গোয়া, ২১ নভেম্বর ২০২৬
জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা যদি হাসির মধ্য দিয়ে করা যায়, তা হলে কেমন হয়? স্পেনের ২০২৬ সালের কমেডি-ড্রামা ‘Looking for Michael’ (Persiguiendo a Michael) এই ভাবনাকেই কেন্দ্র করে সাহস, বন্ধুত্ব ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের এক হৃদয়স্পর্শী কাহিনি তুলে ধরেছে। জুয়ানা মাসিয়াস পরিচালিত ছবিটির বিশ্ব প্রিমিয়ার হল আজ গোয়ার পানাজিতে আয়োজিত ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI)।
ছবির কাহিনি সোনিয়াকে ঘিরে। পারকিনসন রোগে আক্রান্ত এক তরুণী সোনিয়া জীবনের পরিস্থিতির মুখোমুখি হন সাহস ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। তাঁর পাশে রয়েছেন মিউজিক থেরাপি গোষ্ঠীর সদস্যরা। তাঁরাও এই রোগের সঙ্গে লড়াই করছেন। তাঁদের সঙ্গে নিয়েই সোনিয়া যাত্রা শুরু করেন বিখ্যাত অভিনেতা মাইকেল জে. ফক্সের সঙ্গে দেখা করার লক্ষ্যে। পারকিনসন রোগে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেতা। সংগীত ও হাস্যরসের মেলবন্ধনে তৈরি এই রোড মুভিতে প্রতিকূলতার মধ্যেও নিজের শর্তে জীবনকে উপভোগ করার সংকল্প ফুটে উঠেছে।
পারকিনসন রোগে আক্রান্ত বাস্তব জীবনের এক নারী ইয়েস আন্দ্রেজের জীবনযাত্রা ও স্বপ্ন থেকে ছবিটি অনুপ্রাণিত। তিরিশের কোঠার মাঝামাঝি বয়সে তাঁর এই রোগ ধরা পড়ে। তাঁর অভিজ্ঞতা ছবির কাহিনিতে এনে দিয়েছে আন্তরিকতা ও বাস্তবতার ছোঁয়া। দৈনন্দিন জীবনের সূক্ষ্ম পর্যবেক্ষণ ছবির বয়ানে আবেগের সত্যতা তৈরি করেছে। পর্দায় ফুটে উঠেছে চরিত্রগুলির লড়াই এবং স্বপ্ন।
আলোচনাসভায় ছবির পরিচালক জুয়ানা মাসিয়াস বলেন, “রসবোধ হল জীবনকে দেখার এক বুদ্ধিদীপ্ত উপায়।” তিনি জানান, জীবনের কোনও না কোনও পর্যায়ে প্রত্যেককেই নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অসুস্থতা, গভীর শোক কিংবা অন্য কোনও অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সেই পরিস্থিতির কারণ হতে পারে। তাঁর মতে, এই সর্বজনীন অভিজ্ঞতাই ছবিটিকে বৃহত্তর দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ৫৭তম IFFI-এর মূল ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে ছবির বার্তা ভৌগোলিক সীমানা ও প্রজন্মের ব্যবধান অতিক্রম করে দর্শকের কাছে পৌঁছতে পারে।
ছবিতে ডরিসের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী লোরেনা লোপেজ সোনিয়ার সঙ্গে বন্ধুত্ব, ডরিসের প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং প্রতিকূলতার মুখে তাঁর দৃঢ়তার কথা তুলে ধরেন। নুরিয়া এররেরো অভিনীত সোনিয়ার যাত্রাপথে হুইলচেয়ার ব্যবহারকারী ডরিস হয়ে ওঠেন বন্ধু ও পথপ্রদর্শক। জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলায় বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব এই চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে।
অভিনেতাদের পরিচালনার পদ্ধতি প্রসঙ্গে মাসিয়াস জানান, মহড়া এবং শুটিংয়ের সময় তিনি অভিনেতাদের তাৎক্ষণিক অভিনয় বা ইম্প্রোভাইজেশনের সুযোগ দিয়েছিলেন। তাঁর মতে, কমেডি ছবির ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ কার্যকর। এর ফলে চরিত্রগুলির মধ্যে স্বাভাবিক সম্পর্ক ও কথোপকথন গড়ে উঠতে সাহায্য করে।
ছবিতে সংগীতের ভূমিকা প্রসঙ্গে মাসিয়াস বলেন, গানগুলির মধ্য দিয়ে রোগের সঙ্গে সোনিয়ার সম্পর্কের পরিবর্তন ফুটে উঠেছে। চরিত্রগুলির আবেগ ও অভিজ্ঞতার সঙ্গে গানগুলি নিবিড়ভাবে জড়িত। ছবির প্রথম গানের উল্লেখ করে তিনি জানান, রোগ নিয়ন্ত্রণে রাখতে সোনিয়াকে প্রতিদিন আটটি ওষুধ খেতে হয়। দৈনন্দিন জীবনের এই বাস্তবতাকে সংগীতের মাধ্যমে ছবির আবেগঘন বয়ানের অংশ করে তোলা হয়েছে।
ছবির প্রস্তুতি ও গবেষণার কথা বলতে গিয়ে মাসিয়াস জানান, ইয়েস আন্দ্রেজ এবং পারকিনসন রোগে আক্রান্ত আরও অনেকের সঙ্গে তিনি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন। মানুষের অভিজ্ঞতা সম্পর্কে যথাযথ ও আন্তরিক ধারণা তৈরি করা জরুরি বলে তিনি জোর দেন। তাঁর মতে, তাঁদের জীবনকাহিনি পর্দায় তুলে ধরার ক্ষেত্রে এই বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্পেনের ছবি কীভাবে ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, এই প্রশ্নের উত্তরে মাসিয়াস বলেন, সংগীত এবং প্রতিকূলতা জয় করার গল্পের আবেদন সর্বজনীন। আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে স্পেনের এবং আন্তর্জাতিক OTT প্ল্যাটফর্মগুলির সঙ্গে সহযোগিতার পরিকল্পনার কথাও তিনি জানান।
IFFI-তে ছবিটির বিশ্ব প্রিমিয়ার উৎসবে এমন এক কাহিনি নিয়ে এসেছে, যা ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে। জীবনের অনিশ্চয়তার মোকাবিলায় হাস্যরস, সংগীত এবং মানবিক সংযোগের চিরন্তন শক্তির কথা দর্শকদের মনে করিয়ে দিয়েছে এই ছবি।
****
SC/SS