শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে বিদ্যুৎমন্ত্রীদের দু-দিনের সম্মেলন শুরু হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 27 NOV 2026 12:40PM by PIB Agartala

গোয়া, ২৭ নভেম্বর ২০২৬

 

নতুন দিল্লিতে আজ থেকে শুরু হয়েছে দু-দিনের বিদ্যুৎমন্ত্রীদের সম্মেলন। এই সম্মেলনের পৌরোহিত্য করছেন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী মনোহর লাল। ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক এবং বিদ্যুৎ সংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

 

ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ নীতি এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আলোচনার সুযোগ করে দিয়েছে এই সম্মেলন। বিদ্যুৎ ক্ষেত্রের নিরাপত্তা, পরিকাঠামো ও বিভিন্ন সংস্কারমূলক কাজকে ত্বরান্বিত করার পন্থা-পদ্ধতি নিয়ে এখানে আলোচনা হবে।

 

শ্রী মনোহর লাল সম্মেলনে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, ভারতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ায় ব্যবস্থাপনাটি আরও শক্তিশালী হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চয় ও বন্টন ক্ষেত্রে আরও সুসংহত পদক্ষেপের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যগুলির বিদ্যুৎ মন্ত্রক, বিদ্যুৎ বন্টন সংস্থা সহ বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে আরও সমন্বয় গড়ে তুলতে হবে। আগামী দুই দশকে এই ক্ষেত্রের ২০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। বিদ্যুৎ নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন করে বন্টন সংস্থাগুলির আর্থিক অবস্থার মানোন্নয়ন ঘটাতে হবে।

 

এই সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রক, বিভিন্ন রাজ্য এবং অন্যান্য অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মতবিনিময় হবে। এর মধ্যে রয়েছে—‘রিসোর্স অ্যাডিকুয়েসি’ বা পর্যাপ্ত সম্পদ, পরিকল্পনা বাস্তবায়ন (দ্রুতহারে জ্বালানি সংরক্ষণ ব্যবস্থার প্রসার এর মধ্যে অন্যতম); আন্তঃরাজ্য ও রাজ্যর মধ্যে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যা; বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলির আর্থিক ক্ষমতা; ‘রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম’ বাস্তবায়ন। স্মার্ট মিটারিং, ফিডার আলাদা করা এবং প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সময় স্থান নির্বাচন নিয়েও এখানে আলোচনা হবে।

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ যশনায়েক বলেন, পরিকাঠামো গড়ে তোলা, সুস্থায়ীভাবে বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নের মতো বিষয়গুলিও এই সম্মেলনে স্থান পাবে। বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী পঙ্কজ আগরওয়াল বলেন, ভারতে বর্তমানে ৫৬৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশের বেশি বিদ্যুৎ উৎপাদন হয় অ-জীবাশ্ম জ্বালানি থেকে। গত এক বছরে প্রায় ৬০ গিগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অ-জীবাশ্ম জ্বালানিকে কাজে লাগিয়ে। সম্মেলনে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2342610) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Kannada