকল্যাণের দিকে পরিচালিত করেছিলেন। তিনি আধ্যাত্মিকতাকে নিঃস্বার্থ সেবা এবং ব্যক্তিগত রূপান্তরের সঙ্গে যুক্ত করেছিলেন। তিনি লক্ষ লক্ষ মানুষকে সেবার পথে চলতে অনুপ্রাণিত করেছিলেন।

রাষ্ট্রপতি বলেন, শ্রী সত্য সাই বাবা তাঁর অসংখ্য সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে আদর্শকে বাস্তবে রূপান্তরিত করার এক উদাহরণ স্থাপন করেছেন। শ্রী সত্য সাই সেন্ট্রাল ট্রাস্ট শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে। এই প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা প্রদানের পাশাপাশি চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে। বিনামূল্যে বিশেষ মানসম্পন্ন চিকিৎসা পরিসেবার মাধ্যমে সত্য সাই বাবার লক্ষ্যকেও এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন যে এই অঞ্চলের হাজার হাজার খরা-পীড়িত গ্রামে পানীয় জল সরবরাহ করাও তাঁর দূরদর্শিতার ফল।

রাষ্ট্রপতি বলেন, সত্য সাই বাবার "সকলকে ভালোবাসো, সকলের সেবা করো" এবং "সর্বদা সাহায্য করো, কখনও কষ্ট দিও না" এই বাণী চিরন্তন এবং সর্বজনীন। তিনি বিশ্বাস করতেন যে পৃথিবী আমাদের শিক্ষালয় এবং পাঁচটি মানবিক মূল্যবোধ - সত্য, নীতি, শান্তি, প্রেম এবং অহিংসা - আমাদের পাঠ্যক্রম। মানবিক মূল্যবোধের বিষয়ে তাঁর শিক্ষা সকল সংস্কৃতি এবং সকল সময়ের জন্য সত্য।

রাষ্ট্রপতি বলেন, 'দেশ প্রথমে'-এর চেতনা অনুসারে দেশ গঠন সকলের কর্তব্য। আধ্যাত্মিক সংগঠনগুলি এতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ভারত সরকার নাগরিকদের জীবনকে সহজ ও সরল করার জন্য অসংখ্য পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও দেশের জনগন যাতে তাদের প্রতিভা এবং ক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে। সমস্ত দাতব্য সংস্থা, এনজিও, বেসরকারি ক্ষেত্র এবং নাগরিকদের ভারত সরকারের এই প্রচেষ্টায় অবদান রাখা উচিত। সকলের মিলিত অবদান ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2193072) ভিজিটরের কাউন্টার : 26
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu , Malayalam