উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএনএ দিল্লি হাটে জনজাতিভুক্ত উদ্যোক্তা এবং দেশীয় পণ্যের প্রচারের জন্য আদি মহোৎসব ২০২৬-এর আয়োজন করেছে ট্রাইফেড

পোস্ট করার দিনক্ষণ: 20 NOV 2026 11:50AM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ নভেম্বর ২০২৬: ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ‘ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া’ (ট্রাইফেড), আদিবাসী উদ্যোক্তাদের উৎসাহিত করতে, তাদেরকে বাজারের সঙ্গে যোগাযোগ তৈরি করে দিতে এবং আদিবাসী সম্প্রদায়ের জীবিকার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ১৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ নয়াদিল্লির আইএনএ-স্থিত দিল্লি হাটে ‘ট্রাইবস ইন্ডিয়া – আদি মহোৎসব ২০২৬’-এর আয়োজন করছে।

এই মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন আদিবাসী কারিগর ১১৫টি স্টলের মাধ্যমে তাঁদের পণ্য প্রদর্শন করবেন। এছাড়া এতে হ্যান্ডলুম (তাঁতশিল্প), হস্তশিল্প এবং ‘বন ধন বিকাশ কেন্দ্র’ (ভিডিভিকে)-এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। এই আয়োজনটি আদিবাসী উৎপাদকদের জন্য একটি বিশেষ মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে তাঁরা তাঁদের ঐতিহ্যবাহী কারুকার্য, দেশীয় পণ্য, তাঁতবস্ত্র, হস্তশিল্প এবং বনজ সম্পদ থেকে তৈরি বিভিন্ন পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরতে পারবেন।

‘আদি মহোৎসব ২০২৬’-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো আদিবাসী উৎপাদক ও মূলধারার বাজারের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। এটি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে এবং কারিগরদের সুসংগঠিত খুচরা বাজারের পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। এই মঞ্চের মাধ্যমে কারিগররা ক্রেতাদের পছন্দ-অপছন্দের পরিবর্তন বুঝতে পারেন, বাজারের চাহিদা যাচাই করতে পারেন, পণ্যের উপস্থাপনা উন্নত করতে পারেন এবং ব্যবসার প্রসারের জন্য নতুন নতুন পথ খুঁজে পেতে পারেন।

দিল্লি হাট-যা ভারতের বৈচিত্র্যময় হস্তশিল্প, তাঁতবস্ত্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী কেন্দ্র হিসেবে সুপরিচিত-আদিবাসী কারিগরদের জন্য বৃহত্তর ক্রেতাগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার একটি উপযুক্ত ক্ষেত্র। এছাড়া, এই মহোৎসব শহুরে ক্রেতাদের কাছে ভারতের সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্য, পরম্পরাগত জ্ঞান, দেশীয় দক্ষতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার সুযোগ করে দেয়।

‘আদি মহোৎসব’-এর মাধ্যমে ট্রাইফেড আদিবাসী সম্প্রদায়ের জন্য সুস্থায়ী বাজারের সুযোগ তৈরি করতে, ক্রেতাদের সঙ্গে তাদের সংযোগ সুদৃঢ় করতে এবং মূলধারার অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাধারণ মানুষকে ১৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ নয়াদিল্লির আইএনএ-স্থিত দিল্লি হাটে আয়োজিত ‘আদি মহোৎসব ২০২৬’-এ আসার এবং ভারতের আদিবাসী শিল্প, কারুকার্য ও দেশীয় পণ্যের সমৃদ্ধ বৈচিত্র্য ঘুরে দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে।

*****

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2339056) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Tamil