প্রকাশিত:
27 NOV 2026 1:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ নভেম্বর, ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন বারাণসীতে আয়োজিত ‘কাশী তামিল সঙ্গমম’ (KTS)-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। এবারের অধিবেশন চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমাপ্তি অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর উপস্থিত থাকার কথা। তামিলনাড়ু ও কাশীর মধ্যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক, ভাষাগত ও সভ্যতাগত বন্ধনকে উদযাপন করতে এই আয়োজনে ১,৪০০ জনেরও বেশি প্রতিনিধি একত্রিত হবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত এই উদ্যোগটির লক্ষ্য হলো—দুটি অঞ্চলের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া। পঞ্চম এই সংস্করণে তামিল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ‘তিরুক্কুরাল’-এর শাশ্বত জ্ঞান ও নৈতিক শিক্ষাকে তুলে ধরা হবে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ, আইআইটি মাদ্রাজ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রকের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে।
‘কাশী তামিল সঙ্গমম ৫.০’-এর মূল ভাবনা — “তিরুক্কুরাল পইলভোম – তিরুক্কুরাল অভ্যাস কারেন”
‘কাশী তামিল সঙ্গমম ৫.০’-এর মূল ভাবনা হলো “তিরুক্কুরাল পইলভোম – তিরুক্কুরাল অভ্যাস কারেন”, যার অর্থ হলো— “আসুন, আমরা তিরুক্কুরাল শিখি”। এর মূল উদ্দেশ্য হলো—বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে ‘তিরুক্কুরাল’-এর শাশ্বত জ্ঞান সম্পর্কে সচেতনতা ও বোধ তৈরি করা। একই সঙ্গে, ভারতের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য এবং দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধাবোধকে উৎসাহিত করাও এর অন্যতম লক্ষ্য। বিখ্যাত তামিল কবি ও দার্শনিক তিরুবল্লুবর রচিত ‘তিরুক্কুরাল’ তামিল সাহিত্যের অন্যতম কালজয়ী সৃষ্টি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দিকনির্দেশনা দিয়ে আসছে। এর ১,৩৩০টি দ্বিপদী শ্লোকে নৈতিকতা, শাসনব্যবস্থা, মানবিক সম্পর্ক, সহানুভূতি, শৃঙ্খলা এবং দায়িত্বশীল জীবনযাপনের বিষয়গুলো অন্বেষণ করা হয়েছে। গ্রন্থটি তিনটি খণ্ডে বিভক্ত— ‘আরাম’ (সদাচার), ‘পরুল’ (সম্পদ) এবং ‘ইনবাম’ (ভালোবাসা)—যা ন্যায়পরায়ণ আচরণ, সামাজিক ও রাজনৈতিক জীবন এবং পারস্পরিক সম্পর্কের মূলনীতিগুলোকে ধারণ করে।
অংশগ্রহণকারী ও ভ্রমণসূচি
তামিলনাড়ু থেকে প্রায় ১,৪০০ জন অংশগ্রহণকারীকে ২০০ জনের সাতটি দলে বিভক্ত করা হয়েছে। তাঁরা আট দিনের এক সফরে যোগ দেবেন। এই সফরের মধ্যে রয়েছে চার দিনের ভ্রমণ এবং চার দিনের সুপরিকল্পিত কর্মসূচি। ভ্রমণসূচি অনুযায়ী তারা বারাণসী, প্রয়াগরাজ ও অযোধ্যা সফর করবেন; সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিষয়ভিত্তিক এবং আধ্যাত্মিক নানা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
অংশগ্রহণকারীরা সাতটি শ্রেণি থেকে এসেছেন:
• শিক্ষার্থী
• শিক্ষক
• লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব
• কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধি
• পেশাদার ও কারিগর
• মহিলা
• আধ্যাত্মিক নেতৃবৃন্দ
বারাণসীতে থাকার সময়ে প্রতিনিধিরা কাশী বিশ্বনাথ মন্দির, রামনগর দুর্গ এবং ভারত মাতা মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান দর্শন করবেন। এছাড়া তাঁদের ভ্রমণসূচিতে রয়েছে গঙ্গা আরতি, গঙ্গাস্নান, শিক্ষামূলক অধিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর প্রতিনিধিরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম এবং অযোধ্যার শ্রী রাম মন্দির পরিদর্শন করবেন।
একটি বিশেষ ‘তামিল ঐতিহ্য সার্কিট’-এর মাধ্যমে প্রতিনিধিরা মহাকবি সুব্রামানিয়া ভারতীর পৈতৃক ভিটা, কেদার ঘাট এবং ‘লিটল তামিলনাড়ু’-তে অবস্থিত কাশী মঠ ঘুরে দেখবেন। পাশাপাশি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU) তামিল বিভাগে একটি শিক্ষামূলক মতবিনিময় সভারও আয়োজন করা হবে।
শিক্ষার্থী অংশগ্রহণ কর্মসূচি
বিভিন্ন শিক্ষাগত ক্ষেত্র ও ভাষাগত পটভূমির শিক্ষার্থীদের মধ্যে ‘তিরুক্কুরাল’ সম্পর্কে গভীর বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যে ১,০০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি দেশব্যাপী ‘শিক্ষার্থী অংশগ্রহণ কর্মসূচি’ গ্রহণ করা হয়েছে। এই আওতায় সুসংগঠিত অধ্যয়ন, গবেষণা এবং ক্যাম্পাস-ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে।
• প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তাদের আগ্রহী শিক্ষার্থীদের ‘তিরুক্কুরাল’-এর ওপর মূল্যায়ন করবে এবং মেধার ভিত্তিতে একজন শিক্ষার্থীকে মনোনীত করবে।
• মনোনীত শিক্ষার্থীরা একটি অনলাইন একাডেমিক ওরিয়েন্টেশন বা পরিচিতিমূলক অধিবেশনে অংশ নেবেন, যা ২২টি নির্ধারিত ভাষা ও ইংরেজিতে পরিচালিত হবে।
• এরপর শুরু হবে এক মাসব্যাপী গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম, যার জন্য ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল’ (CICT) থেকে বহুভাষিক অধ্যয়ন উপকরণ সরবরাহ করা হবে। কর্মসূচির নির্দেশিকা মেনে এবং নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে, প্রতিটি যোগ্য শিক্ষার্থী ১০,০০০ টাকা বৃত্তি পাওয়ার অধিকারী হবেন।
• প্রতিটি শিক্ষার্থীকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে ৪ থেকে ১০ পৃষ্ঠার একটি নিবন্ধ বা গবেষণাপত্র লিখতে হবে এবং নিজের প্রতিষ্ঠানে ‘তিরুক্কুরাল’-এর ওপর এক ঘণ্টার একটি উপস্থাপনা দিতে হবে।
উত্তরপ্রদেশের বিদ্যালয়গুলোতে ‘তিরুক্কুরাল’ পাঠদান
এই ‘সঙ্গমম’ কর্মসূচির অঙ্গ হিসেবে তামিলনাড়ু থেকে ৫০ জন শিক্ষক উত্তরপ্রদেশ সফর করবেন এবং সেখানকার বিদ্যালয়গুলোতে ‘তিরুক্কুরাল’ পড়াবেন। তামিলনাড়ুর ‘তিরুক্কুরাল’ বিশেষজ্ঞরা বারাণসীর বিভিন্ন বিদ্যালয়ও পরিদর্শন করবেন। তাঁরা শিক্ষার্থীদের এই গ্রন্থের মূল মূল্যবোধগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
বিদ্যালয়গুলোতে পঠন-পাঠন বিষয়ক অধিবেশন
‘ন্যাশনাল বুক ট্রাস্ট’ এবং ‘রাষ্ট্রীয় ই-পুস্তকালয়’-এর যৌথ উদ্যোগে বারাণসীর বিদ্যালয়গুলিতে পঠন অভ্যাস, গল্প বলা এবং সৃজনশীল কর্মকাণ্ড বিষয়ক বিভিন্ন আলাপচারিতামূলক অধিবেশনের আয়োজন করা হবে।
চর্চা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আঞ্চলিক কারুশিল্প প্রদর্শনী
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারতীয় ভাষা সমিতির সঙ্গে যৌথভাবে ‘তিরুক্কুরাল’ বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করবে। পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিরুক্কুরাল-ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে। সম্মেলনস্থলে তামিলনাড়ু ও উত্তর প্রদেশের হস্তশিল্প ও তাঁতপণ্যের স্টল স্থাপন করা হবে।
ডিজিটাল ও গণ-যোগাযোগ
'কাশী তামিল সঙ্গমম ৫.০' -এ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে 'তিরুক্কুরাল'-এর শিক্ষা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হবে। সিআইসিটি (CICT)-এর বহুভাষিক 'তিরুক্কুরাল' অ্যাপটিতে মোট ১,৩৩০টি দ্বিপদী রয়েছে, যা ভারতের ২২টি সরকারি স্বীকৃত ভাষায় অনূদিত হয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে সিআইসিটি, নির্বাচিত কিছু দ্বিপদীর ওপর ভিত্তি করে ছোট অ্যানিমেটেড ভিডিও, চলচ্চিত্র এবং 'তিরুক্কুরাল'-এর অডিওবুকও প্রস্তুত করেছে।
বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের জন্য দেখুন:
https://www.kts.cict.in/?lang=en
https://kashitamil.iitm.ac.in/
https://kashitamil.bhu.edu.in/
'তিরুক্কুরাল' বিষয়ক 'মাইগভ' (MyGov) কুইজে অংশগ্রহণ করুন:
https://quiz.mygov.in/quiz/kashi-tamil-sangamam-5-0-quiz-on-thirukkural/
SC/SD/SKD