উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপ রাষ্ট্রপতি সংবিধান দিবসে ২২টি ভাষায় ভারতের সংবিধানের সাম্প্রতিকতম সংস্করণগুলি প্রকাশ করলেন

প্রকাশিত: 26 NOV 2026 4:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬

 

উপ রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন নতুন দিল্লির বিজ্ঞানভবনে সংবিধান দিবস উপলক্ষ্যে তফশিলভুক্ত ২২টি ভাষায় ভারতের সংবিধানের সাম্প্রতিকতম সংস্করণগুলি আজ প্রকাশ করলেন। 

ভারতের গণতান্ত্রিক যাত্রাপথে এই অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করে উপ রাষ্ট্রপতি বলেন, তফশিলভুক্ত সবকটি ভাষায় এই সংবিধান পাওয়া ভারতের ভাষা বৈচিত্র্যের এবং গণতান্ত্রিক অন্তর্ভুক্তির উদযাপন। তিনি বলেন, মাতৃভাষায় সংবিধান পড়ার সুযোগ প্রশাসনকে নাগরিকদের কাছে নিয়ে আসবে এবং মানুষ আরও ভালোভাবে বুঝতে পারবে তাদের সাংবিধানিক অধিকার, কর্তব্য এবং মূল্যবোধ। 

ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডঃ বি আর আম্বেদকর এবং সাংবিধানিক সভার অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সি পি রাধাকৃষ্ণন বলেন, সংবিধান শুধুমাত্র একটি আইনি কাঠামো নয়, দেশের জীবন্ত আত্মা। তিনি কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং তাঁর দলের প্রয়াসের প্রশংসা করেন মানুষের কাছে সংবিধানকে পৌঁছে দেওয়ার জন্য। তিনি বলেন, এই সকল প্রয়াস প্রমাণ করে ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়বদ্ধতা। 

ভারতের ভাষাগুলি এবং জ্ঞানের ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত উদ্যোগগুলি তুলে ধরেন তিনি। তিনি বলেন, জ্ঞান ভারতম এবং কাশী তামিল সঙ্গমম-এর মতো উদ্যোগগুলি প্রমাণ করে ভারতের সভ্যতার ঐতিহ্যের সুরক্ষা এবং সব অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরালো করার দায়বদ্ধতা। 

শ্রী সি পি রাধাকৃষ্ণন মনে করেন যে ভারতের শক্তি নিহিত তার বৈচিত্র্যে এবং ভাষাগুলি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচিতির বাহক। সকল ভারতীয় ভাষার জন্য পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনও ব্যক্তির মাতৃভাষার প্রতি বিশেষ আকর্ষণ থাকতে পারে কিন্তু সেইসঙ্গে অপরের ভাষা বা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা থাকা একইরকম জরুরি। তিনি নাগরিকদের তাঁদের নিজেদের মাতৃভাষার উদযাপন এবং সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য যা ভারতকে সম্প্রীতিপূর্ণ দেশ করে তুলেছে তাকে আঁকড়ে ধরার আহ্বান জানান। 

মহাকবি সুব্রমনিয়া ভারতীর কথা স্মরণ করে তিনি বলেন যে, যদিও ভারত অনেক ভাষায় কথা বলে কিন্তু তার ভাবনা প্রত্যাশা এবং কাজ দেশসেবায় ঐক্যবদ্ধ থাকে। তিনি আরও বলেন যে, তফশিল ভুক্ত ২২টি ভাষার সবকটিতে সংবিধানের প্রকাশ এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনার প্রতিরূপ এবং বিকশিত ভারত @2047-এর লক্ষ্যে ভারতের যাত্রাকে শক্তিশালী করবে।   

উপ রাষ্ট্রপতি প্রত্যেককে রাষ্ট্র প্রথম এই পথ নির্দেশক নীতি নিয়ে কাজ করার আবেদন জানান – জোর দিয়ে বলেন যে, একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দেশ তার সবকটি ভাষার সংরক্ষণ এবং প্রস্ফুটিত হওয়ার জন্য প্রয়োজনীয়। 

কেন্দ্রীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আইন ও বিচার প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিব শ্রী ডঃ রাজীব মণি এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

 

SC / AP/AG


(রিলিজ আইডি: 2342116) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu