57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে কিছু কথা

প্রকাশিত: 19 NOV 2026 3:14PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340146Views: 11

নয়াদিল্লি, ১৯ নভেম্বর ২০২৬

 

সিনেমার এক বিশেষ ক্ষমতা রয়েছে। এটি মানুষকে কাছাকাছি নিয়ে আসে। দূরের কোনও গ্রামের গল্প হাজার হাজার মাইল দূরের দর্শকের মন ছুঁয়ে যেতে পারে। অপরিচিত ভাষার কোনও চলচ্চিত্রও এমন অনুভূতি জাগিয়ে তুলতে পারে, যা সকলেই বুঝতে পারেন। ভৌগোলিক সীমানা ও সাংস্কৃতিক পার্থক্য পেরিয়ে গল্প মানুষকে একসূত্রে বাঁধে। চলচ্চিত্র উৎসব এই সংযোগের সুযোগ তৈরি করে। একই মঞ্চে তুলে ধরে নানা ভাষা ও সংস্কৃতির গল্প, নতুন ভাবনা এবং নতুন প্রতিভা।

এই গল্প বলার ভাবনাই ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) মূল আকর্ষণ। ২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় বসছে এই চলচ্চিত্র উৎসব। ‘Stories Without Borders’ বা ‘সীমানা ছাড়িয়ে গল্প’ থিমের মাধ্যমে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে সিনেমার ভূমিকা তুলে ধরা হবে। নয় দিনের এই উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, নতুন প্রতিভা এবং সিনেমাপ্রেমীরা একত্রিত হবেন।

তবে, IFFI শুধু চলচ্চিত্র প্রদর্শনের উৎসব নয়। একজন তরুণ কাহিনীচিত্র নির্মাতার কাছে এই উৎসব হতে পারে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচিত হওয়ার প্রথম সুযোগ। আঞ্চলিক ভাষার কোনও গল্পকারের কাছে এটি নিজের পরিচিত ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর মঞ্চ। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এটি নতুন সহযোগিতা ও কাজের সুযোগ তৈরি করতে পারে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে IFFI নতুন প্রতিভাদের উৎসাহিত করে, ভারতীয় সিনেমার বৈচিত্র্য তুলে ধরে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত করে।

নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ

প্রত্যেক চলচ্চিত্র নির্মাতার যাত্রা শুরু হয় কোনও একটি ভাবনা থেকে। সেই ভাবনাকে চলচ্চিত্রে রূপ দিতে শুধু সৃজনশীলতা যথেষ্ট নয়। প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, দলগত কাজ, চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিতি এবং নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ। নতুন চলচ্চিত্র নির্মাতাদের এই সুযোগ করে দেয় IFFI।

এই উদ্যোগের অন্যতম প্রধান কর্মসূচি হল ‘ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো’ (CMOT)। ২০২১ সালে এই কর্মসূচি শুরু হয়। ২০২৬ সালের IFFI-তে এর ষষ্ঠ সংস্করণে চলচ্চিত্র নির্মাণের ১৩টি বিভাগ থেকে ১০০ জন তরুণ প্রতিভা অংশ নেবেন। পরিচালনা, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য রচনা থেকে শুরু করে শব্দগ্রহণ, পোশাক পরিকল্পনা এবং ভিজ্যুয়াল এফেক্টস, বিভিন্ন বিভাগে তাঁদের দক্ষতা তুলে ধরার সুযোগ থাকবে। চলচ্চিত্র নির্মাণে বিভিন্ন সৃজনশীল বিভাগের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা অভিজ্ঞ চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে মাস্টারক্লাস, কর্মশালা এবং আলোচনায় অংশ নেবেন। ৪৮ ঘণ্টার চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জে তাঁদের অল্প সময়ের মধ্যে ভাবনাকে পূর্ণাঙ্গ চলচ্চিত্রে রূপ দিতে হবে। এই কর্মসূচিতে ‘CMOT ট্যালেন্ট ক্যাম্প’-ও রয়েছে। সেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল ভাবনা তুলে ধরবেন এবং গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানবেন। এই কর্মসূচিগুলি প্রচলিত শ্রেণিকক্ষের শিক্ষার বাইরে বাস্তব অভিজ্ঞতা ও কাজের সুযোগ তৈরি করে।

এই উদ্যোগে অংশ নেওয়া তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কেউ কেউ ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ২০২২ সালে CMOT-এ অংশ নিয়েছিলেন চিদানন্দ এস. নায়েক। তাঁর কাজ এর দৃষ্টান্তমূলক উদাহরণ। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-র ছাত্র হিসেবে তিনি ‘Sunflowers Were the First Ones to Know’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেন। ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রটি ‘লা সিনেফ’ পুরস্কার পায়। ভারতীয় লোককথা ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত কন্নড় ভাষার এই চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকদের কাছেও স্থানীয় গল্পের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে। চিদানন্দের এই সাফল্য নতুন ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সামনে সম্ভাবনার নতুন দিক খুলে দিয়েছে।

এ বছর চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বিভাগে নতুন প্রতিভাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত ও বিদেশের ৫২ জন মহিলা চলচ্চিত্র নির্মাতা এবং ৬২ জন প্রথমবারের চলচ্চিত্র পরিচালক তাঁদের কাজ তুলে ধরবেন।

 প্রতিযোগিতামূলক বিভাগে থাকবেন ১০ জন মহিলা চলচ্চিত্র নির্মাতা এবং ১২ জন নতুন পরিচালক। বিভিন্ন দেশের সাতটি চলচ্চিত্রের পাশাপাশি, ভারতের ‘The Sledge’ এবং ‘Birds on Ice’ সেরা প্রথম চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেবে। এই ধরনের মঞ্চ নতুন পরিচালকদের প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের পাশাপাশি, নিজেদের কাজ তুলে ধরার সুযোগ করে দেয়।

IFFI চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন পর্যায়ে থাকা প্রতিভাদের জন্য মঞ্চ তৈরি করে। কেউ এখানে চলচ্চিত্র নির্মাণের নানা দিক শিখছেন, আবার কেউ নিজের প্রথম চলচ্চিত্রের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই উৎসব তাঁদের একত্রিত করে। এর ফলে নতুন ভাবনা ও নতুন প্রতিভা আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ পায়।

ইন্ডিয়ান প্যানোরামা : ভারতের নানা ভাষার চলচ্চিত্র

ভারতের ছায়াচিত্রের জগৎ দেশের বিভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির মতোই বৈচিত্র্যময়। মূলধারার সিনেমার বাইরেও দেশের আঞ্চলিক ভাষা ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধারায় অসংখ্য গল্প উঠে আসে। কিছু চলচ্চিত্রে মানুষের পরিচিত জীবনের কথা বলা হয়। আবার কিছু চলচ্চিত্রে এমন জীবন ও অভিজ্ঞতার ছবি তুলে ধরা হয়, যা পর্দায় সচরাচর দেখা যায় না। এই ভিন্ন ভিন্ন গল্পকে একই মঞ্চে তুলে ধরা IFFI-র অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

১৯৭৮ সালে শুরু হওয়া ‘ইন্ডিয়ান প্যানোরামা’ এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। IFFI-র এই প্রধান বিভাগে সমসাময়িক ভারতীয় পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের তথ্যভিত্তিক চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য কাজগুলি প্রদর্শিত হয়।

বিগত বছরগুলিতে ইন্ডিয়ান প্যানোরামা বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে বিশেষ পরিচিতি দিয়েছে। ২০২৩ সালের IFFI-তে মণিপুরি তথ্যচিত্র ‘Andro Dreams’ নন-ফিচার বিভাগে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। মীনা লংজামের পরিচালনায় এই চলচ্চিত্রে গ্রামীণ মণিপুরের একটি মহিলা ফুটবল দলের জীবন তুলে ধরা হয়েছে। আর্থিক সমস্যা এবং দীর্ঘদিনের সামাজিক বাধা পেরিয়ে মহিলাদের এগিয়ে যাওয়ার লড়াই ছিল এই চলচ্চিত্রের মূল বিষয়।

২০২৪ সালে লাদাখি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘Ghar Jaisa Kuch’ আরেকটি উল্লেখযোগ্য নজির তৈরি করে। ইন্ডিয়ান প্যানোরামার নন-ফিচার বিভাগে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত প্রথম লাদাখি চলচ্চিত্র ছিল এটি। হর্ষ সাংগানির পরিচালনায় এই চলচ্চিত্রে বাস্তুচ্যুতি, নিজের শিকড়ের টান এবং ঘরে ফেরার আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়েছে।

২০২৫ সালেও প্রতিষ্ঠিত ও তুলনামূলকভাবে কম পরিচিত বিভিন্ন ভাষার চলচ্চিত্রের উপস্থিতি ছিল। তামিল চলচ্চিত্র ‘Amaran’ ফিচার বিভাগ এবং হিন্দি চলচ্চিত্র ‘Kakori’ নন-ফিচার বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। পাশাপাশি, ব্রজ ভাষার ‘Vimukt’, তুলু ভাষার ‘Imbu’ এবং মণিপুরি ভাষার ‘Oitharei’ চলচ্চিত্রও প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। ইন্ডিয়ান প্যানোরামায় এই চলচ্চিত্রগুলির উপস্থিতি ভারতীয় সিনেমার ভাষাগত বৈচিত্র্যকে আরও স্পষ্ট করে তুলেছে।

৫৭তম IFFI-তেও এই ধারাবাহিকতা বজায় থাকছে। এবারের উৎসবে ২৫টি ফিচার এবং ২০টি নন-ফিচার চলচ্চিত্র প্রদর্শিত হবে। ফিচার বিভাগের ৪০৪টি এবং নন-ফিচার বিভাগের ৩৫৮টি চলচ্চিত্রের মধ্যে থেকে এগুলি বেছে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতীয় সিনেমা বিভাগে ১৮টি ভাষার ৭৬টি চলচ্চিত্র দেখানো হবে। শ্রীমতী লীনা যাদব পরিচালিত লাদাখি চলচ্চিত্র ‘Becoming’ নন-ফিচার বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এর পাশাপাশি, আদিত্য ধর পরিচালিত ‘Dhurandhar’ উৎসবের উদ্বোধনী ফিচার চলচ্চিত্র। নির্বাচিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে নিয়িশি ভাষার ‘Urum’, তুলু ভাষার ‘Pili Channe’ এবং লাদাখি ভাষার ‘Birds on Ice’। মারাঠি ও মালয়ালাম সিনেমার ঐতিহ্য এবং সমসাময়িক কাজগুলিও বিশেষভাবে তুলে ধরা হবে।

এই নির্বাচন ভারতীয় সিনেমায় বিভিন্ন ভাষা ও অঞ্চলের গল্পকে জায়গা দেওয়ার গুরুত্ব তুলে ধরে। কোনও আঞ্চলিক চলচ্চিত্র দর্শকদের নতুন প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্য এবং জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। আবার সেই গল্পের মূল অনুভূতি সকলের কাছেই পরিচিত মনে হতে পারে। এই ধরনের চলচ্চিত্রকে এক মঞ্চে তুলে ধরে ইন্ডিয়ান প্যানোরামা ভারতীয় সিনেমার পরিচিতিকে আরও বিস্তৃত করে। পাশাপাশি, আঞ্চলিক চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের এলাকার বাইরের দর্শকদের কাছে পৌঁছনোর সুযোগ করে দেয়।

ওয়েভস ফিল্ম বাজার এবং ব্রিকস চলচ্চিত্র বিভাগ

কোনও চলচ্চিত্রের কাজ শেষ হয় না শেষ দৃশ্যের শুটিংয়ের সঙ্গে। দর্শকদের কাছে পৌঁছাতে প্রায়ই প্রয়োজন হয় আর্থিক সহায়তা, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যোগাযোগ এবং পরিচিত বাজারের বাইরেও কাজের সুযোগ। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের পক্ষে এই সুযোগ খুঁজে পাওয়া বিশেষভাবে কঠিন। গত কয়েক বছরে IFFI এমন একটি মঞ্চ হয়ে উঠেছে, যেখানে এই ধরনের যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে।

এমনই একটি মঞ্চ হল ‘ওয়েভস ফিল্ম বাজার’। এই বছর এই উদ্যোগের ২০তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। ২০০৭ সালে শুরু হওয়া এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বাজার। গোয়ায় IFFI-র পাশাপাশি, এর আয়োজন করা হয়। প্রচলিত চলচ্চিত্র উৎসবের তুলনায় ফিল্ম বাজারে সিনেমার ব্যবসা ও নির্মাণের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অর্থদাতা, পরিবেশক এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত পেশাদাররা এখানে একত্রিত হন। সম্ভাবনাময় চলচ্চিত্র প্রকল্পগুলিকে দর্শকদের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ করে দেওয়াই এর মূল লক্ষ্য।

কোনও সম্ভাবনাময় চিত্রনাট্যের জন্য প্রযোজক প্রয়োজন হতে পারে। আবার অসমাপ্ত কোনও চলচ্চিত্রের জন্য দরকার হতে পারে বিশেষজ্ঞের পরামর্শ। কোনও চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে প্রদর্শনের জন্য প্রস্তুত থাকলেও বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ নাও থাকতে পারে। ফিল্ম বাজারের বিভিন্ন বিশেষ কর্মসূচির মাধ্যমে এই চাহিদাগুলি পূরণের চেষ্টা করা হয়। ‘কো-প্রোডাকশন মার্কেট’ চলচ্চিত্র প্রকল্পগুলির সঙ্গে সম্ভাব্য সহযোগী ও অর্থদাতাদের যোগাযোগ করিয়ে দেয়। ‘স্ক্রিনরাইটার্স ল্যাব’ চিত্রনাট্যকারদের সহায়তা করে। ‘ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব’-এ চলচ্চিত্র নির্মাতারা তাঁদের অসমাপ্ত কাজ আরও উন্নত করার সুযোগ পান। অন্যদিকে, ‘ভিউয়িং রুম’, বাজারভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং ‘প্রোডিউসার্স ল্যাব’-এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতা ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়।

এই উদ্যোগের সাফল্য ফিল্ম বাজারের সঙ্গে যুক্ত কয়েকটি কাহিনীচিত্রের যাত্রার মধ্যেও দেখা যায়। ‘The Lunchbox’, ‘Court’, ‘Newton’ এবং ‘Girls Will Be Girls’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রের অগ্রগতিতে এই মঞ্চের অবদান রয়েছে। দুই দশক পূর্ণ করার সঙ্গে সঙ্গে ফিল্ম বাজারের গুরুত্ব শুধু কয়েকটি চলচ্চিত্রের সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে পৌঁছাতে আগ্রহী ভারতীয় গল্পকারদের জন্য এটি ক্রমবর্ধমান সুযোগের একটি মঞ্চ হয়ে উঠেছে।

ফিল্ম বাজার যেমন চলচ্চিত্রকে নতুন বাজারে পৌঁছাতে সাহায্য করে, তেমনই সিনেমা বিভিন্ন দেশের মানুষকে তাঁদের অভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে কাছাকাছি নিয়ে আসে। IFFI-র ব্রিকস চলচ্চিত্র বিভাগে এই সাংস্কৃতিক দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়। এই বছর এই বিভাগে ২১টি চলচ্চিত্র দেখানো হবে। ব্রিকস দেশগুলির নানা গল্পের মাধ্যমে এই কর্মসূচিতে বিভিন্ন দেশের ইতিহাস, সমাজ এবং বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরা হয়েছে। দর্শকরা নিজেদের পরিচিত অভিজ্ঞতার বাইরের সমাজ ও মানুষের জীবন সম্পর্কে জানার সুযোগ পাবেন।

নির্বাচিত চলচ্চিত্রগুলিতে যেমন বিভিন্ন দেশের সমাজ ও সংস্কৃতির বৈচিত্র্য রয়েছে, তেমনই এমন কিছু বিষয় উঠে এসেছে, যা দেশগুলির মধ্যে মিল তৈরি করে। ব্রাজিলের ‘Amadeo and the Hypothetical New World’ চলচ্চিত্রে দাসপ্রথার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।

 ইন্দোনেশিয়ার ‘The Sea Speaks His Name’ চলচ্চিত্রে ১৯৯৮ সালের গণ-আন্দোলনের সময় এক ছাত্র আন্দোলনকর্মীর নিখোঁজ হওয়ার ঘটনা দেখানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার ‘The Trek’ চলচ্চিত্রে ঔপনিবেশিক শাসনামলের সীমান্ত অঞ্চলের অবিচার তুলে ধরা হয়েছে। ভিন্ন ভিন্ন ইতিহাসের প্রেক্ষাপটে তৈরি হলেও এই চলচ্চিত্রগুলিতে স্বাধীনতা, পরিচয় এবং নিজের অস্তিত্বের স্বীকৃতির মতো বিষয় উঠে এসেছে।

অন্য কিছু চলচ্চিত্রে দৈনন্দিন জীবনের আরও কাছের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। উগান্ডা ও যুক্তরাজ্যের যৌথ তথ্যচিত্র ‘Dreaming of Serenada’-তে বাবা ও মেয়ের সম্পর্কের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে। চিনের ‘Embers’ চলচ্চিত্রে শোক, বিচ্ছেদ এবং মৃত্যুর মতো বিষয় উঠে এসেছে। এই গল্পগুলি দেখায়, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়েও বৃহত্তর সামাজিক সমস্যাগুলি তুলে ধরা সম্ভব। বিভিন্ন দেশের মানুষের গল্পের মধ্যেও যে একই ধরনের আবেগ ও অনুভূতি থাকতে পারে, তা এই চলচ্চিত্রগুলি বুঝিয়ে দেয়।

ব্রিকস চলচ্চিত্র বিভাগ বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া ও সংলাপ গড়ে তুলতে সিনেমার ভূমিকা তুলে ধরে। আন্তর্জাতিক দর্শকদের কাছে অপরিচিত থেকে যাওয়া বিভিন্ন দেশের গল্পকে এই বিভাগে তুলে ধরার সুযোগ তৈরি হয়। ফিল্ম বাজারের পাশাপাশি, এই বিভাগও IFFI-র আন্তর্জাতিক যোগাযোগকে আরও বিস্তৃত করছে। ফিল্ম বাজার যেখানে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত পেশাদারদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ায়, সেখানে ব্রিকস চলচ্চিত্র বিভাগ সিনেমা ও গল্পের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে ভাবনার আদানপ্রদান ঘটায়।

এই দুই উদ্যোগ একসঙ্গে দেখিয়ে দেয়, IFFI-র প্রভাব নয় দিনের চলচ্চিত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলি চলচ্চিত্র নির্মাতাদের সামনে নতুন সুযোগ তৈরি করে এবং দর্শকদের সামনে নতুন ভাবনা তুলে ধরে। সবচেয়ে বড় কথা, সহযোগিতা ও অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে সিনেমার শক্তিশালী ভূমিকা এই উদ্যোগগুলি তুলে ধরে। 

যে চলচ্চিত্র উৎসব থেকে শুরু হয় নতুন যাত্রা

চলচ্চিত্র উৎসব মানে শুধু সিনেমা দেখা, পুরস্কার পাওয়া বা উদযাপন নয়। এই ধরনের উৎসব নতুন সুযোগ তৈরি করে দেয় এবং মানুষের মধ্যে যোগাযোগ গড়ে তোলে। উৎসব শেষ হওয়ার পরেও এই যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকে। নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এই পরিচয় নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আঞ্চলিক ও স্বাধীন চলচ্চিত্রের জন্য আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে। এই সব উদ্যোগ ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তুলতে এবং বিশ্বের সঙ্গে তার যোগাযোগ বাড়াতে সাহায্য করে।

‘Stories Without Borders’ বা ‘সীমানা ছাড়িয়ে গল্প’ থিমের মধ্যেও এই ভাবনা ফুটে উঠেছে। দর্শকরা যে কাহিনী ছায়াচিত্রে দেখছেন, সেই কাহিনীচিত্রের নির্মাতাদের কাজেও এই ভাবনার প্রতিফলন রয়েছে। ৫৭তম IFFI বিভিন্ন দেশের প্রতিভা, সৃজনশীলতা ও সংস্কৃতিকে এক মঞ্চে নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে সিনেমার শক্তি আরও একবার তুলে ধরা হচ্ছে। একটি চলচ্চিত্র উৎসবের প্রকৃত সাফল্য শুধু সেখানে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই চলচ্চিত্র এবং তার নির্মাতারা পরবর্তী সময়ে কিভাবে এগিয়ে যান, তার মধ্যেও উৎসবের সাফল্য ধরা পড়ে। 

তথ্যসূত্র 

Ministry of Information and Broadcasting

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335780

https://www.iffigoa.org/pdfs/catalogue-57.pdf

https://www.iffigoa.org/cmot/about-cmot

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021475

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070656

https://www.iffigoa.org/index.php/indian-panorama/about-ip

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1978678

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075681

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187868

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336235

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337040

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336497

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336493

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174755

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336218

Click here to see pdf


*****
SSS/AS......


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340146
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026