কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ডাক বিভাগের ১,৪৯১ কোটি টাকা মূল্যের এস্টেট ম্যানেজমেন্ট প্রকল্পটি অব্যাহত রাখার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 25 NOV 2026 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডাক বিভাগের এস্টেট ম্যানেজমেন্ট প্রকল্পটি অব্যাহত রাখার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ষোড়শ অর্থ কমিশনের সময়কালে ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষে এই প্রকল্পে ব্যয় হবে ১,৪৯১ কোটি টাকা। 

ডাক বিভাগের পরিকাঠামোগত সংস্কার ও আধুনিকীকরণের জন্য এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিভিন্ন ডাকঘর ও আবাসিক অঞ্চলের নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার সংক্রান্ত কাজের ওপরই গুরুত্ব দেওয়া হবে। ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশজুড়ে উন্নত জনমুখী পরিষেবা নিশ্চিত করতে এবং আর্থিক অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে প্রয়োজনীয় আধুনিকীকরণের কাজ করা হবে। 

ইন্ডিয়া পোস্ট বিশ্বের বৃহত্তম ডাক যোগাযোগ ব্যবস্থা। গ্রামাঞ্চলে ১,৪৯,৩৮৫টি সহ দেশজুড়ে ১ লক্ষ ৬৫ হাজার ডাকঘর রয়েছে। ইন্ডিয়া পোস্ট চিঠি পাঠানো, ব্যাঙ্কিং (পিওএসবি/আইপিপিবি), বীমা, আধার পরিষেবা, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডাকঘর নির্যাত কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের পরিষেবা দিয়ে থাকে।  

এই প্রকল্পের আওতায় ডাক বিভাগের ১৯০টি বাড়ি নির্মাণ করা হবে। ভগ্নপ্রায় ৫০টি বাড়িকে সম্পূর্ণ ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, ২,৫৫০টি উপ-ডাকঘরের মানোন্নয়ন করা হবে। এছাড়াও, ১৮০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে ২০টি ঐতিহ্যবাহী ডাক ভবনের সংস্কার করা হবে। বিভিন্ন ডাকঘরে সৌরশক্তি ও বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থাও থাকবে প্রস্তাবিত এই প্রকল্পে। 

বেঙ্গালুরুতে অত্যাধুনিক ডাক প্রযুক্তির মাধ্যমে একটি স্থায়ী উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। এর জন্য ব্যয় হবে ১০০ কোটি টাকা। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2341315) ভিজিটরের কাউন্টার : 7