প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

যৌথ বিবৃতি : ভারত-জাপান টু প্লাস টু বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের চতুর্থ বৈঠক

প্রকাশিত: 19 NOV 2026 5:23PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৯ নভেম্বর ২০২৬

 

জাপানের টোকিওতে আজ ভারত-জাপান টু প্লাস টু বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং জাপানের বিদেশ মন্ত্রী শ্রী মোতেগি তোশিমিতসু এবং প্রতিরক্ষা মন্ত্রী শ্রী কোইজুমি শিনজিরো উপস্থিত ছিলেন। মন্ত্রীরা বর্তমানে আন্তর্জাতিক স্তরে ক্রমবর্ধমান জটিল ও অনিশ্চয়তার পরিবেশের মধ্যেও দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব ও আস্থা বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান ভূ-রাজনৈতিক, আর্থিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার মোকাবিলায় ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশ্বের প্রথমসারির গণতান্ত্রিক রাষ্ট্র এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দুই দেশ অবাধ, মুক্ত, নির্দিষ্ট নীতি অনুসরণ করে চলা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানো এবং বলপ্রয়োগ না করে শান্তিপূর্ণ পন্থায় বিভিন্ন সমস্যার সমাধানে অভিন্ন মনোভাব পোষণ করে।     

 

ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ এবং ‘মহাসাগর’ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রীরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অবাধ, মুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। ২০২৪ সালে শেষ টু প্লাস টু-র বৈঠকের পর দ্বিপাক্ষিক সহযোগিতার যথেষ্ট উন্নতি হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। ২০২৫ সালের আগস্ট মাসে পঞ্চদশ এবং ২০২৬ সালের জুলাই মাসে ষোড়শ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকর হচ্ছে। এর ফলে, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা, আর্থিক নিরাপত্তা সহ অর্থনীতির বিভিন্ন শাখায় অংশীদারিত্ব, জ্বালানি, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে উঠেছে। এই দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রসারিত করতে তাঁরা আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে দ্বিপাক্ষিক স্তরে কূটনৈতিক আলাপ-আলোচনার পক্ষে মতপ্রকাশ করেন। এর মধ্যে রাষ্ট্রসঙ্ঘের সংস্কার, মহাকাশ ও সামুদ্রিক বিভিন্ন বিষয়, জলবায়ু পরিবর্তন, জঙ্গি সমস্যার মোকাবিলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নীতি প্রণয়নের বিষয় রয়েছে। ২০২৫-এর আগস্টে সর্বশেষ শিখর সম্মেলনে নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে যে যৌথ ঘোষণা করা হয়, সেই বিষয়ে মন্ত্রীরা সন্তোষ প্রকাশ করেন। জাপানের বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন কৌশলের ব্যাখ্যা করেন। সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পক্ষে তাঁরা মত প্রকাশ করেছেন।

 

দুই দেশের বিমানবাহিনীর মধ্যে যৌথ মহড়া সহ ‘বীর গার্ডিয়ান ২৬’ মহড়ার প্রসঙ্গে মন্ত্রীরা সন্তোষ ব্যক্ত করেছেন। ভারতের ফায়ারিং রেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে ইচ্ছাপত্র স্বাক্ষর হওয়ার বিষয়টিকে তাঁরা স্বাগত জানিয়েছেন। দুই দেশের প্রতিরক্ষা কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতাকে আরও প্রসারিত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ইউনিকর্ন সংক্রান্ত একটি ব্যবস্থাপনাকে কার্যকর করা এবং ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ ব্যবস্থাপনায় প্রতিরক্ষা সরঞ্জাম শিল্পের সহযোগিতাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সমুদ্রপথে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার বিষয়টিকে মন্ত্রীরা স্বাগত জানিয়েছেন। এর ফলে, ভারতীয় নৌ-বাহিনী এবং জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স-এর মধ্যে আরও সমন্বয় গড়ে উঠবে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতে উপকূলরক্ষী বাহিনীর পঞ্চম আন্তর্জাতিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে। জাপানের উপকূলরক্ষী বাহিনীর উদ্যোগে এই শিখর সম্মেলনের প্রথম পরিকল্পনা করা হয়। দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা ক্রমশ বাড়তে থাকায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার প্রশ্নে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে মন্ত্রীরা সমুদ্রের তলদেশে হাইস্পিড কেবল নেটওয়ার্কের বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সহমত পোষণ করেন। 

 

ক্রমবর্ধমান সাইবার হামলার প্রেক্ষিতে কৃত্রিম মেধার সহায়তায় সাইবার নিরাপত্তাকে শক্তিশালী করতে মন্ত্রীরা সহমত হয়েছেন। এই প্রসঙ্গে ভারত-জাপান সাইবার সংক্রান্ত আলোচনার পরবর্তী পর্যায় শুরু করার ওপর জোর দেওয়া হয়। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং কোয়াড গোষ্ঠীর মধ্যে সমন্বয় বজায় রাখার প্রশ্নেও মন্ত্রীরা সহমত পোষণ করেন। ভারত-প্রশান্ত মহসাগরীয় অঞ্চলে কোয়াড গোষ্ঠীর বিভিন্ন উদ্যোগের আওতায় এই গোষ্ঠীর বিদেশ মন্ত্রীরা নিয়মিত বৈঠক করে থাকেন। আসিয়ান গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গেও সহযোগিতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। এ বছরের অক্টোবর মাসে ভারত-জাপান-ফিলিপিন্সের মধ্যে প্রথম ত্রিপাক্ষিক আলোচনাকে স্বাগত জানানো হয়। এছাড়াও ফেব্রুয়ারি মাসে ভারত, জাপান এবং ইন্দোনেশিয়ার নৌ-বাহিনী এক যৌথ মহড়ায় অংশগ্রহণ করে। ষোড়শ বার্ষিক শীর্ষ সম্মেলনে আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে যে যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়, তাকে স্বাগত জানানো হয়েছে। এর ফলে, সেমি-কন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব জ্বালানি এবং ওষুধ শিল্পের মতো কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। “জাপান-ভারত কৃত্রিম মেধা সংক্রান্ত সহযোগিতার উদ্যোগ”-এ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীরা যে কোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করেন। আল-কায়দা আইসিস, লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ-এর মতো রাষ্ট্রসঙ্ঘের তালিকাভুক্ত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে দুই দেশের অঙ্গীকারের কথা বৈঠকে তুলে ধরা হয়েছে। ২০২৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পরিকল্পনা করা হয়। এই বছরটিকে ভারত-জাপান ইয়ার অফ শেয়ার্ড হরাইজন হিসেবে উদযাপন করা হবে। মন্ত্রীরা জাপানের সানো শহরে দু’দেশের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠক সুবিধাজনক কোনো এক সময়ে ভারতে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2338961) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Tamil , Kannada