57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

দর্শকদের হাসানো একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সৃজনশীল কাজ: IFFI ২০২৬-এ অনিল রবিপুড়ি

প্রকাশিত: 25 NOV 2026 3:47PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341407Views: 2

গোয়া, ২৫ নভেম্বর ২০২৬

 

 

“দর্শকদের হাসানো একটি কঠিন ও চ্যালেঞ্জিং সৃজনশীল কাজ”—গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  চলাকালীন তাঁর "মানা শঙ্কর ভারা প্রসাদ গারু" চলচ্চিত্র সম্পর্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রী অনিল রবিপুড়ি। ১৬৪ মিনিটের তেলুগু ভাষার এই পূর্ণদৈর্ঘ্য ছবিটি IFFI ২০২৬-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের মূলধারার চলচ্চিত্র বিভাগে নির্বাচিত পাঁচটি ছবির অন্যতম। পরিচালক ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক শ্রী সাহু গারাপতি ও শ্রীমতী কে. সুশ্মিতা এবং অভিনেত্রী শ্রীমতী ক্যাথরিন ট্রেসা।

“কমেডি সবসময়ই একটি গুরুগম্ভীর বিষয়”—মন্তব্য করেন শ্রী রবিপুড়ি। চিরঞ্জীবীর মতো সুপারস্টারকে ঘিরে দর্শকদের প্রত্যাশার সঙ্গে পারিবারিক আবেগের ভারসাম্য বজায় রেখে হাস্যরসাত্মক চিত্রনাট্য রচনার চ্যালেঞ্জের কথা ব্যাখ্যা করেন তিনি। তাঁর মতে, কোন কৌতুক দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন। চিত্রনাট্য রচনার কাজে তাঁর লেখকদলের সহযোগিতার কথা স্বীকার করে পরিচালক বলেন, বিভিন্ন বয়সের দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে, এমন গল্প তৈরি করাই তাঁর প্রয়াস।

শ্রী রবিপুড়ির লেখা ও পরিচালনায় "মানা শঙ্কর ভারা প্রসাদ গারু" ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক জাতীয় নিরাপত্তা আধিকারিককে ঘিরে। পেশার প্রতি তাঁর গভীর নিষ্ঠার কারণে স্ত্রী ও সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি তাঁদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ছ’বছর পর পরিবারের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তিনি তাঁদের স্কুলে একটি পদ গ্রহণ করেন। হাস্যরস ও অ্যাকশনের সঙ্গে পারিবারিক আবেগের মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্রে পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এবং পুনর্মিলনের সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে।

চিরঞ্জীবীকে পরিচালনা করার অভিজ্ঞতার কথা স্মরণ করে শ্রী রবিপুড়ি জানান, ছোটবেলা থেকেই তিনি এই বর্ষীয়ান অভিনেতার চলচ্চিত্র দেখে বড় হয়েছেন। বছরের পর বছর ধরে অভিনেতার অভিনীত বিভিন্ন ধরনের চরিত্র সম্পর্কে তাঁর পরিচিতি চিরঞ্জীবীর স্বতন্ত্র অভিনয় দক্ষতাকে তুলে ধরার উপযোগী একটি সরল পারিবারিক কাহিনি নির্মাণে তাঁকে সাহায্য করেছে।

সংক্রান্তির সময় মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলির সঙ্গে তাঁর যোগসূত্র সম্পর্কে বলতে গিয়ে পরিচালক জানান, উৎসবের মরশুম পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্রের জন্য স্বাভাবিকভাবেই উপযুক্ত। কারণ, এই সময়ে পরিবারের সদস্যরা একত্রিত হন এবং হলে ছবি দেখতে যান। তিনি বলেন, দৈনন্দিন জীবনের নানা চাপ থেকে দর্শকদের প্রয়োজনীয় স্বস্তি দেয় চলচ্চিত্র। তাঁদের মুখে হাসি ফোটানোর আনন্দই এ ধরনের চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখার ক্ষেত্রে তাঁর অন্যতম প্রধান প্রেরণা।

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীমতী ক্যাথরিন ট্রেসা। বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবীর সঙ্গে কাজ করাকে তিনি এক মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। গম্ভীর চরিত্র থেকে অপেক্ষাকৃত হালকা মেজাজের চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি অভিনয়ে বহুমুখিতা এবং পরিচালকের ভাবনাকে উপলব্ধি করার গুরুত্বের ওপর জোর দেন। IFFIতে ছবিটি নির্বাচিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। বাণিজ্যিক বিনোদনমূলক চলচ্চিত্রের মাধ্যমে আরও বৃহত্তর দর্শকসমাজের কাছে পৌঁছনোর ইচ্ছা তাঁর ছিল বলেও জানান তিনি।

চলচ্চিত্র উৎসবে মূলধারার চলচ্চিত্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়ে শ্রী রবিপুড়ি বিভিন্ন ধরনের চলচ্চিত্রকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জুরিদের প্রয়াসের প্রশংসা করেন। তাঁর মতে, চলচ্চিত্র উৎসবগুলি যেমন শৈল্পিক ও কারিগরি উৎকর্ষকে উদযাপন করতে পারে, তেমনই বিপুল সংখ্যক দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনকারী বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলিকেও স্বীকৃতি দিতে পারে।

IFFIতে এই ছবির প্রদর্শন জনপ্রিয় ধারার চলচ্চিত্রের পাশাপাশি ছবি তৈরির বিভিন্ন বৈচিত্র্যময় ঐতিহ্যের গুরুত্বকেও তুলে ধরেছে। হাস্যরস, আবেগ এবং সম্মিলিত অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিবারগুলিকে একসূত্রে বাঁধার প্রয়াসী কাহিনিগুলিকেও এর মাধ্যমে উদযাপন করা হয়েছে।

এই অধিবেশনটি সঞ্চালনা করেন স্বাতী আগরওয়াল।

 

 

SC


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341407
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026