প্রকাশিত:
26 NOV 2026 11:23AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬
ভারতের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব শ্রী এস. কৃষ্ণন ‘ইন্ডিয়া এআই মিশন’ -এর আওতায় ‘চ্যারিয়ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রাইভেট লিমিটেড’ -এর উদ্ভাবিত ‘চ্যারিয়ট-১ ফাউন্ডেশন মডেল’ -এর সূচনা করেন। নতুনদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই প্রদর্শনীতে দেশীয় গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান দক্ষতাকে তুলে ধরা হয়।
সম্পূর্ণ দেশীয় মডেল তৈরির জন্য ইন্ডিয়াএআই মিশনের নির্বাচিত প্রথম চারটি দলের মধ্যে চ্যারিয়ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রাইভেট লিমিটেড অন্যতম। দেশীয় প্রযুক্তিতে এআই এর উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত গবেষণাকে সহায়তা করা এবং ভারতের ভাষাগত ও সামাজিক ক্ষেত্রে অনন্য চাহিদা পূরণের জন্য এ ধরণের মডেল তৈরিতে সহায়তা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
চ্যারিয়ট-১ মডেল স্যুটে রয়েছে চ্যারিয়ট-১ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং চ্যারিয়ট-১ টেক্সট-টু-স্পিচ (টিটিএস), যা দেশে একেবারে শুরু থেকে প্রাক- প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়। ভাষা বোঝা এবং স্পিচ জেনারেশনকে উন্নত করার জন্য যথাযথ পরিকল্পনা করে এই মডেলগুলিতে এমন সব অভিনব গবেষণালব্ধ উদ্ভাবন অন্তর্ভুক্ত করা হয়েছে, যার উদ্দেশ্য হলো কম্পিউটেশনাল দক্ষতা, বহুভাষিক ক্ষমতা এবং বিভিন্ন পরিবেশে এর কর্মক্ষমতা বৃদ্ধি করা।
'চ্যারিয়ট-১' –এর মাধ্যমে দেশীয় 'ফাউন্ডেশন মডেল' তৈরিতে ভারতে কৃত্রিম মেধা সংক্রান্ত উদ্যোগগুলি প্রতিফলিত হয়। ইন্ডিয়াএআই মিশন-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নের জন্য একটি শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তুলছে। এর মূল লক্ষ্য হলো দেশীয় সংস্থাগুলির দক্ষতা বৃদ্ধি করা এবং বাইরের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানো।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কৃত্রিম মেধার মডেল তৈরিতে নিয়োজিত সংস্থাগুলিকে সহায়তা প্রদানের মাধ্যমে, 'ইন্ডিয়াএআই মিশন' গবেষক, উদ্ভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে উচ্চাকাঙ্ক্ষী এআই গবেষণায় যুক্ত হতে উৎসাহিত করে । একটি অন্তর্ভুক্তিমূলক, স্বনির্ভর এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক এআই ইকোসিস্টেম গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে এনভিডিয়া-র দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্রী বিশাল ধুপার এবং 'চ্যারিয়ট'-এর সহ-প্রতিষ্ঠাতা শ্রী সুব্রত ভূষণের একটি আলোচনার আয়োজন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার সাম্প্রতিক অগ্রগতি এবং প্রযুক্তির বিবর্তনশীল প্রেক্ষাপট নিয়ে এই আলোচনায় মতবিনিময় হয়।
SC/CB/NS