বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারতের বিকাশের ধারা শক্তিশালী, স্থিতিশীল ও নির্ভরযোগ্য: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল

পোস্ট করার দিনক্ষণ: 27 NOV 2026 12:09PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৭ নভেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের বিকাশের ধারা শক্তিশালী, স্থিতিশীল ও নির্ভরযোগ্য রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতের ওপর যে আস্থা রেখেছে, দেশ সেই আস্থার মর্যাদা রক্ষা করে চলেছে। ইন্ডিয়া ডেট ক্যাপিটাল মার্কেট সামিট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের অর্থনৈতিক সাফল্য, ধারাবাহিক সংস্কার, ক্রমবর্ধমান বাণিজ্যিক সুযোগ এবং দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ঋণবাজারের ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন।

 

মন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বিকাশের হার ৭.৮ শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও বিকাশের এই ধারা বজায় থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। মোট স্থায়ী মূলধন গঠন প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বছরের প্রথম সাত মাসেই ভারতের রপ্তানির পরিমাণ ৫৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তাঁর মতে, ভারত ১ লক্ষ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথেই এগিয়ে চলেছে। চলতি বছরের মে মাসে এই লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় তা অনেকের কাছেই প্রায় অকল্পনীয় ও উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হয়েছিল। পাশাপাশি, ঋণ প্রদানের ক্ষেত্রে প্রায় ১৯ শতাংশ বৃদ্ধিও একটি ইতিবাচক ইঙ্গিত, বিশেষত ঋণবাজারের পরিপ্রেক্ষিতে।

 

শ্রী গোয়েল বলেন, একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে দুটি যুদ্ধ চলা, আকস্মিক ভাবে তেলের দাম বাড়া, শুল্কনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ নিয়ে অনিশ্চয়তা, সমুদ্রপথে পণ্য পরিবহণে বিঘ্ন এবং বিমান চলাচলের উপর প্রভাব ফেলা বিক্ষিপ্ত হামলার মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যেও ভারত তার স্থিতিশীলতা প্রমাণ করেছে। এত প্রতিকূলতা সত্ত্বেও ভারতের বিকাশের ওপর বিশ্বের আস্থা অটুট রয়েছে এবং ভারত সেই আস্থার যথাযথ মর্যাদা দিয়েছে।

 

তিনি বলেন, ভারত ক্রমাগত প্রশাসনিক ও বাণিজ্যিক প্রক্রিয়ার সংস্কার করে চলেছে, নতুন নীতি প্রণয়ন করছে, ব্যবসা করার প্রক্রিয়াকে আরও সহজ করছে এবং শিল্পোদ্যোগী ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রেখেছে। আগামী ২০ থেকে ২৫ বছরের কথা মাথায় রেখে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্নকে প্রশাসনিক ও নীতিনির্ধারণী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করা হয়েছে। একই সঙ্গে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল, দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশু যেন উন্নত জীবনযাত্রা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং জীবনে এগিয়ে যাওয়ার আরও বেশি সুযোগ পায়, তা নিশ্চিত করা।

 

মন্ত্রী জানান, ভারত একদিকে যেমন বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে, অন্যদিকে জিএসটি ব্যবস্থাকে আরও সরল করে করের হার কমানোর উদ্যোগও নিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ চাহিদা ও ভোগব্যয় বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেন, জিএসটি আদায়ের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে এবং অক্টোবর মাসে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে। অক্টোবরেই এক মাসে ৯০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করে ভারত রপ্তানির ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে।

 

তিনি বলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি এখনও কার্যকর হয়নি। ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চলতি বছরের শেষের দিকে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী বছরের মার্চ বা এপ্রিল মাস নাগাদ তা কার্যকর হতে পারে। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিও চূড়ান্ত হওয়ার কাছাকাছি। এই চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া ও রূপরেখা ইতিমধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে বলে তিনি জানান।

 

ঋণ মূলধনী বাজারের সমগ্র পরিসরের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে একটি অভিন্ন মঞ্চে নিয়ে আসার জন্য আয়োজকদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সম্মেলনের 'ক্যাটালিস্টস, এপেক্স অ্যান্ড ক্রেডিট' শীর্ষক বিষয়বস্তু বর্তমান সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভারতের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বন্ড ও ঋণবাজারের মূল ভিত্তিই হল পারস্পরিক আস্থা। কারণ, এই বাজারের কার্যকারিতা ঋণগ্রহীতাদের বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভরশীল।

 

শ্রী গোয়েল বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের আস্থাভিত্তিক অংশীদারিত্বই অগ্রাধিকারমূলক, দ্বিপাক্ষিক ও মুক্ত বাণিজ্য চুক্তিগুলির মূল ভিত্তি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব, ৪ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি থেকে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে উত্তরণের বিপুল সম্ভাবনা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভারতের নির্ভরযোগ্য সম্পর্ক—এই তিনটি বিষয় দেশের বিকাশের মূল চালিকাশক্তি।

 

মন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দশকের জন্য ভারত এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে পছন্দের অংশীদার, বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এবং নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ভারতের ক্রমবর্ধমান উৎপাদন ও রপ্তানি সক্ষমতা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশের সংযুক্তি এবং দ্রুত সম্প্রসারিত পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন।

 

তিনি জানান, আগামী ৩০ বছরে ভারতে যত নতুন আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মিত হবে, তার সংখ্যা বর্তমানে দেশে থাকা এই ধরনের সমস্ত ভবনের মোট সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

শ্রী গোয়েল বলেন, তেলের দাম বৃদ্ধি অর্থনীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেললেও ভারতের দীর্ঘমেয়াদি বিকাশের ক্ষেত্রে এর প্রভাব বিচার করতে হবে দেশের পরিবর্তিত অর্থনৈতিক ভিত্তির পরিপ্রেক্ষিতে। তিনি উল্লেখ করেন, ২০ বছর আগের তুলনায় বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, প্রবাসী ভারতীয়দের পাঠানো অর্থ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বেশি।

 

তিনি বলেন, ভারত বর্তমানে ৭০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করছে এবং চলতি বছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ১ লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ৪ লক্ষ কোটি মার্কিন ডলার। সেই নিরিখে ভারত বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি (PPP) অনুযায়ী ভারতের জিডিপির পরিমাণ প্রায় ১৮ থেকে ১৯ লক্ষ কোটি মার্কিন ডলার। এর ফলে পণ্য ও পরিষেবার চাহিদা পূরণ করার পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে উৎপাদন করার ক্ষেত্রেও ভারতের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

 

মন্ত্রী বলেন, ভারতের বর্তমান অর্থনৈতিক পরিসর ও সক্ষমতার নিরিখে তেলের দামে কয়েক ডলারের ওঠানামা দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তিনি উল্লেখ করেন, বিশ্বের যে দেশগুলির জাতীয় ঋণের পরিমাণ তুলনামূলকভাবে সর্বনিম্ন, ভারত তাদের অন্যতম। দেশের মোট ঋণের তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণও অনেক কম। এই বিষয়গুলি ভারতের বিকাশের ধারার স্থায়িত্ব ও আর্থিক সক্ষমতার প্রমাণ। কোভিড-১৯ মহামারির সময়েও ভারত বিশ্বের কাছে তার কোনও আর্থিক দায়বদ্ধতা পালনে কখনও ব্যর্থ হয়নি।

 

শ্রী গোয়েল বলেন, ভারতে সুদের হার এখনও তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে রয়েছে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। বিদেশি বিনিয়োগকারীরা যখন বাজার থেকে অর্থ প্রত্যাহার করেছেন, তখনও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং খুচরো বিনিয়োগকারীরা বাজারকে সমর্থন জুগিয়েছেন। বাজারে ওঠানামার সময়েও তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ভারতের বিকাশের ধারা নিরাপদ, শক্তিশালী, স্থিতিশীল ও নির্ভরযোগ্য।

 

মন্ত্রী জোর দিয়ে বলেন, ভারতের অর্থনৈতিক রূপান্তর কোনও আকস্মিক ঘটনা বা সৌভাগ্যের ফল নয়; বরং গত ১২ বছরের ধারাবাহিক সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমূলক উদ্যোগের ফল। সরকার সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, উন্নত সড়ক, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ এবং ডিজিটাল সংযোগ।

 

তিনি 'জল জীবন মিশন'-এর কথাও উল্লেখ করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, গত ১২ বছরে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসাকে তিনি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেন।

 

শ্রী গোয়েল বলেন, পরিকাঠামোর উন্নয়ন, ক্রমবর্ধমান ভোগব্যয় ও অর্থনৈতিক বিকাশের পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন নতুন আন্তর্জাতিক বাজারের দরজা খুলে যাওয়ায় ভারতের উৎপাদক, কৃষিপণ্য রপ্তানিকারক, সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক এবং পরিষেবা প্রদানকারীদের সামনে নতুন সুযোগ তৈরি হবে। তিনি আশাপ্রকাশ করেন, ধারাবাহিক সংস্কার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে ভারত তার বিকাশের ধারা অব্যাহত রাখবে।

 

ভারতের রপ্তানিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার এবং উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগকে বিশ্বমানের প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্রে পরিণত করতে দেশে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন এবং গুণমান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, দক্ষ ও প্রতিভাবান মানবসম্পদের একটি বৃহত্তর ভাণ্ডার গড়ে তুলতে হবে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারত প্রথম সারিতে জায়গা করে নিতে পারে।

 

তিনি বলেন, ভারত এখন বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশীদার। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের বাজারে ভারতের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের পরিসর ক্রমশ বাড়ছে। ২০১৪ সাল পর্যন্ত ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলি এমন দেশগুলিকে অন্তর্ভুক্ত করেছিল, যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ কোটি মার্কিন ডলার। সেই সময় বিশ্বের মোট জিডিপির পরিমাণ ছিল প্রায় ১১৫ লক্ষ কোটি মার্কিন ডলার। গত সাড়ে চার থেকে পাঁচ বছরে ৩৮টি উন্নত দেশের সঙ্গে মোট ৯টি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এই দেশগুলির সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় ৬০ লক্ষ কোটি মার্কিন ডলার। আগের চুক্তিগুলির সঙ্গে এই চুক্তিগুলি যুক্ত হওয়ায় বর্তমানে বিশ্বের প্রায় ৭০ লক্ষ কোটি মার্কিন ডলার জিডিপির সমতুল্য অর্থনীতির বাজারে ভারত অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়েছে।

 

মন্ত্রী জানান, ভারত বর্তমানে আরও আট থেকে নয়টি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এর ফলে আরও ১৫ লক্ষ কোটি মার্কিন ডলারের বাজারে প্রবেশাধিকারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সেই ক্ষেত্রে বিশ্বের ১১৫ থেকে ১২০ লক্ষ কোটি মার্কিন ডলারের মোট জিডিপির মধ্যে প্রায় ৮৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির বাজারে ভারতের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার থাকবে। তিনি বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ক্রমবর্ধমান অবস্থান এবং ভারতীয় ব্যবসায়ীদের সামনে উন্মুক্ত হয়ে যাওয়া বিপুল সম্ভাবনার প্রতিফলন ঘটছে।

 

সম্মেলনের মূল বিষয়বস্তু প্রসঙ্গে শ্রী গোয়েল বলেন, সরকার ও বেসরকারি ক্ষেত্র যৌথভাবে বিকাশের নতুন নতুন সম্ভাবনাকে বাস্তবায়িত করছে। একই সঙ্গে উভয় ক্ষেত্রেই মূলধনী ব্যয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হচ্ছে। ঋণ প্রদানের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ এবং নতুন করে বিনিয়োগের সুযোগ সৃষ্টিরই ইঙ্গিত বহন করছে।

 

তিনি বলেন, সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, ডেটা সেন্টার এবং মুম্বইয়ের বাইরে বধবনে নির্মীয়মাণ নতুন বন্দরের মতো বৃহৎ প্রকল্পগুলি সম্মিলিতভাবে দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ঋণের চাহিদা তৈরি করবে। ভারতের বিকাশে ঋণবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দুই থেকে তিন দশকে যে বিপুল, বৈচিত্র্যময় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থ যোগান ব্যবস্থাকেও আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হবে।

 

তিনি আরও বলেন, আগামী বছরগুলিতে বেসরকারি মূলধন অর্থের যোগানের একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে। পাশাপাশি, আন্তর্জাতিক বন্ড সূচকে ভারতের অন্তর্ভুক্তিও দেশের ঋণবাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

ঋণ পুঁজিবাজারের সামগ্রিক ব্যবস্থার উন্নয়নে মন্ত্রী পাঁচটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

 

প্রথমত: বৃহৎ কর্পোরেট সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং পরিকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান-সহ সমস্ত বন্ড ইস্যুকারী সংস্থাকে মূলধনী ব্যয়ের অর্থের যোগানের ক্ষেত্রে, বিশেষত দীর্ঘমেয়াদি প্রকল্পগুলির জন্য, বন্ড বাজারকে অর্থ সংগ্রহের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

 

দ্বিতীয়ত: বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থায় এবং আরও বিস্তৃত ঋণ পরিকাঠামোয় সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, বিমা সংস্থা, পেনশন সংস্থা, পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড এবং মিউচুয়াল ফান্ডগুলির হাতে ক্রমশ দীর্ঘমেয়াদি বিনিয়োগের উপযোগী মূলধন জমা হচ্ছে। তাই তাঁদের AAA রেটিংপ্রাপ্ত আর্থিক উপকরণের বাইরেও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দেন শ্রীগোয়েল।

 

তৃতীয়ত: শেয়ারবাজারের মতো বন্ডের লেনদেনকেও আরও সহজ ও দ্রুত করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বন্ড কেনাবেচা সহজ হয় এবং লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যায়।

 

চতুর্থত: মুক্ত বাণিজ্য চুক্তির ফলে যে নতুন নতুন বাজারের সুযোগ তৈরি হয়েছে, সেগুলিকে বাস্তব বিনিয়োগের সিদ্ধান্তে রূপান্তরিত করার জন্য রপ্তানিকারক এবং তাঁদের অর্থ যোগানদার সংস্থাগুলির প্রতি আহ্বান জানান। নতুন বাজারের চাহিদা পূরণে উৎপাদন ও পরিষেবা প্রদানের সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

 

পঞ্চমত: তিনি পুনরায় জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে সরকার প্রস্তুত। ঋণবাজার ও আর্থিক ব্যবস্থার আরও সংস্কার এবং উন্নয়নের জন্য সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রের কাছ থেকে পরামর্শ ও নতুন ধারণা আহ্বান করেন তিনি।

 

ভারতের অব্যাহত অর্থনৈতিক বিকাশ ও স্থিতিশীলতার বিষয়ে আস্থা প্রকাশ করে শ্রীগোয়েল বলেন, দেশের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2342613) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: हिन्दी , English , Urdu , Marathi , Assamese , Bengali , Gujarati