Technology
ভারতের বায়ুশক্তির রূপান্তর
प्रविष्टि तिथि:
18 NOV 2026 10:42 AM
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
১৫৬ গিগাওয়াট এবং তার পরের লক্ষ্যে এগিয়ে চলা
বায়ুশক্তি : উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, শক্তি নিরাপত্তা মজবুত করা
ভারতের পরিচ্ছন্ন ও সুস্থায়ী শক্তির ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বায়ুশক্তি ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাকৃতিক বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বায়ুশক্তি জীবাশ্ম জ্বালানির বিকল্প পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হিসেবে উঠে এসেছে। এটি ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি, প্রচলিত শক্তির উৎসের উপর নির্ভরতা কমাতে সাহায্য করে। ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বৈচিত্র্যপূর্ণ, নির্ভরযোগ্য এবং কম কার্বন নির্গমনকারী বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে বায়ুশক্তির গুরুত্ব আরও বাড়ছে।
এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল ২৯৯.২৫ গিগাওয়াট। এর মধ্যে বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা ছিল ৫৯.২০ গিগাওয়াট অর্থাৎ, মোট স্থাপিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতার প্রায় ১৯.৮ শতাংশ বায়ুশক্তির অবদান। ২০১৪ সালের মার্চ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বায়ুশক্তির স্থাপিত উৎপাদন ক্ষমতা ২১ গিগাওয়াট থেকে বেড়ে ৫৯.২০ গিগাওয়াট হয়েছে। এই বৃদ্ধি প্রায় ২.৮ গুণ। ভারতের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবস্থায় বায়ুশক্তির ক্রমবর্ধমান গুরুত্ব এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।
উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারের সহায়ক উদ্যোগের ফ,লে শক্তির উৎসের বৈচিত্র্য বাড়ানো, শক্তি নিরাপত্তা মজবুত করা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বায়ুশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতের বায়ুশক্তির চিত্র
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা এবং বায়ুপ্রবাহের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভারতের বায়ুশক্তি ক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। দেশীয় উৎপাদন ব্যবস্থা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বায়ুশক্তির ভূমিকা এই ক্ষেত্রের অগ্রগতিকে আরও শক্তিশালী করছে।
বায়ুশক্তির সম্ভাবনা
- ভূমি থেকে ১২০ মিটার উচ্চতায় ভারতে বায়ুশক্তির সম্ভাব্য মোট উৎপাদন ক্ষমতা ৬৯৫.৫ গিগাওয়াট। ১৫০ মিটার উচ্চতায় এই সম্ভাবনা ১,১৬৩.৯ গিগাওয়াট।
- ১৫০ মিটার উচ্চতায় মূল্যায়ন করা বায়ুশক্তির সম্ভাবনার অধিকাংশই আটটি রাজ্যে কেন্দ্রীভূত। রাজ্যগুলির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা হল: রাজস্থান ২৮৪.২ গিগাওয়াট, গুজরাট ১৮০.৮ গিগাওয়াট, মহারাষ্ট্র ১৭৩.৯ গিগাওয়াট, কর্ণাটক ১৬৯.৩ গিগাওয়াট, অন্ধ্রপ্রদেশ ১২৩.৩ গিগাওয়াট, তামিলনাড়ু ৯৫.১ গিগাওয়াট, মধ্যপ্রদেশ ৫৫.৪ গিগাওয়াট এবং তেলেঙ্গানা ৫৪.৭ গিগাওয়াট।
- বায়ুশক্তির সম্ভাবনা নিরূপণ এবং উপযুক্ত স্থান চিহ্নিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ উইন্ড এনার্জি দেশের বিভিন্ন স্থানে ৯০০টিরও বেশি বায়ু পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।
- উল্লেখ্য, ৫০ মিটার, ৮০ মিটার, ১০০ মিটার, ১২০ মিটার এবং ১৫০ মিটার উচ্চতায় বায়ুশক্তির সম্ভাবনা নিরূপণের মানচিত্র তৈরি করা হয়েছে।
- ভারতের বিপুল বায়ুশক্তির সম্ভাবনা ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা অর্জনের শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা ও উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি
- স্থাপিত বায়ুশক্তির উৎপাদন ক্ষমতার নিরিখে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।
- বিগত ১২ বছরে বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি হয়েছে।
- আরও ২৮ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কাজ চলছে।
- ২০২৫-২৬ সালে ভারত বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ বার্ষিক রেকর্ড গড়েছে। এই বছরে ৬.০৫ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। এর আগে ২০১৬-১৭ সালে ৫.৪ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা বৃদ্ধির রেকর্ড ছিল।
- বায়ুশক্তির প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদিত হয়। সৌরবিদ্যুতের সঙ্গে এর সমন্বয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তোলে।
- বায়ু টারবাইন উৎপাদনের ক্ষমতা ২০১৪ সালে ১০ গিগাওয়াট থেকে বেড়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ২৪ গিগাওয়াট হয়েছে।
- গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে দেশীয় উৎপাদনের হার ৭০ থেকে ৮০ শতাংশে পৌঁছেছে।
- ব্লেড, টাওয়ার, গিয়ারবক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে শক্তিশালী দেশীয় সরবরাহ ব্যবস্থা গড়ে উঠেছে।
- ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ১০৬.৭ বিলিয়ন ইউনিট বায়ুশক্তি উৎপাদন করেছে। দেশের বিদ্যুৎ সরবরাহে এই শক্তির উল্লেখযোগ্য অবদান রয়েছে।
- ভারতের বিদ্যুৎ ব্যবস্থায় বায়ুশক্তি ক্রমশ আরও স্থিতিশীল এবং সমন্বিত অংশ হয়ে উঠছে।
- প্রযুক্তিগত উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর ফলে বিদ্যুৎ ব্যবস্থায় এর ভূমিকা আরও বাড়বে।
সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ
বায়ুশক্তির ব্যবহার বৃদ্ধি, অফশোর বায়ুশক্তিভিত্তিক প্রকল্পের উন্নয়ন এবং বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণ সরকারের প্রধান অগ্রাধিকার। বিভিন্ন প্রকল্প, আর্থিক সহায়তা এবং নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে এই উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
- গুজরাট ও তামিলনাড়ুর উপকূলের কাছে ৫০০ মেগাওয়াট করে মোট ১,০০০ মেগাওয়াট অফশোর বায়ুশক্তি প্রকল্পের জন্য ৬,৮৫৩ কোটি টাকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (VGF) অনুমোদন করা হয়েছে।
- ২০১৭ সালের মার্চের আগে সম্পন্ন হওয়া প্রকল্পগুলির জন্য জেনারেশন বেসড ইনসেনটিভ (GBI) প্রকল্পের সুবিধা ছিল।
- কনট্র্যাক্টস ফর ডিফারেন্স (CfD) ব্যবস্থার অধীনে ৫০০ মেগাওয়াটের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করা হয়েছে। এই ব্যবস্থা বিদ্যুতের দামের ওঠানামা কমাতে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির আয়ের নিশ্চয়তা দিতে সাহায্য করে।
- নিয়ন্ত্রক ব্যবস্থা, জমি, বিদ্যুৎ পরিবহণ এবং প্রকল্প বাস্তবায়নের সমস্যা সমাধানের জন্য ২০২৬ সালের জানুয়ারিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
- পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্রয়ের বাধ্যবাধকতা (RPO)-এর আওতায় বায়ুশক্তির জন্য পৃথক উপাদান যুক্ত করা হয়েছে। এর ফলে বায়ুশক্তির চাহিদা বজায় থাকবে।
- শিল্প সংস্থাগুলিকে সরাসরি পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ কেনার সুযোগ করে দিতে গ্রীন এনার্জি ওপেন অ্যাকসেস বিধি চালু করা হয়েছে।
- অনুমোদিত মডেল ও উৎপাদকদের তালিকা (ALMM), স্বচ্ছ দরপত্রের নির্দেশিকা এবং বিলম্বিত অর্থপ্রদানের সারচার্জ বিধি কার্যকর করার ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
- বিদ্যুৎ গ্রিডের দক্ষতা বাড়াতে হাইব্রিড এবং রাউন্ড দ্য ক্লক (RTC) পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলিকে উৎসাহিত করা হচ্ছে।
বায়ুশক্তি ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়গুলি
- মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ওড়িশার মতো নতুন রাজ্যে বায়ুশক্তির ব্যবহার বাড়ানো।
- গুজরাট ও তামিলনাড়ুতে চিহ্নিত সমুদ্রাঞ্চলে অফশোর বা উপকূল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুশক্তিকেন্দ্রিক প্রকল্পের মাধ্যমে ভারতের এই ক্ষেত্রের সূচনা করা।
- শক্তি সঞ্চয় ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়িক মডেলের মাধ্যমে রাউন্ড দ্য ক্লক (RTC) পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থায় বায়ুশক্তির সমন্বয় ঘটানো।
- বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক পূর্বাভাস প্রযুক্তি ব্যবহার করা।
- বায়ুশক্তি উৎপাদনের সম্পূর্ণ মূল্য শৃঙ্খলে দেশীয় উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী করা।
বায়ুশক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা
বায়ুশক্তি ক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত করতে ভারত যুক্তরাজ্য, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য অফশোর বায়ুশক্তি প্রকল্পের উন্নয়ন, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং বিদ্যুৎ গ্রিডের সঙ্গে বায়ুশক্তির সমন্বয় বাড়ানো। পাশাপাশি, নীতি প্রণয়ন, অর্থায়নের মডেল এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।
ভারত-যুক্তরাজ্য
- ভিশন ২০৩৫ এবং চতুর্থ ভারত-যুক্তরাজ্য শক্তি সংলামের আওতায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত-যুক্তরাজ্য অফশোর বায়ুশক্তি টাস্কফোর্স গঠন করা হয়।
- এই সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলি হল বাজার ব্যবস্থা, বন্দর পরিকাঠামো, সরবরাহ শৃঙ্খল এবং বিভিন্ন উৎসের অর্থায়ন।
ভারত-বেলজিয়াম
- এবছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এ ভারত ও বেলজিয়াম অফশোর বায়ুশক্তি, গবেষণা ও উন্নয়ন এবং গ্রীন ট্যাক্সোনমি বা পরিবেশগতভাবে সুস্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেছে। ভারতের পরিচ্ছন্ন শক্তির রূপান্তরে ইউরোপের ক্রমবর্ধমান আগ্রহ এই উদ্যোগের মাধ্যমে স্পষ্ট হয়েছে।
ভারত-ডেনমার্ক
- অফশোর বা উপকূল থেকে সম্দ্রের দিকে প্রবাহিত বায়ুশক্তির ক্ষেত্রে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ২০১৯ সালে ভারতের সঙ্গে ডেনমার্কের শক্তি, পরিষেবা ও জলবায়ু মন্ত্রকের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের মে মাসে এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের (MoU) পুনর্নবীকরণ করা হয়।
- বর্তমানে এই সহযোগিতার আওতায় বিদ্যুৎ ব্যবস্থার মডেল সৃষ্টি, পরিবর্তনশীল পুনর্নবীকরণযোগ্য শক্তির সমন্বয় এবং যৌথ বিশেষজ্ঞ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
বায়ুশক্তির ভবিষ্যৎ পথ
ভারত শক্তির রূপান্তরের পরবর্তী পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং দেশীয় উৎস থেকে উৎপাদিত পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে বায়ুশক্তির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দেশের বিস্তৃত স্থলভাগ ও সমুদ্রাঞ্চলে বায়ুশক্তির বিপুল সম্ভাবনা দীর্ঘমেয়াদী উন্নয়নের মজবুত ভিত্তি তৈরি করতে পেরেছে। তবে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, শক্তিশালী বিদ্যুৎ পরিবহণ পরিকাঠামো, উন্নত পূর্বাভাস ব্যবস্থা এবং ধারাবাহিক নীতিগত সহায়তা প্রয়োজন।
নতুন ভৌগোলিক অঞ্চলে বায়ুশক্তির ব্যবহার বাড়ানো, শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সঙ্গে এর সমন্বয় ঘটানো, দেশীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করা এবং রপ্তানির প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মাধ্যমে ভারত বায়ুশক্তিকে জলবায়ু ও শক্তি নিরাপত্তার লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি, শিল্পের উন্নয়ন এবং অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে পারে।
তথ্যসূত্র
Ministry of New and Renewable Energy
Click here for pdf file.
****
SSS/AS.....
(तथ्य सामग्री आईडी: 151205)
आगंतुक पटल : 6
Provide suggestions / comments