স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

এবি-পিএমজেএওয়াই-এর আওতায় দরিদ্র মানুষেরা যাতে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে

প্রকাশিত: 14 DEC 2021 2:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১

 

আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই)-র সুবিধাভোগীদের চিকিৎসার জন্য নাম নিবন্ধীকরণের কোনও প্রয়োজন হয় না। সুবিধাভোগীরা সরাসরি তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে গিয়ে নগদবিহীন চিকিৎসার সুযোগ পেতে পারেন। নিম্নলিখিত পদ্ধতিতে সুবিধাভোগীরা এই প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন :

(১) জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ)-এর 14555 নম্বরে ফোন করে সুবিধাভোগীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। দিনের যে কোনও সময়ে এই নম্বরে ফোন করা যায়।

(২) কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং তার ওপরের স্বাস্থ্য কেন্দ্রগুলি অর্থাৎ, যে কোনও সরকারি হাসপাতালে সুবিধাভোগীরা গিয়ে এবি-পিএমজেএওয়াই-এর সুবিধা পাবেন কিনা সে বিষয়ে খোঁজ নিতে পারেন। সরকারি হাসপাতালগুলিতে যদি চিকিৎসা পরিষেবা না পাওয়া যায় তাহলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ অন্য কোনও সরকারি বা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সুবিধাভোগীকে পাঠাতে পারে।

(৩) পিএমজেএওয়াই মোবাইল অ্যাপের সাহায্যে নিকটবর্তী কোনও হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য সুবিধাভোগীরা পেতে পারেন।  

(৪) এবি-পিএমজেএওয়াই-এর আওতায় কোথায় কোথায় চিকিৎসার সুবিধা পাওয়া যায় ‘mera.PMJAY.gov.in’ ওয়েবসাইটে গিয়েও তা জানা যাবে।  

(৫) তালিকাভুক্ত সমস্ত সরকারি হাসপাতালে ‘প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র’রা এই প্রকল্পের সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে সাহায্য করেন।

এবি-পিএমজেএওয়াই-এর বাস্তবায়নের দায়িত্ব জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের। এই সংস্থা প্রতারণা-বিরোধী বিভিন্ন নীতি-নির্দেশিকা প্রকাশ করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়মিত প্রতারণা-বিরোধী নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ন্যাশনাল অ্যান্টি-ফ্রড ইউনিট (এনএএফইউ) গঠন করেছে। এনএএফইউ রাজ্যস্তরে প্রতারণা-বিরোধী কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে স্টেট অ্যান্টি-ফ্রড ইউনিটকে সাহায্য করে। রোগীদের বিভিন্ন ক্লেম মেটানোর জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে রোগী ভর্তির সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। প্রতারণা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণে কৃত্রিম মেধার সাহায্য নেওয়া হয়। এছাড়াও, কোনও তথ্যে সন্দেহ দেখা দিলে তা যাচাই করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ার।

 

CG/CB/DM/


(রিলিজ আইডি: 1781535) ভিজিটরের কাউন্টার : 165
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Tamil , Telugu , Malayalam