57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

মায়ের আকুল আকাঙ্ক্ষা থেকে সন্তানের জীবনসংগ্রাম: রাহমা ও দ্য ফার্ম—আইএফএফআই-তে উঠে এল হৃদয়স্পর্শী সব কাহিনি

প্রকাশিত: 23 NOV 2026 2:21PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340390Views: 3

নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬

 


গোয়ায় আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) 'ইন্টারন্যাশনাল সিনেমা' বিভাগে প্রদর্শিত দুটি চলচ্চিত্রের নির্মাতাদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাতৃত্ব, সহানুভূতি, মানুষের অসহায়ত্ব এবং জীবনের পবিত্রতার মতো বিষয়গুলি উঠে এসেছে। রাহমা ও দ্য ফার্ম নামের এই চলচ্চিত্র দুটি ভিন্নধর্মী অথচ গভীরভাবে পরস্পর সম্প্রীক্ত কিছু বিষয়কে তুলে ধরে, যা দর্শকদের নিজেদের ব্যক্তিগত সংগ্রামের গণ্ডি পেরিয়ে অন্যদের কষ্ট ও আকাঙ্ক্ষাকে অনুধাবন করতে উদ্বুদ্ধ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাহমা-র পরিচালক ও চিত্রনাট্যকার ফয়সাল সোয়সাল; 'দ্য ফার্ম'-এর পরিচালক ও চিত্রনাট্যকার এলিফ এদা; এবং দ্য ফার্ম-এর চিত্রগ্রাহক এমরে পেকচাকির। চলচ্চিত্র নির্মাতারা এই হৃদয়স্পর্শী গল্পগুলিকে পর্দায় ফুটিয়ে তোলার পেছনের সৃজনশীল দৃষ্টিভঙ্গি, বিষয় ভাবনা এবং নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

রাহমা: মাতৃত্ব, আকাঙ্ক্ষা ও মানবিক সম্পর্কের এক মর্মস্পর্শী অন্বেষণ

ফয়সাল সোয়সাল পরিচালিত ও রচিত রাহমা চলচ্চিত্রটি মেরিয়েম নামের একজন প্রত্নতাত্ত্বিকের গল্প বলে, যার মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা বারবার অস্ত্রোপচার এবং ব্যর্থ আইভিএফ চিকিৎসার পরেও অপূর্ণ থেকে যায়। আশা যখন ক্ষীণ হয়ে আসে, তখন তিনি জর্জিয়ায় সারোগেসির কথা বিবেচনা করেন—যদিও তাঁর স্বামী ইব্রাহিম এ বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। মেরিয়েমের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আসে যখন তাঁর দেখা হয় রাহমার সঙ্গে—নয় বছর বয়সী এক সিরীয় অনাথ শিশু, যে একাই টিকে থাকার লড়াই করছে। মেরিয়েম যখন ধীরে ধীরে রাহমার পরিস্থিতির কথা জানতে পারেন, তখন তাদের মধ্যে এক অসাধারণ বন্ধন গড়ে ওঠে, যা মেরিয়েমের জীবনে প্রশান্তি ও মানসিক সুস্থ্যতা নিয়ে আসে।

চলচ্চিত্রটির অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে ফয়সাল সোয়সাল জানান, সন্তান লাভের আকাঙ্ক্ষায় দম্পতিদের যে তীব্র সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় এবং অন্যদিকে পরিবারহীন বেড়ে ওঠা অসংখ্য শিশুর যে বাস্তবতা—এই দুইয়ের তুলনামূলক ভাবনা থেকেই গল্পটির জন্ম। রাহমা-র মাধ্যমে তিনি মাতৃত্ব বা পিতৃত্বের মানসিক জটিলতা, পরিবারের প্রকৃত অর্থ এবং মানবিক সম্পর্কের সেই অপ্রত্যাশিত দিকগুলিকে অন্বেষণ করতে চেয়েছেন, যা মানুষের গভীর আবেগীয় চাহিদাগুলিকে পূর্ণ করতে পারে।

এলিফ এদা রচিত ও পরিচালিত ‘দ্য ফার্ম’ চলচ্চিত্রটি ১২ বছর বয়সী ইরেমের গল্প বলে। বাবা-মাকে আকস্মিকভাবে হারানোর পর, ইরেম তার দাদির কাছে চলে আসে, যার সঙ্গে তার আগে থেকেই দূরত্ব ছিল। দাদি একটি দুগ্ধ খামার পরিচালনা করেন। দুধের উৎপাদন বাড়ানোর জন্য নবজাতক বাছুরদের তাদের মায়ের কাছ থেকে আলাদা করে ফেলার প্রথা ইরেমকে গভীরভাবে বিচলিত করে; সে এই নিষ্ঠুরতাকে মেনে নিতে পারে না। খামারের পশুচিকিৎসকের সহকারী হিসেবে কর্মরত এতিম কিশোর খালিদের সহায়তায়, সে গর্ভবতী গাভীগুলিকে মুক্ত করার এক দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়।

এলিফ এদা এই চলচ্চিত্রের মূল দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে জীবনের প্রতিটি রূপের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এবং অন্যের কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, প্রকৃত বিপদ কেবল নিজে কষ্ট পাওয়ার মধ্যে নয়, বরং অন্যের সহ্য করা কষ্টের প্রতি উদাসীন হয়ে ওঠার মধ্যেই নিহিত। পৃথিবীতে জীবনের পবিত্রতার কথা তুলে ধরে তিনি বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করার মানুষের আকাঙ্ক্ষা প্রায়শই অন্যান্য প্রাণীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

চলচ্চিত্র নির্মাতা জানান, তিনি এই চলচ্চিত্রের মাধ্যমে প্রাণীদের সেই কষ্টের কথা তুলে ধরতে চেয়েছেন, যা সচরাচর আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। এছাড়া, চলচ্চিত্র শিল্পে একজন মহিলা পরিচালক হিসেবে নিজের অবস্থান তৈরি করার চ্যালেঞ্জগুলি নিয়েও তিনি কথা বলেন; তিনি উল্লেখ করেন যে, নারীদের সৃজনশীল আকাঙ্ক্ষা পূরণের পথে বাড়তি কিছু বাধার সম্মুখীন হতে হয়।

দ্য ফার্ম-এ কাজ করার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে চিত্রগ্রাহক এমরে পেকচাকির গাভীগুলির দৃশ্য ধারণের সময়কার বিশেষ চ্যালেঞ্জগুলির কথা তুলে ধরেন। শুটিংয়ের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে তিনি জানান, প্রাণীদের আচরণ এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশের সূক্ষ্ম বিষয়গুলি ক্যামেরাবন্দি করার জন্য তিনি খামারে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং প্রাণীদের খুব কাছাকাছি থেকেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও, প্রাণীদের সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতাকে তিনি চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ার একটি আনন্দদায়ক ও সমৃদ্ধ অংশ হিসেবে বর্ণনা করেন।

সব মিলিয়ে, ‘দ্য ফার্ম’ সহানুভূতি, আপন করে নেওয়ার বোধ এবং সহমর্মিতার এক হৃদয়স্পর্শী বয়ান তুলে ধরে। এটি দর্শকদের নিজেদের গণ্ডির বাইরে তাকিয়ে অন্যদের জীবন ও সংগ্রামের কথা স্বীকার করতে উদ্বুদ্ধ করে।বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340295&reg=48&lang=1

 

SC/AP/SKD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340390
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026