গোয়া, ২৩ নভেম্বর ২০২৬
অসমীয়া চলচ্চিত্রে নতুন করে জোয়ার এসেছে। আঞ্চলিক চলচ্চিত্র নির্মাতারা ক্রমশ তাঁদের আকর্ষণীয় কাহিনি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন। আজ গোয়ায় ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) পাশে আয়োজিত PIB-র সাংবাদিক বৈঠকে নিজের অসমীয়া পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘সূর্যমুখী’ সম্পর্কে এ কথা বলেন চলচ্চিত্র নির্মাতা অন্তরা জি জি চৌধুরী।
ছবির কাহিনি উৎপল নামে এক বালককে ঘিরে। ৪০ বছর পর তার জীবনের দিকে ফিরে তাকানো হয়েছে এই ছবিতে। মানুষের সিদ্ধান্ত কীভাবে তার জীবনকে গড়ে তোলে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, তা-ই ছবির মূল বিষয়। ২২ নভেম্বর গোয়ায় এই চলচ্চিত্র উৎসবেই ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়।
ছবিটি সম্পর্কে পরিচালক জানান, সূর্যের প্রতি তাঁর আকর্ষণ বরাবরই সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। ছবির কাহিনির সরলতা এবং ‘সূর্যমুখী’ চরিত্রটির আকর্ষণ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। ছবির সর্বজনীন আবেদন তুলে ধরে চৌধুরী আশা প্রকাশ করেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের দর্শকদের কাছেই ছবির বিষয়বস্তু সমানভাবে গ্রহণযোগ্য হবে। অসমীয়া চলচ্চিত্রের পরিবর্তনশীল পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করেন। তাঁর মতে, আঞ্চলিক চলচ্চিত্র নির্মাণে নতুন সৃজনশীল উদ্যম এবং ক্রমবর্ধমান সুযোগ তৈরি হয়েছে।
IFFI-তে নিজের ছবি প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে চৌধুরী বলেন, এই চলচ্চিত্র উৎসবে নিজের ছবি তুলে ধরার অভিজ্ঞতা তাঁর কাছে “অসাধারণ অনুভূতি”।
সাংবাদিক বৈঠকটি পরিচালনা করেন আকাশনীল শর্মা।
**
SC/SS