প্রকাশিত:
28 NOV 2026 3:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে ভাষণও দেবেন।
ড. ভূপেন হাজারিকা ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামের সাদিয়ায় জন্মগ্রহণ করেন। ‘সুধাকণ্ঠ’ এবং ‘ব্রহ্মপুত্রের চারণকবি’ (বার্ড অফ ব্রহ্মপুত্র) হিসেবে সমাদৃত ড. হাজারিকা আসাম তথা সমগ্র ভারতের সাংস্কৃতিক ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। কিংবদন্তিতুল্য এই গায়ক, সুরকার, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও লেখক তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও আবেগকে কণ্ঠ দিয়েছেন। আসাম ও উত্তর-পূর্ব ভারতের লোকঐতিহ্যের শিকড়ে প্রোথিত তাঁর সঙ্গীত ভাষাগত ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রান্তসহ আরও অনেক দূর পর্যন্ত এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পৌঁছে দিয়েছে।
শিল্পকলায় অবদানের পাশাপাশি ড. হাজারিকা ছিলেন একজন মানবতাবাদী ও সমাজচিন্তাবিদ। তাঁর সৃষ্টিকর্ম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সম্প্রীতি এবং বিশ্বভ্রাতৃত্বের বার্তা প্রচার করেছে। আসামের সাংস্কৃতিক পরিচিতি সুদৃঢ় করতে এবং ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভারতীয় সঙ্গীত, চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারসহ বহু মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। ২০১৯ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান মরণোত্তর ‘ভারতরত্ন’-সম্মানে ভূষিত করা হয়।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র ও সমাজে ড. হাজারিকার অবদানকে নতুন করে জানার ও আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। এই উদযাপনের মাধ্যমে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা, তাঁর সৃজনশীল প্রতিভার কালজয়ী আবেদন এবং মানবতা, সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের বার্তাটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
SC/SB/AS