প্রকাশিত:
19 NOV 2026 9:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
নতুন দিল্লিতে আজ ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স (IACC) আয়োজিত ২৩তম ভারত-মার্কিন অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে পুঁজি, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি। অন্যদিকে, ভারতের শক্তি হল তার বিপুল উৎপাদন ও বাজারের পরিসর, দক্ষ মানবসম্পদ, উৎপাদনক্ষমতা, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং দ্রুত রূপান্তরশীল অর্থনীতি। এই দুই দেশের পারস্পরিক পরিপূরক শক্তিই দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করে তুলতে পারে।
শ্রী গোয়েল বলেন, ভারতের ডিজিটাল রূপান্তর দেশকে বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসেবে আরও এগিয়ে নিয়ে চলেছে। এর মধ্য দিয়েই ১৪০ কোটি ভারতবাসীর জন্য উন্নততর জীবনযাত্রা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের পথ প্রশস্ত হচ্ছে।
এ বছরের সম্মেলনের মূল ভাবনা ‘One Shared Future’ বা ‘এক অভিন্ন ভবিষ্যৎ’-এর প্রসঙ্গ উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, গত বছরের সম্মেলনের মূল ভাবনা ছিল ‘Shaping a Shared Future’ বা ‘অভিন্ন ভবিষ্যৎ নির্মাণ’। সেখান থেকে আজ দুই দেশ যৌথভাবে সেই ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ এবং তা বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার পর্যায়ে পৌঁছেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিন্ন ভবিষ্যৎ দুই দেশ তথা সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
মন্ত্রী বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রাণবন্ত গণতান্ত্রিক রাষ্ট্র, যারা বিশ্বব্যবস্থার গতিপ্রকৃতি ও আন্তর্জাতিক আলোচনার অভিমুখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তার উল্লেখ করে তিনি বলেন, ভারত-মার্কিন অংশীদারিত্ব বিশ্বকল্যাণের এক শক্তিশালী চালিকাশক্তি। একই সঙ্গে এই অংশীদারিত্ব বিশ্বের অর্থনৈতিক বিকাশেরও অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি অভিনন্দন জানান এবং মার্কিন জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি যে পারস্পরিক আস্থা, তা তুলে ধরে শ্রী গোয়েল বলেন, ভারত নির্ভরযোগ্য অংশীদার হিসাবে কঠিন সময়েও বন্ধুদের পাশে থাকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পর্যবেক্ষণের উল্লেখ করে তিনি বলেন, আস্থা আজ গোটা বিশ্বের সামনে এক মৌলিক প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ক্রমবর্ধমান অস্থিরতা ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। পশ্চিম এশিয়ার সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, শুধু সরবরাহ শৃঙ্খল নয়, বর্তমান বিশ্বের প্রয়োজন এমন এক নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল, যেখানে অংশীদার দেশগুলির অভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে এবং চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালন করা হবে। এই ধরনের আস্থা-ভিত্তিক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার বলে তিনি মন্তব্য করেন।
সাম্প্রতিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে শ্রী গোয়েল বলেন, দু'দিন আগে ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। দুই নেতা ২০২৭ সালের গোড়ার দিকে প্রথম ‘কোয়াড বিজনেস লিডার্স ফোরাম’ আয়োজনের ঘোষণাও করেছেন। এই ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংস্থাগুলিকে একত্রিত করতে IACC-সহ অন্যান্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর আলোচনার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মন্ত্রী বলেন, গত মাসে নিউইয়র্ক সফরের সময় তিনি লক্ষ করেছেন, ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে মার্কিন সংস্থাগুলির আগ্রহ ক্রমশ বাড়ছে। বহু সংস্থা ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) স্থাপন, নকশা ও উদ্ভাবন সংক্রান্ত কাজের পরিধি বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের সম্প্রসারণ, ব্যবসায়িক প্রক্রিয়া পরিচালনা এবং নতুন দপ্তর খোলার পরিকল্পনা করছে। ভারতের বিপুল দক্ষ মানবসম্পদের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েই তারা এই আগ্রহ প্রকাশ করছে।
তিনি জানান, সম্প্রতি মিশর ও ইতালি সফরেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একই রকম উৎসাহ লক্ষ্য করেছেন তিনি। মিশরের সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উভয় পক্ষই তাদের আধিকারিকদের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement) অথবা মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) সম্পাদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলির চূড়ান্ত রূপরেখা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা।
ইতালির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে যৌথ বাণিজ্য মঞ্চ এবং যৌথ বাণিজ্য কমিটির বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, উভয় দেশই দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা গ্রহণে সম্মত হয়েছে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১২০০ কোটি ডলার। প্রাথমিক লক্ষ্য হল ২০২৯ সালের মধ্যে এই বাণিজ্যের পরিমাণ ২০০০ কোটি ইউরোতে উন্নীত করা। তবে দুই দেশই মনে করে, ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিক অথবা প্রথমার্ধে ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারত ও ইতালির মধ্যে বাণিজ্যের পরিমাণ ৫০০০ কোটি ইউরোতে পৌঁছনোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের আরও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
ভারতের রপ্তানি বাণিজ্যের সাফল্যের কথা তুলে ধরে শ্রী গোয়েল বলেন, চলতি বছরে ভারত ১ লক্ষ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্য প্রায় ১৬ শতাংশ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই এপ্রিল থেকে সেপ্টেম্বর—প্রথম ছয় মাসে ৪৮ হাজার কোটি ডলারের রপ্তানি সম্পন্ন হয়েছে। গত বছর ভারতের মোট রপ্তানির পরিমাণ সর্বকালীন রেকর্ড গড়ে ৮৬ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছিল। চলতি বছরের অক্টোবর মাসে পণ্য ও পরিষেবা মিলিয়ে ভারতের মাসিক রপ্তানির পরিমাণ সর্বোচ্চ ৯ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মন্ত্রী বলেন, চলতি বছরের গোড়ায় রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য সরকার যখন শিল্পমহল ও রপ্তানি উন্নয়ন পর্ষদগুলির সঙ্গে আলোচনা করেছিল, তখন ভারতের সামনে ৫ শতাংশের মতো অপেক্ষাকৃত সংযত বৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণের সুযোগ ছিল। বিশেষত, এপ্রিল-মে মাসে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF) যখন বিশ্ব বাণিজ্যে প্রায় ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, তখন এমন সংযত লক্ষ্যমাত্রা গ্রহণ করাই স্বাভাবিক ছিল। কিন্তু শিল্প সংস্থাগুলি, বণিকসভা এবং রপ্তানিকারকরা নিজেদের আত্মবিশ্বাস ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার ক্ষমতার পরিচয় দিয়েছেন। সম্মিলিতভাবে তাঁরা ১৬ শতাংশের কাছাকাছি বৃদ্ধির লক্ষ্যে ১ লক্ষ কোটি ডলারের রপ্তানি অর্জনের সিদ্ধান্ত নেন। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, সাফল্য অর্জনের জন্য উচ্চাকাঙ্ক্ষী ভাবনা এবং চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
ভারতের ডিজিটাল রূপান্তরের প্রসঙ্গে শ্রী গোয়েল বলেন, বর্তমানে একজন পথবিক্রেতা এবং একটি পাঁচতারা হোটেল—উভয়েই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মতো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করছে। এর ফলে দেশের ডিজিটাল বিভাজন অনেকটাই দূর করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘জ্যাম ত্রিশক্তি’ (JAM Trinity)—অর্থাৎ জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং মোবাইল প্রযুক্তি—গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে বিভিন্ন সরকারি অনুদান, বৃত্তি ও পেনশনের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বচ্ছতার সঙ্গে দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ব্যবস্থার বিভিন্ন স্তরে অর্থের অপচয় ও ফাঁকফোকর বন্ধ হওয়ায় সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে, যার পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলারের সমতুল্য।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সুফল দেশের প্রতিটি প্রান্তের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), কম্পিউটার-সহায়ক নকশা (CAD), কম্পিউটার-সহায়ক উৎপাদন ব্যবস্থা (CAM), মেশিন লার্নিং এবং উন্নত উৎপাদন প্রযুক্তির সুবিধা ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতা এবং অগ্রাধিকারমূলক, মুক্ত ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সুফল দেশের ক্ষুদ্রতম ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছেও পৌঁছনো প্রয়োজন। এই সুবিধা শুধু বৃহৎ কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ (MSME), কৃষক, মৎস্যজীবী, বিশ্বকর্মা, কারুশিল্পী, হস্তশিল্পী এবং তাঁতশিল্পীদের কাছেও তা সমানভাবে পৌঁছে দিতে হবে।
এই প্রসঙ্গে শ্রী গোয়েল সরকারের ‘রপ্তানি উন্নয়ন মিশন’-এর কথা উল্লেখ করেন। তিনি জানান, এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলায় ব্যাপক প্রচার ও জনসংযোগমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হল নতুন রপ্তানিকারকদের উৎসাহিত করা, তাঁদের নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়া এবং নতুন নতুন পণ্যের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা।
প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে অত্যাধুনিক ও উন্নত এআই মডেল তৈরির ক্ষেত্রে আমেরিকার উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ভারতও এআই প্রযুক্তির সম্পূর্ণ পরিকাঠামো বা ‘এআই স্ট্যাক’ নিয়ে কাজ করছে। তবে দেশের ১৪০ কোটি মানুষের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে দেওয়াই ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে। ‘ইন্ডিয়া এআই মিশন’, ‘এআই ইমপ্যাক্ট সামিট’, ‘সেমিকন ২’ এবং দেশে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের ক্রমবর্ধমান প্রসার—সবই উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সক্রিয় অংশগ্রহণের পরিচায়ক।
তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা ও দক্ষতা বিকাশের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়বে। স্বাস্থ্য পরিষেবা ও ওষুধশিল্পও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৃহৎ ভাষা মডেলের (Large Language Models) উপর ভিত্তি করে তৈরি এআই এজেন্টের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে। এর ফলে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ সরবরাহ ব্যবস্থা আরও বুদ্ধিদীপ্ত, কার্যকর ও দক্ষ হয়ে উঠবে। নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের খরচ কমবে। জৈবপ্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম এবং ক্লিনিক্যাল গবেষণার মতো ক্ষেত্রগুলিতে ভারত বিশ্বব্যাপী প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্নয়নের অগ্রভাগে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
ভারত-মার্কিন অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ কর্মপন্থার কথা তুলে ধরেন শ্রী গোয়েল। এই পাঁচ দফা কর্মসূচিকে তিনি ‘TRUST’ শব্দটির মাধ্যমে ব্যাখ্যা করেন।
‘TRUST’ কর্মসূচির পাঁচটি দিক
১. T – Trusted Supply Chains (নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল)
‘T’-এর মাধ্যমে তিনি সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল, শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তোলার আহ্বান জানান।
২. R – Raising Talent (যৌথভাবে দক্ষ মানবসম্পদের বিকাশ)
‘R’-এর মাধ্যমে তিনি বন্ধুভাবাপন্ন ও সহযোগী দেশগুলির সঙ্গে যৌথভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি দ্বৈত ডিগ্রি (Dual Degree) পাঠ্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্বের পক্ষে তাঁর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। অ্যামিটি বিশ্ববিদ্যালয় এবং তার নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, নেদারল্যান্ডসে বিশ্ববিদ্যালয়টির বিশাল ক্যাম্পাস পরিদর্শনের ইচ্ছা তাঁর দীর্ঘদিনের ছিল, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, মিশরের একটি বৃহৎ গোষ্ঠী ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে মিশরে সম্প্রসারিত করার লক্ষ্যে অ্যামিটি বিশ্ববিদ্যালয়-সহ ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। এই উদ্যোগকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিগত বছরগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাগত ও মানবসম্পদ-সংক্রান্ত অংশীদারিত্ব গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয়কে ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করার জন্য তিনি ইতিমধ্যেই কাজ করছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের তাদের শিক্ষাক্রমের অংশ হিসেবে ভারতকে বিবেচনা করার আহ্বান জানান।
শ্রীগোয়েল বলেন, আগামী দিনে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিই ক্রমবর্ধমানভাবে বিশ্ব অর্থনৈতিক বিকাশের নেতৃত্ব দেবে। উন্নত দেশগুলির শিক্ষার্থীরা ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে উন্নয়নশীল দেশগুলির সংস্কৃতি, সামাজিক কাঠামো ও কর্মপদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন। ভবিষ্যতে নিজেদের দেশ, অর্থনীতি, কর্মক্ষেত্র ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আরও কার্যকর অবদান রাখার ক্ষেত্রে এই অভিজ্ঞতা তাঁদের সহায়ক হবে।
৩. U – Unlocking Bharat Beyond Metros (মহানগরের বাইরেও ভারতের সম্ভাবনার উন্মোচন)
‘U’-এর মাধ্যমে শ্রী গোয়েল মহানগরগুলির বাইরেও ভারতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের সুফল দেশের নির্দিষ্ট কয়েকটি অঞ্চল বা শহরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে পূর্ব ও উত্তর ভারতে, সুষম উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। কয়েক দশক ধরে এই অঞ্চলগুলি উন্নয়নের ক্ষেত্রে তাদের প্রাপ্য গুরুত্ব ও সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
শ্রী গোয়েল বলেন, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে পরিকাঠামো, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ, ইনকিউবেশন সেন্টার এবং মানসম্মত শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে শিল্প ও বিনিয়োগ নিয়ে যাওয়ার জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একইভাবে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন ও উন্নয়নের সাক্ষী হয়েছে।
৪. S – Speaking Candidly (খোলামেলা ও স্পষ্টভাবে মতবিনিময়)
‘S’-এর মাধ্যমে মন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের মধ্যে খোলামেলা ও স্পষ্টভাবে আলোচনা করার আহ্বান জানান। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তাঁরা যেসব প্রতিবন্ধকতা, সমস্যা ও অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেগুলি নির্দ্বিধায় তুলে ধরার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের সহায়তা করা, তাঁদের সমস্যার সমাধান করা এবং ব্যবসার পরিধি বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছতে সাহায্য করার জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রস্তুত রয়েছে।
৫. T – Tracking Outcomes (উদ্যোগের ফলাফল পর্যবেক্ষণ ও দায়বদ্ধতা নিশ্চিত করা)
শেষ ‘T’-এর মাধ্যমে শ্রী গোয়েল প্রতিটি উদ্যোগের ফলাফল নিয়মিত পর্যবেক্ষণ এবং যথাযথ দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি IACC-কে সরকারের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করার, প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে জবাবদিহির আওতায় আনার এবং সরকারের কার্যক্রমের মূল্যায়ন করার আহ্বান জানান। একই সঙ্গে সরকার ও শিল্পমহলকে একযোগে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন, যাতে একটি উন্নত ভবিষ্যৎ এবং আরও শক্তিশালী ভারত-মার্কিন অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব হয়। IACC-র আঞ্চলিক চেম্বারগুলি যে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে, তার প্রশংসা করে শ্রীগোয়েল, সংগঠনের পাশাপাশি এর বিভিন্ন আঞ্চলিক চেম্বার ও সদস্যদের ভবিষ্যতের সমস্ত উদ্যোগ ও কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।
SC/SD/SKD