পোস্ট করার দিনক্ষণ:
17 NOV 2026 8:16AM by PIB Agartala
নয়াদিল্লী, ১৭ নভেম্বর, ২০২৬: অরুণাচল প্রদেশের নামসাইয়ের গোল্ডেন প্যাগোডা (কংমু খাম)-এ ভগবান শাক্যমুনি বুদ্ধের পবিত্র স্মৃতিধাতু প্রদর্শনীতে ভক্তদের ব্যাপক সাড়া মিলেছে। প্রদর্শনীর প্রথম দু’দিন, অর্থাৎ ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬-এ ১২ হাজারেরও বেশি ভক্ত পবিত্র স্মৃতিধাতু দর্শন করেন। তাঁরা প্রার্থনা নিবেদন করেন, পবিত্র স্মৃতিধাতুর প্রতি শ্রদ্ধা জানান এবং ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন। এর আগে তাওয়াংয়ে ৩১ হাজারেরও বেশি এবং বোমডিলায় ৩৫ হাজারেরও বেশি ভক্ত এই প্রদর্শনী দর্শন করেছেন। ফলে ১৫ নভেম্বর ২০২৬-এর শেষ পর্যন্ত তিনটি প্রদর্শনীস্থল মিলিয়ে দর্শনার্থীর মোট সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রদর্শনী শুরু হওয়ার পর থেকেই নামসাই জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা গোল্ডেন প্যাগোডায় ভিড় জমাচ্ছেন। পবিত্র স্মৃতিধাতু দর্শনের জন্য ভক্তদের দীর্ঘ লাইন তাঁদের গভীর বিশ্বাস ও শ্রদ্ধারই প্রতিফলন। পাশাপাশি, এই বিপুল জনসমাগম সংশ্লিষ্ট অঞ্চলে বৌদ্ধ ধর্মের শিক্ষা ও ঐতিহ্যের সুদূরপ্রসারী প্রভাবকেও তুলে ধরছে।
অরুণাচল প্রদেশে ভগবান শাক্যমুনি বুদ্ধের পবিত্র স্মৃতিধাতু প্রদর্শনীর তৃতীয় তথা শেষ পর্যায় অনুষ্ঠিত হচ্ছে নামসাইয়ে। ৩১ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাজ্যের তিনটি স্থানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত ৩১ অক্টোবর ২০২৬ ঐতিহাসিক গাদেন নামগিয়াল লাতসে (তাওয়াং মঠ)-এ এই প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু-সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
৭ নভেম্বর তাওয়াংয়ে প্রদর্শনী শেষ হওয়ার পর পবিত্র স্মৃতিধাতু নিয়ে যাওয়া হয় বোমডিলার থুবচোগ গাৎসেল লিং (টিজিএল) মঠে, যা লোয়ার গোম্পা নামেও পরিচিত। সেখানে ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ছ’দিন ধরে চলে প্রদর্শনী।

১৪ নভেম্বর ২০২৬ নামসাইয়ে এসে পৌঁছয় পবিত্র স্মৃতিধাতু। সেখানে ধর্মীয় রীতি মেনে সেগুলিকে স্বাগত জানানো হয় এবং গোল্ডেন প্যাগোডায় প্রতিষ্ঠা করা হয়। অরুণাচল প্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের (আইবিসি) মহাসচিব রাঘব প্রসাদ ভাটনগর। এছাড়াও রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষু এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাওয়াং, বোমডিলা ও নামসাইয়ে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমে অরুণাচল প্রদেশের বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্মৃতিধাতু দর্শনের সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে এক অভিন্ন বিশ্বাস ও ভক্তির বন্ধনে একত্রিত করেছে এই আয়োজন। পূর্ব অরুণাচল প্রদেশে থেরবাদী বৌদ্ধ ধর্মবিশ্বাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল গোল্ডেন প্যাগোডা, যা কংমু খাম নামেও পরিচিত। এই অঞ্চলের তাই খামতি, সিংফো-সহ বিভিন্ন সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁদের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করে আসছেন। তাঁদের মঠ, উৎসব, শিল্পকলা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান ভারতের বৌদ্ধ ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।
তাওয়াং ও বোমডিলা মহাযান এবং বজ্রযান বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের জন্য পরিচিত। অন্যদিকে, নামসাই থেরবাদী বৌদ্ধ ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই তিনটি স্থানে পবিত্র স্মৃতিধাতু প্রদর্শনীর আয়োজন অরুণাচল প্রদেশে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরেছে।
নামসাইয়ে আয়োজিত এই প্রদর্শনী পূর্ব অরুণাচল প্রদেশ, অসম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের ভক্তদের কাছে পবিত্র স্মৃতিধাতুর প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে, ভগবান বুদ্ধের জীবন ও তাঁর আদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগও করে দিয়েছে এই আয়োজন। ভক্তদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ এবং সুবিধাজনক দর্শনের ব্যবস্থা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র স্মৃতিধাতু দর্শনের সুবিধার্থে অঞ্চলভিত্তিক সময়সূচিও তৈরি করা হয়েছে।

সর্বসাধারণের দর্শনের সময়সূচি নিম্নরূপ:
| তারিখ |
নির্ধারিত এলাকার ভক্তবৃন্দ |
| ১৬ নভেম্বর ২০২৬ |
লাথাও সার্কেল ও নামসাই সার্কেল |
| ১৭ নভেম্বর ২০২৬ |
পিয়ং সার্কেল ও লেকাং সার্কেল |
| ১৮ নভেম্বর ২০২৬ |
চাংলাং, জয়রামপুর, বোর্ডুমসা, মিয়াও, দিয়ুন, তিরাপ ও লংডিং
|
১৯ নভেম্বর ২০২৬
|
মেচুকা, টুটিং, গেলিং, তেজু, আঞ্জাও (মেয়র), লোয়ার দিবাং ভ্যালি এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা
|
২০ নভেম্বর ২০২৬
|
অসম ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের ভক্তবৃন্দ। পাশাপাশি, আগের দিনগুলিতে যাঁরা দর্শন করতে পারেননি, তাঁরাও এই দিন দর্শনের সুযোগ পাবেন।
|
ভক্তদের নির্ধারিত সময়সূচি মেনে চলার পাশাপাশি জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এর ফলে দর্শনার্থীদের যাতায়াত সুশৃঙ্খল রাখা এবং নির্বিঘ্নে পবিত্র স্মৃতিধাতু দর্শনের ব্যবস্থা করা সম্ভব হবে।
অরুণাচল প্রদেশে প্রদর্শিত ভগবান শাক্যমুনি বুদ্ধের পবিত্র স্মৃতিধাতুগুলি নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার পিপরাহওয়া থেকে এই স্মৃতিধাতুগুলি উদ্ধার করা হয়েছিল। প্রাচীন কপিলাবস্তু এবং ভগবান বুদ্ধের শাক্য বংশের ঐতিহ্যের সঙ্গে এই স্থানটি সম্পর্কিত।
ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং আধ্যাত্মিক দিক থেকে এই স্মৃতিধাতুগুলির গুরুত্ব অপরিসীম। এগুলি ভারতের বৌদ্ধ ঐতিহ্যের অন্যতম মূল্যবান সম্পদ।
ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর থেকেই পবিত্র স্মৃতিধাতু পূজার্চনার ঐতিহ্যের সূচনা হয়। তাঁর স্মৃতিধাতুগুলি বিভিন্ন স্তূপে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী সময়ে এই স্তূপগুলি বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা ও ধর্মীয় উপাসনার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। দীর্ঘ ১৩ বছর পর অরুণাচল প্রদেশে ফিরেছে ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিধাতু। এই প্রদর্শনীর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিজেদের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক বিশেষ সুযোগ পেয়েছেন।
গোল্ডেন প্যাগোডার মেডিটেশন সেন্টারে দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালা এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের উদ্যোগে এই প্রদর্শনীগুলি অনুষ্ঠিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘আনআর্থিং দ্য সেক্রেড পিপরাহওয়া: দ্য স্টোরি অফ দ্য হলি বুদ্ধা রেলিকস অ্যান্ড দেয়ার ডিসকভারি’ শীর্ষক প্রদর্শনীতে পিপরাহওয়ার পবিত্র স্মৃতিধাতুর ইতিহাস ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। উত্তরপ্রদেশের পিপরাহওয়ায় এই স্মৃতিধাতুগুলির আবিষ্কার এবং পরবর্তী সময়ে সেখানে হওয়া প্রত্নতাত্ত্বিক খননকার্যের বিবরণও প্রদর্শনীতে স্থান পেয়েছে। পাশাপাশি, বৌদ্ধ ধর্মে স্মৃতিধাতু পূজার ঐতিহ্য এবং পবিত্র স্মৃতিধাতুগুলির আধ্যাত্মিক তাৎপর্যও তুলে ধরা হয়েছে।
এই প্রদর্শনীতে পিপরাহওয়ার মূল্যবান রত্নসম্ভারের বিস্ময়কর যাত্রাপথও তুলে ধরা হয়েছে। এক শতাব্দীরও বেশি সময় পর ২০২৫ সালে এই মূল্যবান সম্পদ ভারতে ফিরিয়ে আনা হয়। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে এই প্রত্যাবর্তন এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত।
দ্বিতীয় প্রদর্শনীটির শিরোনাম ‘ক্রসরোডস অফ ধম্মা: ক্লাসিক্যাল লেগ্যাসিজ, লিভিং আর্ট অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভস’। নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালার উদ্যোগে পরিকল্পিত এই প্রদর্শনীতে বৌদ্ধ ধর্মের সমৃদ্ধ শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। শিল্প, সংস্কৃতি এবং জীবন্ত ঐতিহ্যের উপর বৌদ্ধ ধর্মের শিক্ষা ও দর্শনের প্রভাবও এখানে প্রদর্শিত হয়েছে।
এই দুটি প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ভগবান বুদ্ধের জীবন ও তাঁর শিক্ষাদর্শ সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন। একইসঙ্গে, আগামী প্রজন্মের জন্য ভারতের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও রক্ষার গুরুত্ব সম্পর্কেও জনসচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে এই আয়োজন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার দেশের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা এবং প্রসারের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।
দেশের গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থানগুলিতে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা, আন্তর্জাতিক সম্মেলন এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রেও উৎসাহ জোগাচ্ছে কেন্দ্রীয় সরকার।
২০২৪ সালে পালি ভাষাকে ধ্রুপদি ভাষার মর্যাদা প্রদান বৌদ্ধ জ্ঞানচর্চা ও সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে, ২০২৫ সালে পিপরাহওয়ার মূল্যবান রত্নসম্ভার ভারতে ফিরিয়ে আনা দেশের বৌদ্ধ ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।
সাম্প্রতিক বছরগুলিতে মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, রাশিয়া, ভুটান এবং শ্রীলঙ্কায় ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিধাতুর প্রদর্শনীর আয়োজন ও সহযোগিতা করেছে ভারত। এই প্রদর্শনীগুলির মাধ্যমে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্মৃতিধাতুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন প্রান্তের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
চলতি বছরের শেষের দিকে লাদাখে ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিধাতুর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এর ফলে হিমালয় অঞ্চলের ভক্তরাও সর্বসাধারণের জন্য আয়োজিত দর্শনের মাধ্যমে পবিত্র স্মৃতিধাতুর প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ সুযোগ পান।
অরুণাচল প্রদেশে চলতি প্রদর্শনীও সেই উদ্যোগের ধারাবাহিকতা বহন করছে। এর মাধ্যমে উত্তর-পূর্ব হিমালয় অঞ্চলের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য এবং তা সংরক্ষণে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে।
ভগবান শাক্যমুনি বুদ্ধের পবিত্র স্মৃতিধাতুর এই প্রদর্শনী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাজার হাজার ভক্তের অংশগ্রহণ ভগবান বুদ্ধ এবং তাঁর শিক্ষার প্রতি মানুষের দীর্ঘদিনের অটুট বিশ্বাস ও শ্রদ্ধারই প্রতিফলন।
দুই সহস্রাব্দেরও বেশি সময় ধরে ভগবান বুদ্ধের শিক্ষা মানবজাতিকে শান্তি, করুণা, প্রজ্ঞা ও অহিংসার পথ দেখিয়ে আসছে। বর্তমান বিশ্বেও এই মূল্যবোধগুলির প্রাসঙ্গিকতা অপরিসীম।
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে অরুণাচল প্রদেশ সরকার, নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালা এবং নয়াদিল্লির ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের (আইবিসি) সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় আগামী ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সর্বসাধারণের জন্য পবিত্র স্মৃতিধাতু দর্শনের সুযোগ থাকবে। প্রদর্শনী শেষ হওয়ার পর ২১ নভেম্বর ২০২৬ পবিত্র স্মৃতিধাতুগুলি পুনরায় নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
*****
PS/SG