প্রকাশিত:
17 NOV 2026 3:32PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৭ নভেম্বর ২০২৬
গণতান্ত্রিক প্রতিষ্ঠানে মহিলাদের আরও প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। বেঙ্গালুরুতে ভারত এবং তার আশপাশের অঞ্চলের মহিলা সাংসদদের প্রথম কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেছেন, ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম অনুযায়ী লোকসভা এবং প্রাদেশিক আইনসভা গুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব অবশ্যই রূপায়িত হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী এবং সংবেদনশীল করে তুলতে এই বিষয়টি প্রাথমিক এক শর্ত বলে তিনি মনে করেন।
মহিলা জনপ্রতিনিধিরা যাতে আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, সেজন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কথা বলেছেন লোকসভার অধ্যক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে তাঁদের আরও সড়গড় করে তুলতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। লোকসভার অধ্যক্ষ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তি সামাজিক জীবনের চালচিত্র বদলে দিচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুচিন্তিত প্রয়োগ প্রশাসনিক কাজকর্মে আরও স্বচ্ছতা ও গতি আনতে পারে।
স্বাধীনতা সংগ্রাম থেকে দেশ গঠন- মহিলাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে লোকসভার অধ্যক্ষ বলেন, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, ব্যবসায়িক উদ্যোগ, খেলাধুলো, প্রতিরক্ষা ক্ষেত্র, রাজনীতি- সব পরিসরেই আজ মহিলারা প্রথম সারিতে থেকে কাজ করছেন। প্রযু্ক্তি এবং ডিজিটাল বিভিন্ন মঞ্চ তাঁদের আর্থ সামাজিক ক্ষমতায়নে বিশেষ ভূমিকা নিয়েছে।
দু’দিনের এই সম্মেলন কমলওয়েলথ দেশগুলির মহিলা সাংসদদের অভিজ্ঞতা বিনিময়ের বড় একটি মঞ্চ হয়ে উঠবে বলে লোকসভার অধ্যক্ষ আশাপ্রকাশ করেছেন।
অনুষ্ঠানে ভারতে কমনওয়েলথ দেশগুলির মহিলা সাংসদদের সম্মেলনের চেয়ার পার্সন ডঃ দুগ্গাবতী পুরন্দেশ্বরী প্রমুখ ভাষণ দেন। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী ডি কে শিবাকুমার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ প্রমুখ।
এই সম্মেলনে ভারতের ১৩৫ জন মহিলা সাংসদ ও বিধায়ক অংশ নিচ্ছেন।
SC/SD/CS